দুই পাশে চায়ের বাগান পেরিয়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার পর মৌলভীবাজার। এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলি। হুঁশ ফিরে আসে গাড়ি ব্রেক করায়। দরজা খুলতেই চোখ পড়ে বাগানে। ফুটে আছে রাশি রাশি সূর্যমুখী ফুল। সূর্যের মতোই তার সৌন্দর্য ছড়াচ্ছে চারদিকে। শাহ আবদুল করিম, হাসন রাজার স্মৃতিধন্য জনপদ, প্রথম দর্শনেই মুগ্ধ করল আমাদের। মৌলভীবাজার সরকারি কলেজের ফটক দিয়ে ঢুকলে যে কারও নজরে পড়বে এ দৃশ্য। একটু ঘাড় ঘুরিয়ে দেখলেই ডান পাশে শহীদ মিনার ও বাম পাশে অডিটরিয়াম। যা তখন কানায় কানায় পূর্ণ। বাংলা ভাষাপ্রেমী শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত। সবাই এসেছে ভাষার টানে, ভাষা প্রতিযোগে অংশ নিতে।১৫ মার্চ, শুক্রবার। এইচএসবিসি-প্রথম আলো নবম ভাষা প্রতিযোগের প্রথম আসর বসেছে এখানে। সকাল সোয়া ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা মৌলভীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমিনুর রহমান। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক।ঘড়িতে কাঁটায় ঠিক সাড়ে ১০টায় শুরু হয় বাংলা ভাষায় মেধা যাচাই পরীক্ষা। যার জন্য নির্ধারিত সময় ছিল ৩০ মিনিট। এ সময়ের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীর হাতে নাশতা ও সনদ তুলে দেন মৌলভীবাজার বন্ধুসভার বন্ধুরা। পরীক্ষার হলের বিচিত্র দৃশ্য। হাসি, কান্না, অভিমান, হতাশা—কী ছিল না! ছিল অপেক্ষাও। তবে সেটা শিক্ষার্থীদের নয়, অভিভাবকদের। তাঁরা অধীর আগ্রহে বসে ছিলেন, কখন তাঁর সন্তান পরীক্ষা দিয়ে বের হবে। তাঁদের সন্তান বাংলা ভাষাকে মনের মধ্যে গেঁথে নেবে, সে জন্য তাদের এই অপেক্ষা।পরীক্ষা শেষ। খুশিতে আত্মহারা সবাই। সবাই ছুটল অডিটরিয়ামের দিকে। মুহূর্তেই কানায় কানায় পূর্ণ অডিটরিয়াম। কারণ, সেখানে অপেক্ষা করছে তাদের সবচেয়ে আকর্ষণীয়, প্রশ্নোত্তর পর্ব। অন্ধকার অডিটরিয়াম মুহূর্তে আলোকিত হয়ে যায়। হাততালিতে মুখরিত পরিবেশ। বাতাসে আনন্দের জোয়ার। মঞ্চে দেখা মেলে অতিথি শিক্ষকদের। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও ভাষা প্রতিযোগের সমন্বয়কারী তারিক মনজুর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান বিনয় বর্মণ, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা ও মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আবদুল খালিক। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রথম আলোর বার্তাকক্ষ ব্যবস্থাপক অরুণ বসু। তাঁর মনোমুগ্ধকর আবৃত্তিতে দর্শকসারি শান্ত হয়ে যায়। শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। ভালো প্রশ্নের জন্য ছিল বই পুরস্কার।তারিক মনজুর ঘোষণা করেন, এ বছর শিক্ষার্থীদের প্রশ্ন এবং শিক্ষকদের উত্তর একত্র করে বই আকারে বের করা হবে। এ জন্য প্রশ্নকর্তাদের নিজের নাম, শ্রেণী ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লিখে জমা দিতে বলা হয়। কিছু প্রশ্ন সত্যি অসাধারণ! ‘বাংলা আমার মায়ের ভাষা, বাবার ভাষা না কেন?’ ‘বাংলা ভাষা কেন অপরিবর্তিত হবে না?’ ‘ং’ ও ‘ঙ’-এর উচ্চারণের মধ্যে পার্থক্য কী?’ সব প্রশ্নের সহজ উত্তর দিয়েছেন শিক্ষকেরা। বর্ণালি তালুকদার নামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী প্রশ্ন করার জন্য দোতলা থেকে দৌড়ে নেমে আসে অডিটরিয়ামের নিচতলায়। প্রশ্ন করে, ‘আমাদের জাতীয় সংগীতে কিসের কথা বেশি বলা হয়েছে?’ নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দেয়। হাসির রোল পড়ে যায়। এতে এক মুহূর্তের জন্য আনন্দের ঢেউ দোলা দিয়ে যায় সবার মধ্যে। কিন্তু তার এই আগ্রহ সবাইকে অনুপ্রাণিত করে। অনুষ্ঠান কিছুক্ষণের জন্য বন্ধ। দুপুরের খাবারের বিরতি। বিরতির পর শিক্ষার্থীদের গান ও আবৃত্তিতে জমে ওঠে অডিটরিয়াম। অনুষ্ঠানের সঞ্চালক এক মুহূর্তের জন্য মঞ্চ ছেড়ে দিলেন ছোট শিক্ষার্থীদের গান ও আবৃত্তি করার জন্য। প্রাণ ফিরে পেল অনুষ্ঠান। পঞ্চম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান শোনাল শাহ আবদুল করিমের গান। তাতে মন-প্রাণ জুড়িয়ে গেল। গান হলো, আবৃত্তি হলো, হলো আরও কিছু প্রশ্নোত্তর। অনুষ্ঠানের একপর্যায়ে সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এইচএসবিসির করপোরেট সাসটেইনেবেলিটি বিভাগের ব্যবস্থাপক আবদুল্লাহ আল জুবায়ের। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন মৌলভীবাজার বন্ধুসভার বন্ধুরা। বন্ধুসভার পক্ষ থেকে অপূর্ব সোহাগ ও প্রথম আলোর পক্ষ থেকে মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রশ্নোত্তরের ঘূর্ণিপাকে যখন সবাই ঘুরছিলেন, তখন মঞ্চে এলেন ক্লোজআপ-ওয়ান শিল্পী পুলক অধিকারী। নিজের লেখা ও সুর করা ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’ গানসহ পাঁচটি গান করেন। পুলকের গানে পুলকিত সবাই। গানের জোয়ারে ভাসতে ভাসতে সবাই পৌঁছে যায় সেই বুক ধকধক করা মুহূর্তে। চার বিভাগের ফলাফল প্রকাশের মধ্য দিয়ে শেষ হয় নবম ভাষা প্রতিযোগের প্রথম আসর। বিজয়ীদের সম্মাননা ও টি-শার্ট পরিয়ে দেওয়া হয়। লাল টকটকে আলো ছড়াচ্ছে মঞ্চে। এ আলো বিজয়ী শিক্ষার্থীদের, যে আলোর পথ দেখাচ্ছে এইচএসবিসি ও প্রথম আলো। এ আলো ছড়িয়ে পড়ুক সবখানে, এ প্রত্যাশায় শেষ হয় অনুষ্ঠান।