এ ক দি ন হ ঠা ৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসবন্দীনগরের সড়কে প্রায়ই বেসামাল হয়ে পড়েন বাসচালকেরা। তাই কখনো বাস মেরে বসে কার, রিকশা, অটোরিকশার মতো যানকে। আবার কখনো বাস উঠে যায় ফুটপাত কিংবা সড়ক বিভাজকে। মিরপুর-১১ নম্বর সেকশনে দেখা মিলল বেসামাল এক চালকের কাণ্ড। বিহঙ্গ পরিবহন লিমিটেডের এই বাসটি ফুটপাতে উঠে যায়নি, কিংবা বিভাজকেও বাঁকা হয়ে বসে নেই। সেটির ছাদ আটকা পড়েছে যাত্রীছাউনির একটি বিমে। বিমের ফাঁদে পড়া বাসকে কোনোভাবেই মুক্ত করতে পারছেন না চালক। তাই দেখে যাত্রীরা নেমে পড়ল। বন্দী বাস নিয়ে বিপদে পড়ল কর্মীরা। বাস মুক্ত করতে এরই মধ্যে বিহঙ্গের দু-একজন কর্মকর্তাও চলে এসেছেন ঘটনাস্থলে। বাসটি মুক্ত করা যায় কীভাবে, এ ভাবনা সবার মনে। শেষে বিমটি ভাঙারই সিদ্ধান্ত নেওয়া হলো। সেই কাজে লাগিয়ে দেওয়া হলো কয়েকজনকে। বিম ভাঙার আগে তার ওপর থাকা ছাদের একাংশ ভাঙতে শুরু করল তারা। কিন্তু যাত্রীছাউনির মালিক বিআরটিসি কি এই ভাঙার খবর জানে? ‘বিআরটিসির কর্মীদের খবর দেওয়া হয়েছে। তাদের লোকজনও আসতেছে’, বললেন বিহঙ্গের একজন কর্মকর্তা।—ঢাকায় থাকি প্রতিবেদকশুধু ভাড়া দিলেই হবে?রাস্তা ধূলিময়, কতক্ষণ পরপর আবার বইছে জোর বাতাস। বাসের জানালায় নেই কাচ। তাই ভেতরের যাত্রীদের ধুলো খেতে খেতে অবস্থা কাহিল। এর মধ্যেই আবার ঘুরে ঘুরে ভাড়া তুলছেন কন্ডাক্টর। এক যাত্রীর কাছে এসে দাঁড়ান তিনি। বলেন, ‘ভাড়া দেন।’যাত্রী পাল্টা প্রশ্ন তোলেন, ‘শুধু ভাড়া দিলেই হবে?’কন্ডাক্টর অবাক। অবাক বাসের অন্য যাত্রীরাও। লোকটা বলে কী? কন্ডাক্টরও সে কথাই জানতে চান, ‘ভাড়া ছাড়া আর কী দিবেন?’ লোকটা জবাব দেন, ‘সারা দুপুর যে পরিমাণ বালু গিললাম, তাতে আজকে আর বাসায় ফিরে ভাত খেতে হবে না। এখন কি শুধু ভাড়া দেব, নাকি দুপুরের খাবারের দামটাও রাখবা?’সবাই হেসে ফেলেন লোকটার কথা শুনে। কন্ডাক্টরও লজ্জা পান। কিন্তু বাসের মালিকদের লজ্জা হয় না কেন?—ঢাকায় থাকি প্রতিবেদকতেলা মাথায় তেল...জাতীয় সংসদের সামনের রাস্তায় বেশ তোড়জোড় করে পিচ ঢালাইয়ের কাজ হচ্ছে। কাজ যে খুব বেশি তাও নয়। কিন্তু তা-ই নিয়ে ব্যস্ত হয়ে আছে বেশ কয়েকজন। অথচ কাজ হচ্ছে অল্প একটু জায়গায়। একজন পথচারী তাই দেখে উৎসুক হন। প্রশ্ন করেন, ‘রাস্তা কি ভেঙে গেছে?’এক শ্রমিক জবাব দেন, ‘না’।গর্ত হয়েছে বুঝি?‘না’।তাহলে কি ফাটল ধরল?‘না, তাও না।’তাহলে?‘এই জায়গাটা নিচা, বৃষ্টি হইলে পানি জমে।’পথচারী দীর্ঘশ্বাস ছাড়েন। এ শহরে কত রাস্তা আছে, যেখানে পা ফেললে আস্ত মানুষ গায়েব হয়ে যায়, আর এখানে সামান্য পানি জমে বলে রাস্তাজুড়ে পিচ ঢালাই হচ্ছে। কারণটা হয়তো সংসদ ভবন। তেলা মাথায় তেল দেওয়াও হতে পারে।...—কাওছার শাকিলভুল এড়াবে কে?