ঋষিজের আলতাফ আলী হাসু স্মরণ
গান, আলোচনা আর পদক প্রদানের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা, গীতিকার, ছড়াকার ও ঋষিজ শিল্পীগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক আলতাফ আলী হাসুকে স্মরণ করল ঋষিজ।২ মার্চ ছিল গুণী এই ব্যক্তিত্বের ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ঋষিজ শিল্পীগোষ্ঠী গতকাল সোমবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্তমঞ্চে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ বছরের ‘আলতাফ আলী হাসু স্মৃতিপদক’ দেওয়া হয় বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হককে। অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজ আহ্মদ, আলমগীর কুমকুম ও হুমায়ুন ফরীদির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ।ঋষিজের শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় উদ্বোধনী সংগীত ‘এই সমাধিতলে কত প্রাণপ্রদীপ জ্বলে’। অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ মফিদুল হকের হাতে পদক তুলে দেন। এরপর তাঁকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং মানপত্র ও সম্মাননার অর্থমূল্য ১০ হাজার টাকা তাঁর হাতে তুলে দেওয়া হয়। মফিদুল হক এই সম্মাননার অর্থমূল্য আলতাফ আলী হাসুর নামে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মাণে দান করার ঘোষণা দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন ঋষিজের সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীর। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সমর বড়ুয়া। বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানান।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল গণসংগীত। দলীয় সংগীত পরিবেশন করে ক্রান্তি, ঋষিজ ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গেয়ে শোনান ‘মুক্তির মন্দিরও সোপানতলে কত প্রাণ হলো বলিদান’, ‘লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে’ ও ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল’। এ ছাড়া ঋষিজের দলীয় পরিবেশনার সঙ্গে আলতাফ আলী হাসুর লেখা কয়েকটি গান একক কণ্ঠে পরিবেশন করেন ফকির আলমগীর।