এ আর রহমানের দৃষ্টিতে সেরা ইমন সাহা
উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক ও কেএম মিউজিক কনজারভেটরি কলেজের অধ্যক্ষ এ আর রহমানের দৃষ্টিতে সেরা হয়েছেন বাংলাদেশের সংগীত পরিচালক ইমন সাহা। ৫ অক্টোবর কলেজটির নিজস্ব ওয়েবসাইটে দেওয়া হয়েছে গত চার বছরে (শুরু থেকে এ পর্যন্ত) এই কলেজে পড়ুয়া ছাত্রদের মধ্যে সাফল্যের বিচারে কে সবচেয়ে এগিয়ে? বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রদের পেছনে ফেলে প্রথম এবং একমাত্র ছাত্র হিসেবে উঠে এসেছে ইমন সাহার নাম। কেএম মিউজিক কনজারভেটরির নিজস্ব ওয়েবসাইটে ‘সাকসেস স্টোরিস’ নামে নতুন একটা পেজ খোলা হয়েছে। সেই পেজেই শোভা পাচ্ছে এই বাংলাদেশি শিল্পী ও সংগীত পরিচালক ইমন সাহার সাফল্যের গল্প। সাকসেস স্টোরিটা সাজানো হয়েছে ইমন সাহার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সাড়ে ৭০০ থেকে ৮০০ শব্দের গল্প নিয়ে। পুরো বিষয়টি নিয়ে দারুণ আনন্দিত ইমন সাহা। তিনি বলেন, ‘এই অর্জন আমার নয়। গোটা বাংলাদেশের। এই অর্জনের পর কলেজটিতে পড়ুয়া শিক্ষার্থীসহ দেশ-বিদেশের অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছেন। এটা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য উত্সাহ জোগাবে।’ইমন সাহা আরও বলেন, ‘বর্তমানে আমি নতুন কজন শিল্পী নিয়ে একটি অ্যালবামের কাজ করছি। আর এটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত এই সংগীত পরিচালক। মজার ব্যাপার হচ্ছে, কেএম মিউজিক কনজারভেটরি কলেজের অধ্যক্ষ এ আর রহমান।২০০৯-১০ শিক্ষাবর্ষে চেন্নাইয়ের এই কলেজ থেকে ধ্রূপদী সংগীতের ওপর এক বছরের কোর্স করেন তিনি। তবে এবার এই কলেজটি থেকে অন্য রকম এ সম্মান পেলেন তিনি।