ঋত্বিক ঘটকের জন্মবার্ষিকী
চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর ‘ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি’ রাজশাহীতে তাঁর পৈতৃক বাড়িতে গতকাল রোববার বিকেলে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে। এতে রয়েছে আলোচনা সভা, ঋত্বিক সম্মাননা প্রদান ও তাঁর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী।কথাসাহিত্যিক হাসান আজিজুল হক অনুষ্ঠানের উদ্বোধন করেন, সভাপতিত্ব করেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির। আলোচক ছিলেন অধ্যক্ষ তসিকুল ইসলাম, কবি-চলচ্চিত্র নির্মাতা দিলদার হোসেন সাব্বির চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন।অনুষ্ঠানে বক্তারা ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িতে যে হোমিওপ্যাথিক কলেজ করা হয়েছে তার নাম ঋত্বিক ঘটক হোমিওপ্যাথিক কলেজ করা ও তাঁর নামে একটি ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলার দাবি জানান। আলোচনা শেষে ঋত্বিক ঘটকের অযান্ত্রিক ছবিটি প্রদর্শন করা হয়।