ফার্মগেটের এক ওভারব্রিজের সামনে এই সাইনবোর্ডটি রাখা হয়েছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে পথচারীদের সতর্কতায় লাগানো হয়েছে এটি। কিন্তু এখানে ‘দূর্ঘটনা’ ও ‘ঝুকি’ বানান দুটি যে ভুল রয়েছে, তা এড়াবে কে? বিশ্ববিদ্যালয়টি কী শিক্ষা দেবে শিক্ষার্থীদের? অথচ এই সাইনবোর্ডের সামনে দিয়েই ওভারব্রিজে উঠে রাস্তা পার হয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে হয় অনেককে।পত্রিকা বিছিয়েশুক্রবার জুমার নামাজের সময় হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের মসজিদের তৃতীয় তলা। ইমাম সাহেব খুতবা পড়ছেন। সেখানে দেখা গেল, সবার হাতেই পত্রিকা। হয়তো তারা পত্রিকা পড়ছেন। কিন্তু না, তাঁরা পত্রিকা এনেছেন অন্য কারণে। খুতবা শেষ হতেই সবাই যখন নামাজের জন্য কাতারে দাঁড়ালেন, তখন ব্যাপারটা পরিষ্কার হলো। মসজিদের ভেতরে জায়গা কম হওয়ায় বারান্দায় একটি কাতার দাঁড়িয়েছে। তার পরও জায়গা হচ্ছে না। তখন পত্রিকা ধরে থাকা ছাত্ররা পাশের বারান্দায় পত্রিকা বিছানো শুরু করলেন। পত্রিকার ওপর তাঁরা নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে গেলেন।ঐতিহাসিক টয়লেটে...গত শুক্রবার বিকেলে লালবাগ কেল্লার ভেতরে একজনকে প্রস্রাব করতে দেখা গেল। অথচ পাশেই রয়েছে টয়লেট। সেখানে খুব একটা ভিড়ও নেই। ব্যাপারটা কেমন কেমন লাগল। বাইরে প্রস্রাব করছেন কেন? প্রশ্ন করতেই তিনি জবাব দিলেন, ‘আপনি একবার টয়লেটে যান, তাইলেই বুঝবেন।’ টয়লেটে ঢুকতেই উৎকট গন্ধ ভেসে এল। প্রস্রাব করার জায়গায় ময়লা। মল ত্যাগ করার জায়গায় ঢুকতেই দৌড় দেওয়ার উপক্রম হলো। ভেতরে কোথাও পানি নেই। কত দিন থেকে যে টয়লেট পরিষ্কার করা হয় না, তা বোঝার উপায় নেই। ভেতরে কোনো সুস্থ মানুষ ঢুকলে অসুস্থ হয়ে পড়বে। মল কিংবা মূত্র কোনোটাই ত্যাগ না করে বরং তা চেপে রেখে ফিরতে হবে। কিন্তু কেন? নগরের একটি ঐতিহাসিক নিদর্শন এই লালবাগ কেল্লা। এখানে প্রতিদিন ঘুরতে আসে হাজার হাজার দর্শনার্থী। আসে বিদেশি দর্শনার্থীও। বিদেশিরা যদি এই টয়লেটে ঢোকে, তাহলে বাংলাদেশ সম্পর্কে কী ভাববে? আর যাদের টয়লেটে যাওয়ার জোর প্রয়োজন হবে, তারা কী করবে? ১০ টাকার বিনিময়ে লালবাগ কেল্লার সৌন্দর্য উপভোগ করতে এসে নাজেহাল হয়ে বাড়ি ফিরতে হবে। কর্তৃপক্ষ কি বিষয়টা ভেবে দেখবে? নাকি টয়লেটকেও ঐতিহাসিক নিদর্শনে পরিণত করতে চাইছে তারা!—রিমন রাহীনিষিদ্ধ ফল!সদরঘাটের ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশন সুপার মার্কেটের ভেতর ঢুকতেই চোখে পড়ল একটি নির্দেশক। নির্দেশকে কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কেটের ভেতর কাঁঠাল নিয়ে ঢোকা নিষেধ! এত্তো ফল থাকতে কাঁঠালের প্রতি কর্তৃপক্ষের অবিচার কেন? মার্কেট ঘুরে জানা গেল এর রহস্য। মধুময় এই ফলের রসে মজে কোনো এক দোকানদার মার্কেটের ভেতর কাঁঠাল ভেঙে খেয়েছিলেন। আর সেটা খাবার পর কাঁঠালের উচ্ছিষ্ট ফেলেছিলেন মার্কেটের ভেতরই। তাই কর্তৃপক্ষ দোকানদারের উদ্দেশে রাগটি ঝেড়েছেন আমাদের জাতীয় ফলের ওপর।—আজহার হোসেন