এ ক দি ন হ ঠা ৎ
গাড়ি ধোয়া ও সংসদ ভবন দর্শন!এ মাসের শেষ বুধবার দুপুর বেলা যা একটা বৃষ্টি হয়েছিল না। টানা ঝুম বৃষ্টি। ঘণ্টা দুয়েকের বর্ষণ। ব্যস, তাতেই টলটলে পানি জমে গেল জলাশয় ভরাট করে জেগে ওঠা শহরের রাস্তাঘাটগুলোয়। বেশ পানি জমেছিল মানিক মিয়া এভিনিউয়ের গোলচত্বরে, ন্যাম ভবনের সামনে, লালমাটিয়া আর আড়ংয়ের গলির সামনে। জলাবদ্ধতার কারণে আড়ংয়ের সামনের মোড় থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত কোনো গাড়ি চলছিল না বেশ কিছুক্ষণ। আর ঘড়ির কাঁটাও তখন তিনটা পার হয়েছে। সিএনজিচালিত অটোরিকশার চালকদের দম ফেলার সময় এসেছে। সংসদ ভবনের সামনের রাস্তায় জমে থাকা পানিতে তাই নিজের অটোরিকশা পরিষ্কার করতে নেমে পড়েছিলেন অনেকেই। কে জানে চালকেরা ক্ষুধার্ত অটোরিকশাটিকে সংসদ ভবন দেখিয়ে বলেছিল কিনা—‘এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় মাতবরদের জায়গা। এখানে বসেই দেশ পরিচালনা করে সরকারের লোকজন। তাগো সিদ্ধান্তেই তোগো খাওন বন্ধ তিনটা থেকে নয়টা পর্যন্ত।’—অর্ক আসিফওরা কারা?নগরের মোড়ে মোড়ে রিকশার জটলা চোখে পড়ে। যাত্রীর জন্য অপেক্ষা করতে গিয়ে রিকশাচালকেরা বাঁধিয়ে ফেলে যানজট। এই জটলা কমাতে ট্রাফিক পুলিশও কম যায় না। দু-একটা রিকশা উল্টিয়ে রাখে। ওল্টানো রিকশা দেখে অন্যগুলো শাস্তি এড়াতে দ্রুত চলে যায় নিরাপদ স্থানে। গেল রোববার নীলক্ষেত মোড়ে দেখা গেল এমন দৃশ্য। কিন্তু সেখানে ট্রাফিক পুলিশের কোনো সদস্যকে দেখা গেল না। পাওয়া গেল না কমিউনিটি ট্রাফিক পুলিশের কোনো লোকও। কাছে গিয়ে বোঝা গেল পুরো ঘটনা। শার্ট-লুঙ্গি পরা দুই লোক আটক করছেন রিকশা। রিকশা উল্টিয়ে রাখছেন, আর এর আসনটা ফেলে রাখছেন আরেক জায়গায়। তাঁদের পরিচয় জানতে চাইলে খেপে যান, এটা-সেটা বলেন। একবার বলেন তাঁরা গ্যারেজের লোক; আরেকবার বলেন, তাঁদের একজন দায়িত্ব দিয়েছে। এর বাইরে তাঁরা আর কিছুই বলেন না। গরগর করতে করতে রাগ মেটান গিয়ে রিকশার ওপর। একাধিক রিকশাচালক জানান, এক-দেড় শ টাকা দিলে তাঁরা রিকশা ছেড়ে দিচ্ছেন। তাঁরাও জানেন না ওই দুই লোকের পরিচয়। —তায়েব মিল্লাতকানামাছি ভোঁ ভোঁ...কারওয়ান বাজারের পাতালপথ দিয়ে পথচারীরা রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। দুপুরবেলা বাইরে যখন প্রখর রোদ, তখন পাতালপথের ভেতরে অন্ধকারে কিছুই দেখা যায় না। এমন সময় হঠাৎ এক নারীকণ্ঠে চিৎকার। চিৎকারের কারণ, তিনি অন্ধকারে হাঁটতে গিয়ে পড়ে গেছেন। যেখানে পা রেখেছেন, সেখানে যে সিঁড়ি আছে তিনি বুঝতেই পারেননি। তাই পা ফেলতেই নিচু জায়গায় পড়ে যান। এমন ঘটনা প্রায়ই ঘটছে। পাতালপথটি থেকে ওপরের রাস্তায় ওঠানামার জন্যই শুধু নয়, নির্মাণ গলদের কারণে চলার পথেও একটি সিঁড়ি রয়েছে। পাতালপথটি পথচারীদের পদচারণে সব সময় মুখরিত। অনেক লোক রাস্তা পারাপারের জন্য পাতালপথটি ব্যবহার করে। বিদ্যুৎ না থাকলে অন্ধকারে ছেয়ে যায় পাতালপথের ভেতরে। আর তাই দিনের বেলায়ই সুস্থ মানুষকে সাবধানে এগোতে হয়, কখন আবার কার সঙ্গে ধাক্কা লাগে। দিনের বেলায় যদি হাতড়ে হাতড়ে চলতে হয়, তাহলে রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে কী অবস্থা হয় কল্পনা করুন তো?—রিমন রাহীব্যাকবেঞ্চার চত্বর!