এ আগুন ছড়িয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ আগুন ছড়িয়ে গেল সবখানে।’তিন দিন আগে শাহবাগ মোড়ে কাদের মোল্লার ফাঁসির দাবিতে প্রতিবাদের যে আগুন প্রজ্বালিত হয়েছে, গতকাল বইমেলায়ও তার বিস্তার দেখা গেল। টানা দুই দিনের হরতাল শেষে বইমেলায় যতটা ভিড় লাগবে বলে ধারণা করা হয়েছিল, ততটা হলো না। তবে লোকসমাগম কম হলেও লোকের মুখে মুখে ছিল এক আলোচনা—তাঁরা জানতে চাইছিলেন আন্দোলন সম্পর্কে।আলোচনাটায় যেন মাত্রা যোগ করতেই বিকেল পাঁচটার খানিক আগে সম্মিলিত সাংস্কৃতিক জোট মিছিল নিয়ে চলে গেল বইমেলার সামনের রাস্তা দিয়ে। মিছিলে ছিল বিশাল জাতীয় পতাকা। নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, হাসান আরিফ, আহ্কামউল্লাহসহ আরও অনেকেই ছিলেন মিছিলে। জানতে চাইলে আহ্কামউল্লাহ বলেন, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে তাঁদের এই মিছিল।মিছিল চলে যাওয়ার একটু পরে বাংলা একাডেমীর বটতলা চত্বরে গিয়ে শোনা গেল একই আলোচনা। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়: চেতনার বাতিঘর শীর্ষক বইয়ের লেখক সৌমিত্র শেখর তাঁর বক্তব্যে বলছিলেন আন্দোলন-সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের কথা। তিনি বললেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের সামনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকেরা যোগ দিয়েছেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে পরিচালিত আন্দোলনে।মেরিট ফেয়ার প্রকাশিত সৌমিত্র শেখরের বইটির মোড়ক উন্মোচন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন।অদূরে জয়নুল আবেদীনের চিত্রগুপ্তের খাতা নামে অন্য একটি বইয়ের মোড়ক উন্মোচন করতে এসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। পরে আলাপচারিতায় কাদের মোল্লার ফাঁসির দাবিতে চলমান আন্দোলন নিয়ে মন্তব্য চাওয়া হলে বললেন, ‘আমার দল এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ব্যক্তিগতভাবে আমার বলার কিছু নেই।’কাদের মোল্লার ফাঁসির দাবিতে চলমান আন্দোলন নিয়ে অনেক কথা বললেন জনপ্রিয় কথাশিল্পী আনিসুল হক। তাঁর মতে, ‘এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্ম প্রমাণ দিল, তারা কেবল ফেসবুকেই বসে থাকে না, প্রয়োজনে মাঠেও নামে।’ তাঁর সঙ্গে কথা হয় প্রথমা প্রকাশনের স্টলে। তিনি সন্ধ্যার পর ওই স্টলে অটোগ্রাফ দিচ্ছিলেন অনুরাগীদের বাড়িয়ে দেওয়া বইয়ে। প্রথমা থেকে মাত্র আগের দিন এসেছে তাঁর উপন্যাস উষার দুয়ারে। বিক্রয়কর্মীরা জানালেন, গত বছর প্রকাশিত আনিসুল হকের যারা ভোর এনেছিল উপন্যাসের দ্বিতীয় পর্ব উষার দুয়ারে এরই মধ্যে পাঠকের মনোযোগের কেন্দ্রে চলে এসেছে। প্রথমা থেকে মেলায় এসেছে ফেদেরিকো গারসিয়া লোরকার কবিতার অনুবাদ রক্ত ও অশ্রুর গাথা। কবি সাজ্জাদ শরিফের প্রাঞ্জল অনুবাদে, অন্তর্দৃষ্টিময় ভূমিকায় ও বিশদ তথ্যে এ বই লোরকাকে তুলে ধরেছে পূর্ণতর এক আয়োজনে।গতকালই মেলায় এসেছে ফ্রানৎস কাফকার গল্পসমগ্র। পাঠক সমাবেশ প্রকাশিত এ বইয়ের গল্পগুলো অনুবাদ করেছেন এবং ভূমিকা ও পাঠ পর্যালোচনা লিখেছেন মাসরুর আরেফিন। বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুজ্জামান। নতুন বই: বইমেলার সপ্তম দিনে গতকাল এসেছে ৯০টি নতুন বই। বাংলা একাডেমীর জনসংযোগ বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, এ নিয়ে মেলায় সব মিলিয়ে বই এসেছে ৪৯০টি। সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধের বই পার হতে সংশয় শুদ্ধস্বর, মনসুর মুসার শিক্ষা ভাষা ও ভাষা শিক্ষা নবযুগ প্রকাশনী, মাহফুজ উল্লাহর পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন: গৌরবের দিনলিপি অ্যাডর্ন পাবলিকেশন্স, পূরবী বসুর প্রাচ্যে পুরাতন নারী অবসর, মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র: ৫ প্রতীক, মঈনুল আহসান সাবেরের উপন্যাস প্রেম ও প্রতিশোধ দিব্যপ্রকাশ, মোহিত কামালের উপন্যাস মরুঝড়, মোস্তফা মামুনের উপন্যাস মন্টু থিয়েটার বিদ্যাপ্রকাশ, খালেদ হোসাইনের কাব্যগ্রন্থ কবির ব্রত আছে, তাকে বিব্রত করো না অনিন্দ্য প্রকাশ, আন্দালিব রাশদীর ইডিপাস কমপ্লেক্স ও অন্যান্য প্রবন্ধ নালন্দা, প্রভাষ আমিনের স্বাধীনতা আমার ভালো লাগে না ঐতিহ্য, ফাতেমা আবেদীন নাজলার গল্পগ্রন্থ ছায়া খুঁজে ফিরি জাগৃতি, ফাহমিদুল হকের চলচ্চিত্র সমালোচনা আগামী প্রকাশনী মেলায় নিয়ে এসেছে।মেলামঞ্চে: গতকাল মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘কমল দাশগুপ্ত: জন্মশতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন করুণাময় গোস্বামী। রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আ বা ম নুরুল আনোয়ার ও খায়রুল আলম সবুজ।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডালিয়া নওশিন, মাসুদা নার্গিস আনাম, জাহিদ হাসান, নাসিমা শাহীন, সুমন মজুমদার, বিজন চন্দ্র মিস্ত্রী ও শারমিন সাথী ইসলাম। আবৃত্তি পরিবেশন করে প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন।আজকের অনুষ্ঠান: আজ সকাল সাড়ে আটটায় রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেল চারটায় মূল মঞ্চে ‘হবীবুল্লাহ বাহার চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ পড়বেন মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন সৈয়দ আনোয়ার হোসেন, মোরশেদ শফিউল হাসান ও ইসরাইল খান। সভাপতিত্ব করবেন আহমদ রফিক।শিশুপ্রহর: শিশুদের অভিভাবকসহ স্বাচ্ছন্দ্যে বই কেনার সুবিধা করে দেওয়ার জন্য আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। এরপর আবার ৯, ১৫ ও ২২ ফেব্রুয়ারিতেও সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর।