বগুড়ায় চারদলীয় জোট সরকারের সময়ে দারিদ্র্য বিমোচনের জন্য নেওয়া ছাগল পালন প্রকল্পটি ভেস্তে গেছে। বিতরণ করা ঋণের সিংহভাগ অর্থ দলীয়ভাবে ভাগ-বাটোয়ারা করে নেওয়ায় প্রকল্পের আর একটি ছাগলও চোখে পড়ছে না। প্রকল্পের অধীনে বিতরণ করা ৩৫ লাখ টাকাও অনাদায়ী রয়ে গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত চারদলীয় জোট সরকারের শাসনামলে দারিদ্র্য বিমোচনের জন্য ছাগল পালন প্রকল্প হাতে নেওয়া হয়। বগুড়ায় এই প্রকল্পের আওতায় কাদের ঋণ দেওয়া হবে এর একটি তালিকা তৈরি করা হয়। তালিকা করার সময় দলীয়করণের অভিযোগ উঠে। ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিন বছরে বগুড়া জেলায় এক হাজার ২৮৭ জন দরিদ্রের মধ্যে ৭২ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়। জেলা পশুসম্পদ বিভাগের মাধ্যমে দেওয়া ওই ঋণের টাকা ৩ শতাংশ সার্ভিস চার্জসহ ঋণ নেওয়ার ছয় মাস পর থেকে কিস্তির মাধ্যমে ফেরত দেওয়ার নিয়ম। কিন্তু এ পর্যন্ত মাত্র ৩৬ লাখ ৯৬ হাজার টাকা আদায় করা হয়েছে। অভিযোগ রয়েছে, যাঁদের জন্য প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল, প্রকৃতপক্ষে ঋণগ্রহীতাদের অধিকাংশই সে রকম দরিদ্র নন। প্রকল্পের বেশির ভাগ টাকা ওই সময় দলীয় সুপারিশে দলীয় নেতা-কর্মীদের পকেটেই গেছে।এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ধুনট উপজেলায় সর্বনিম্ন ১০ হাজার টাকা করে ১১১ জনের মধ্যে ছয় লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়। সেখানে এ পর্যন্ত আদায় হয়েছে মাত্র এক লাখ ৬১ হাজার টাকা।জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি এম এ তারেকের স্ত্রী জয়তুন সুলতানার নামে ২০০৪ সালের ৯ জুন ১৫ হাজার টাকা ঋণ তোলা হয়। মধ্যবিত্ত পরিবারের গৃহিণী জয়তুন সুলতানাকে হতদরিদ্র দেখিয়ে নেওয়া ওই ঋণের টাকায় ছাগল কেনা হয়নি। তা ছাড়া এ পর্যন্ত ঋণের একটি টাকাও পরিশোধ করা হয়নি। ওই একই ইউনিয়নের জামায়াতের কর্মী আবুল কালামের স্ত্রী শিরিনা আক্তারের নামে ১৫ হাজার টাকা নেওয়া হয়। তিনিও কোনো ছাগল পালন করেননি এবং ঋণের টাকাও ফেরত দেননি।ধুনট উপজেলা পশুসম্পদ অফিস সূত্রে জানা যায়, ঋণ যাঁরা নিয়েছেন, তাঁদের বেশির ভাগই ছাগল পালন করছেন না। তাঁরা সময়মতো কিস্তিও দিচ্ছেন না। একই অবস্থা জেলার সোনাতলাতেও। উপজেলার বিশুপাড়া এলাকার বাসিন্দা ছাত্রদলের নেতা হতদরিদ্র সেজে ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। তাঁর দেখাদেখি সোনাতলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হায়দারও সুযোগটি হাতছাড়া করেননি। তিনিও দলীয় সুপারিশে ঋণ নিয়ে ছাগল পালন না করে পুরো টাকা পকেটে তুলেছেন। তিনিও এ পর্যন্ত একটি টাকা পরিশোধ করেননি বলে সোনাতলা উপজেলা পশুসম্পদ কর্মকর্তা জানিয়েছেন।ঋণ আদায়ে সবচেয়ে শোচনীয় অবস্থা জেলার পশ্চিমাঞ্চলের দুপচাঁচিয়া উপজেলায়। সেখানে বিতরণ করা ঋণের মাত্র ১৭ শতাংশ আদায় হয়েছে। জেলা পশুসম্পদ কর্মকর্তা নুরুন নবী এ খাতে দুরবস্থার কথা স্বীকার করে বলেন, যাঁদের ঋণ দেওয়া হয়েছে, তাঁরা নিয়মিত কিস্তি পরিশোধ না করায় প্রকল্পটির অগ্রগতি নেই। ঋণখেলাপিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পশুসম্পদ কর্মকর্তা আরও বলেন, ঋণগ্রহীতারা ছাগল পালন করছেন কি না জনবলের অভাবে মাঠপর্যায়ে গিয়ে সে খোঁজও নেওয়া সম্ভব হচ্ছে না।