এ ক দি ন হ ঠা ৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলাওয়ালার জীবন...সাতসকালেই দুর্ঘটনা। নিউ বেইলি রোডের মুখে একটা গাড়ি প্রচণ্ড জোরে ছুটে গিয়ে আরেকটা গাড়িকে একেবারে মেরে ভর্তা বানিয়ে ফেলেছে। যে গাড়িটা ধাক্কা মেরেছিল সেটার মালিক খানিকটা আহত হয়েছেন, চালকও আহত হয়েছেন বেশ। অপর গাড়ির চালক অবশ্য অক্ষতই ছিলেন। তবে তাঁর গাড়ির অবস্থা বেশ নাজুক। ধাক্কার চোটে গাড়ি রাস্তা ছেড়ে ফুটপাতের পাশের দেয়াল ভেঙে ঢুকে গিয়েছিল। এই দেয়ালের সামনে ঝাঁকা নিয়ে বসে ছিলেন এক কলা বিক্রেতা। তাঁর কলা থেঁতলে দিয়ে তারপর ধাক্কা খাওয়া গাড়িটা গিয়ে ঠেকেছে দেয়ালে। একচুলের জন্য বেঁচে গেছে কলাওয়ালার প্রাণ। এদিকে কথাবার্তা শুনে বোঝা গেল, যে গাড়িটা ধাক্কা মেরেছে সেটার মালিক বেশ ক্ষমতাবান। আর যে গাড়িটা বেমক্কা ধাক্কাটা হজম করল, সেটাও বেশ ওজনদার মন্ত্রণালয়ের গাড়ি। সাতসকালেই তাই পুলিশ, উকিল, হোমরাচোমরায় সরগরম বেইলি রোড। দুই পক্ষে ভাগ হয়ে বেশ ফুঁসে, যুঝে যাচ্ছিলেন একজন আরেকজনের সঙ্গে। চলছিল আপসরফার আলোচনাও। কেবল ওই কলাওয়ালা তখনো হাত-পা ছড়িয়ে বসে ছিলেন ফুটপাতে। ফুটপাতের ধারে পড়ে থাকা থেঁতলানো কলাগুলোর দিকে চেয়ে তখনো বিশ্বাস হচ্ছিল না তাঁর, প্রাণে বেঁচে গেছেন তিনি। —আহমেদ শাকিলনৌকার বিকল্পঅল্প দূরত্বে পানি পারাপারের জনপ্রিয় বাহন নৌকা। গুলশান লেকে নৌকা নয়, অন্য রকম এক বাহনে পানি পার হচ্ছিল এক কিশোরী আর দুই শিশু। এক শিশু তাতে করছিল মাঝির কাজ। তবে তার হাতে কাঠের বৈঠাও দেখা গেল না। একখানি বাঁশের ফালি দিয়ে জলযানটি চালাচ্ছিল সে। সেটি এগিয়ে আসছিল গুলশান দুই নম্বরের দিকে। সেখানে ঘাটে দেখা গেল, আরও দুটি একই রকম যান। এগুলো মোড়ানো হয়েছে প্লাস্টিকের বস্তায়। এক লোক একটি যান নিয়ে ওপারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি জানালেন, তাঁদের জলযানগুলোর ভেতর আছে সোলার বোর্ড। তাই এগুলো পানিতে ভেসে থাকে। বনানী ১১ নম্বর সড়কের মাথায় গুলশানের লেকপাড়ের বস্তির সবাই এগুলো দিয়ে পার হয়ে গুলশান ২ নম্বরে আসে। তাই পানি ঘেঁষে থাকা বস্তির প্রতিটি ঘরের সঙ্গে বাঁধা আছে একটি করে বিকল্প নৌকা। —মিল্লাত হোসেনহ্যালো, এটা কি সদরঘাট?মাদারীপুর থেকে ঈদের ছুটি শেষে ঢাকায় এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা রহমান। সদরঘাটে লঞ্চ থেকে নামতেই বিপত্তি। হাতে থাকা ব্যাগের বোঝা লাঘবে হাজির এক কুলি। কিছু বুঝে ওঠার আগেই হাত থেকে বোঝা নিয়ে হাঁটা শুরু করলেন কুলিটি। গায়ে কুলির আকাশি রঙের পোশাক থাকায় কিছুটা নিশ্চিন্ত তিনি। তাই তিনিও হাঁটা শুরু করলেন কুলির পেছন পেছন। পন্টুন থেকে গ্যাংওয়ে দিয়ে মূল টার্মিনাল ভবনে আসতেই কুলি লাপাত্তা। এরপর মূল ভবন, পন্টুন, গ্যাংওয়ে তন্ন তন্ন করে খোঁজার পরও কুলির কোনো হদিস নেই। শেষে বিআইডব্লিউটিএর তথ্য অনুসন্ধানঘরে খোঁজ করেন তিনি। সেখান থেকে গোলাপি রঙের একটি হ্যান্ডবিল ধরিয়ে দেওয়া হয় তাঁর হাতে। হ্যান্ডবিলে থাকা প্রথম নম্বরটিতে ফোন করে জানতে চান, ‘এটা কি সদরঘাট টার্মিনাল?’ অপর প্রান্ত থেকে উত্তর আসে, সেটি ব্যক্তিগত মুঠোফোন। তানজিনার মতো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, নম্বরটি ব্যক্তিগত হলে বিআইডব্লিউটিএর হ্যান্ডবিলে থাকবে কেন? আর যদি নম্বরটি সত্যিই বিআইডব্লিউটিএর হয়, তবে এমন রসিকতার মানে কী? মুঠোফোনে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের না পাওয়া গেলেও টার্মিনাল ভবনের বাইরে ঠিক ঠিক পাওয়া যায় ব্যাগসহ কুলিকে। ব্যাগ নিয়ে মালিকের অপেক্ষায় ছিলেন তিনি। —মুহাম্মদ আজহার