‘টাকার পিছনে ছুটিয়ো না, দরিদ্রদের সেবা দিয়ো। তোমার জানা কেউ যেন টাকার অভাবে বিনা চিকিত্সায় অন্ধ হয়ে না যায়। এ চেষ্টা করে যেয়ো।’ পাস করার পর প্রিয় শিক্ষকের এ উপদেশ অনুসরণ করে চলেছেন ৭৩ বছর বয়সী চক্ষু চিকিত্সক ডা. আয়াজ উদ্দীন। এ বয়সেও তারুণ্যের প্রাণশক্তি নিয়ে দরিদ্র চক্ষু রোগীদের সেবা দিয়ে চলেছেন তিনি। নিজের পয়সা খরচ করে প্রতি মাসে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ এসে সাত থেকে দিন থাকেন এবং বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ কমিটির, চাঁপাইনবাবগঞ্জ শাখা কর্তৃক পরিচালিত চক্ষু চিকিত্সা ও পরিচর্যা কেন্দ্রে চক্ষু রোগীদের চিকিত্সাসেবা দিয়ে থাকেন। পাশাপাশি স্বপ্ন দেখেন চাঁপাইনবাবগঞ্জ সদরে একটি আধুনিক চক্ষু হাসপাতাল গড়ে তোলার। সেই লক্ষ্য নিয়ে অন্ধকল্যাণ সমিতির চক্ষু চিকিত্সা ও পরিচর্যা কেন্দ্রের অবৈতনিক পরিচালক হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে চলেছেন তিনি। এই চিকিত্সাকেন্দ্র একদিন পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ নেবে এটা দৃঢ়ভাবে বিশ্বাসও করেন ডা. আয়াজ উদ্দীন। পূর্ণাঙ্গ হাসপাতাল এরই মধ্যে প্রাথমিক ধাপ অতিক্রম করেছে। ১৫ জানুয়ারি শহরের বালিগ্রাম এলাকায় হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী খাদেমুল ইসলাম জানান, ৩০ শয্যা বিশিষ্ট চক্ষু হাসপাতাল নির্মাণে ব্যয় হবে ৬ কোটি ৪২ লাখ টাকা।তিনি আরও জানান, ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা গঠিত হয়। এর পর সমিতির আজীবন সদস্য হয়ে এর উন্নয়নের জন্য নানা ভাবে সহায়তা দিয়ে আসছেন ডা. আয়াজ উদ্দীন। ঢাকা থেকে আসা যাওয়ার বাস ভাড়া আমরা জোর করে তারা পকেটে গুজে দিতে চাইলেও বিনয়ের সঙ্গেই তিনি তা ফিরিয়ে দেন। ২০০২ সালে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল নির্মাণের জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা দেড় বিঘা জমি হাসপাতালের জন্য দান করেন। ২০০৩-২০০৪ অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয় চক্ষু অপারেশনের যন্ত্রপাতি কেনার জন্য এককালীন দেড় লাখ টাকা দেন। এরপর থেকে মন্ত্রণালয় কর্তৃক প্রতিবছর হাসপাতালের জন্য সাধারণ মঞ্জুরি দেওয়া হচ্ছে। ২০০৮-২০০৯ অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয় চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের জন্য দিয়েছে সাড়ে চার লাখ টাকা। এসব টাকা দিয়ে অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা কর্তৃক পরিচালিত চক্ষু চিকিত্সা ও পরিচর্যা অর্থাত্ প্রাথমিক চক্ষু হাসপাতালের একজন এমবিবিএস চিকিত্সক, নার্সসহ প্রয়োজনীয় কর্মচারীর বেতন ভাতা ও যন্ত্রপাতি কেনা হয়েছে। চলছে স্বল্প মূল্যে চক্ষু রোগীদের চিকিত্সা এবং জেলার বিভিন্ন গ্রাম ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম। আর চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের অবৈতনিক পরিচালক হিসেবে এগুলো সুচারুরূপে ডা. আয়াজ উদ্দীন ৭৩ বছর বয়সেও পরিচালনা করে আসছেন। আমাদের বিশ্বাস একদিন পূর্ণাঙ্গ হাসপাতালও প্রতিষ্ঠিত হবে। কেননা, সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে হাসপাতালটির প্রকল্পপ্রস্তাব পরিকল্পনা কমিশনের বিবেচনাধীন রয়েছে। ডা. আয়াজ উদ্দীনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৬৪ সালে রাজশাহীর মেডিকেল কলেজ থেকে পাস করে ১৯৬৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি চাকরিতে যোগ দেন। এরপর ময়মনসিংহ, মিডফোর্ড ও সলিমুল্লার মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু চিকিত্সক হিসেবে দায়িত্ব পালন করেন। শেষে ঢাকার পিজি হাসপাতালের পরিচালক হিসেবে ১৯৯৩ সালে সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। এরপর ওএসবি চক্ষু হাসপাতালেও কাজ করেন। সরকারি চাকরিকালীন ১৯৭৪ সালে তিনি আমেরিকার কর্নিয়াল টিচিং প্রোগ্রামের অধীনে মাইক্রো সার্জারিতে প্রশিক্ষণ নিয়ে শতাধিক কর্নিয়া সংযোজন অপারেশন (ক্যারাটোপ্লাস্ট) অপারেশন করেন। তিনিই বাংলাদেশে প্রথম একজন বিদেশিনীর (এলিজাবেথ ওব্রায়েন) দান করা চক্ষু প্রতিস্থাপন করেন এক বাংলাদেশির চোখে। ৯ সেপ্টেম্বর ১৯৭৪ সালে এ ঘটনাটি ইসলামিয়া চক্ষু হাসপাতালের স্মৃতিতে এখনো উজ্জ্বল হয়ে আছে। তখন তিনি এ হাসপাতালে চক্ষু বিভাগে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি অস্ট্রিয়া, আমেরিকা, লন্ডন, জার্মান, বুদাপোস্ট, জেনেভা প্রভৃতি দেশে ও সৌদিআরবের একটি রাজকীয় সরকারি হাসপাতালে চক্ষু চিকিত্সাসংক্রান্ত নানা সম্মেলন ও সেমিনারে অংশ গ্রহণ করেন। তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কর্নিয়াল ফেলো মেডিকেল কলেজের ছাত্রাবস্থায় পূর্ব পাকিস্তান সরকারের মেরিট স্কলারশিপের আওতায় স্বর্ণ ও রোপ্যপদক লাভ করেন। এছাড়াও তিনি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সম্মানজনক পদ লাভ করেন।