সদর দরজার পরোয়া না করে সব সময় পেছনের দরজা দিয়েই ক্লাসরুমে যারা ঢোকে, আর আয়েশ করে পা দুলিয়ে মাথা হেলিয়ে ক্লাস লেকচার শোনে, তাদের ক্লাসের অন্যরা বেকবেঞ্চার বলেই ডাকে। সহপাঠীদের সেই ডাকে কিন্তু মোটেও বিচলিত নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই চেনা-অচেনা সব বেকবেঞ্চারের জন্য একটা আস্ত এলাকার নাম ‘বেকবেঞ্চার চত্বর’ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কলাভবনের কলা অনুষদের ডিন গেট থেকে ক্যাম্পাস শ্যাডোর দিকে যেতেই হাতের বাঁ পাশে চোখে পড়বে কালো জমিনে সাদা অক্ষরে লেখা নামটি। আপনি যদি ‘বেকবেঞ্চার’ হয়ে থাকেন, তো একদিন এসে একটা ঢুঁ মেরে যেতে পারেন।রিকশার পিঠে রিকশা... রিকশাটার চাকা ভেঙে গেছে। ঠেলে নেওয়া যাবে না কিছুতেই। ভাঙা রিকশাটা নিয়ে বিপদে পড়ে গেছেন রিকশাওয়ালা। ভ্যানে করে নিতে গেলে মেলা খরচের ব্যাপার। তাই কী করবেন ঠিক ভেবে পাচ্ছিলেন না। শেষে তাঁর সাহায্যে এগিয়ে এলেন আরেক রিকশাওয়ালা। নিজের রিকশার পিঠে তুলে নিলেন ভাঙা রিকশাটা। তারপর হাস্যকর রকম কুঁজো হয়ে বেয়ে চললেন রিকশাটা।—কাওছার শাকিলকষ্টিপাথর নিয়ে টানাটানি!ঘটনাটি পুরান ঢাকার কসাইটুলীর খিলঘর এলাকার। মাটির নিচ থেকে এক টুকরো কষ্টিপাথর পাওয়া নিয়ে পুরো এলাকা তখন সরগরম। এলাকাবাসীর অনেকেই পাথর দেখতে ভিড় করছেন খিলঘরের ছোট্ট গলিটিতে। কেউ কেউ বলছেন, মাটির নিচ থেকে মূর্তি উদ্ধার করা হয়েছে। আবার কেউ বলছেন, গুপ্তধন পাওয়া গেছে। নানান ঢঙে মুখরোচক গুজব ছড়িয়ে পড়ছিল কসাইটুলী ও আশপাশের এলাকায়। কিন্তু বাধ সাধলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। বংশাল থানা থেকে একদল পুলিশ হাজির ঘটনাস্থলে। আবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও এসেছে কষ্টিপাথর উদ্ধারে। সঙ্গে এলাকাবাসী আর পাথরের দাবিদার তো রয়েছেই। পুলিশ চাইছে পাথরটি বংশাল থানা হেফাজতে নিয়ে যেতে। আবার র্যাব চাইছে পাথরটি তাদের হেফাজতে চলে আসুক। ‘র্যাব-পুলিশ-এলাকাবাসী’ তিনপক্ষের তুমুল বাগিবতণ্ডা চলল ঘণ্টাখানেক। এরপর র্যাবের আনা একটি ভ্যানগাড়িতে তোলা হলো পাথরটিকে। ঠিক বাংলা সিনেমার নায়িকা উদ্ধারের মতোই র্যাব নিয়ে গেল পাথরটিকে। আর পেছনে পেছনে এলাকাবাসীর আফসোস...‘আহা আমাগোর এত্ত বড় সম্পদ কিনা লইয়্যা গেল হ্যারা।’ —মুহম্মদ আজহারচোরের সাক্ষী গাঁট কাটাহোটেল সোনারগাঁওয়ের সামনের মোড়ে যানবাহনের বেশ বড় একটা ভিড়। পান্থপথ থেকে তেজগাঁওমুখী যাত্রীরা ট্রাফিক সিগন্যালে আটকে সময় গুনছেন। এরই মধ্যে হাতের বাম দিকের পুলিশ বক্সের সামনে জনতার ভিড় আর ট্রাফিক পুলিশের জটলা। পুলিশ বক্সের ভেতর পাবলিকের গণধোলাই খেয়ে বসে আছে আলামিন নামের এক ছিনতাইকারী। অটোরিকশা থেকে সোনার চেইন ও মুঠোফোন ছিনতাই করে পালানোর সময় তাকে হাতেনাতে ধরেন এবিসি রেডিওর এক সাংবাদিক। তিনি ওই ছিনতাইকারীকে ধরে পুলিশ বক্সে এনে রাখার পর ঘটল মজার ঘটনাটি। আলামিনকে পুলিশের কাছ থেকে ছাড়াতে এসেছেন তার চেয়ে একটু বেশি বয়সী আরেকজন। নিজেকে তিনি প্রথমে স্পিকার আবদুল হামিদের মামাতো বোনের ছেলে বলে দাবি করেন। পরে সাংবাদিকদের উপস্থিতি দেখে তারা দুজন কেউ কাউকে না চেনার ভান করে। এ ঘটনা দেখে পুলিশ বুথের সামনে দাঁড়ানো এক পথচারী বললেন, ‘ঈদ সামনে রেখে নগরের মার্কেটগুলোতে ছিনতাইকারীদের উৎপাত বেড়েছে। সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সাহস এখন এত বেশি যে তারা পুলিশ বুথে পর্যন্ত আসছে সহকর্মীকে ছাড়িয়ে নিতে।’ পরে রমনা থানায় জানানো হলে পুলিশের গাড়ি এসে তাদের দুজনকে থানায় নিয়ে যায়।