এ ক দি ন হ ঠা ৎ
জাতীয় পরিচয়পত্রে ভুল! শিরোনাম দেখে চমকে ওঠার কোনো কারণ নেই। ছবি নিয়ে পরিচয়পত্রে অনেক ভুলভ্রান্তি রয়েছে। এটাকে অনায়াসে ক্যামেরা বা আনাড়ি ফটোগ্রাফারের ভুল বলে চালিয়ে দেওয়া যায়। তবে ভাষাবিভ্রাট হলে তাকে কী বলা যায়? জাতীয় পরিচয়পত্রের অপর পিঠে লেখা রয়েছে, ‘কার্ডটি ব্যবহারকারী ব্যতীত অন্য কোথাও পাওয়া গেলে নিকটস্থ পোষ্ট অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।’ এখানে ‘পোস্ট’ অফিসকে বানানের ভুলে ‘পোষ্ট’ অফিস করে ফেলা হয়েছে। পরিচয়পত্র তৈরির প্রকল্পে একজনও কি বাংলা ভাষাবিদ ছিলেন না? কর্তৃপক্ষের গোচরে ভুলটি এখনো কি আসেনি? কর্তৃপক্ষের অবহেলায় ভুল বানানের পরিচয়পত্র বয়ে বেড়াতে হবে সব নাগরিককে। —আজহার হোসেনচলতে চলতে জুতা খোয়ানোচলতে চলতে মটমট করে কিছু ভাঙার শব্দ হলো। শুনে মনে হয়, কারও হাড় ভেঙে গেছে। সবাই পেছনে ফিরে তাকায়। দেখল, এক লোক নিজের পা গর্ত থেকে বের করার জন্য টানাটানি করছেন। সবাই দৌড়ে গেল। ‘ভাই, পা কি ভেঙে গেছে?’ লোকটি চোখমুখ কালো করে বললেন, ‘না ভাই, পা ভাঙেনি, কিন্তু আমার নতুন জুতাটা পাসহ আটকে গেছে।’ বেচারার বোধহয় মন খারাপ হচ্ছিল জুতার জন্য, পায়ের জন্য নয়। বহু টানাটানির পর পা বের হলো। কিন্তু জুতা! হায়! বড় বেরসিক গর্তে জুতাটা হারিয়ে গেল। লোকটি তখনো বলছেন, ‘হায় রে! আমার জুতাটা গেল!’ অথচ তিনি যে পা হারাচ্ছিলেন, সেই খবর নেই। সেদিকে তাকিয়ে পাশের একজন বললেন, ‘ভাই, পা পাইছেন, শোকর করেন। বাংলাদেশে গর্তে পড়লে কিছুই ফিরে পাওয়া যায় না। আপনার পা তো অক্ষত আছে।’ এতক্ষণে লোকটার পায়ের দিকে খেয়াল হলো, ‘তাই তো, ইস, পায়েও তো ব্যথা লাগছে!’ লোকটি খোঁড়াতে খোঁড়াতে চলে গেলেন। শাওরাবাজারে রাস্তা খোঁড়াখুঁড়িতে এভাবেই প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে লোকজন।—অহনা, বাড্ডা, ঢাকাবইমেলার বাইরেও বিক্রি হচ্ছে বই একুশে বইমেলা থেকে বের হতেই সড়কের একপাশে বসেছে কিছু হকার। তারা অবশ্য খাদ্য কিংবা অন্য কিছু নয়, বইই বিক্রি করছে। এসব বই মেলার স্টলগুলোয় নেই। সড়কের একপাশে সারিবদ্ধভাবে অনেকেই বসেছে বই বিক্রি করতে। তাদের মুখে শোনা যাচ্ছে, ‘দেইখা লন, বাইছা লন, খালি ষাইট।’ হ্যাঁ, এখানকার প্রায় সব বইয়ের মূল্যই রাখা হচ্ছে ৬০ টাকা। যদিও দামাদামি করে কিছু কমানোও যায়। এখানে বই বিক্রি হচ্ছে ভালোই। এক বৃদ্ধ তার নাতিকে এসব দেখিয়ে বললেন, ‘বুঝেছ, দাদু, অনেক বছর আগে একুশে বইমেলার সূচনাকারী চিত্তরঞ্জন সাহা নামে এক লোক এভাবেই একা একা বইয়ের মেলা করতেন। বই বিক্রি করতেন।’বোটানিক্যাল গার্ডেনে হকারদের উত্পাতজাতীয় উদ্ভিদ উদ্যানে অনেকেই আসে নির্মল নিঃশ্বাস নিতে। আর এখানে এসে ভেতরের হকারদের শিকারে পড়েনি এ রকম লোক খুঁজে পাওয়া যাবে না। হকারের উত্পাতে অনেককেই লাঞ্ছিত হতে হয়েছে। মার খাওয়ার পাশাপাশি কাপড়সহ সবকিছু ছিনিয়ে নেওয়ার ঘটনাও আছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ একটি ছোট নোটিশ টানিয়েই দায় সেরেছে। ছোট এ নোটিশে লেখা ছিল ‘উদ্যানে ভ্রাম্যমান হকারদের নিকট হইতে কোন ধরনের পানীয় বা খাদ্য ক্রয় না করার জন্য দর্শণার্থীদের অনুরোধ করা যাইতেছে।’ হকারদের উত্পাত থেমে নেই এখানেও। নোটিশের ‘না’ শব্দটি তারা মুছে দিয়েছে। ফলে এখন সেটি পড়লে দাঁড়ায়, ‘উদ্যানে ভ্রাম্যমান হকারদের নিকট হইতে কোন ধরনের পানীয় বা খাদ্য ক্রয় করার জন্য দর্শণার্থীদের অনুরোধ করা যাইতেছে।’ ছবিতে তাই দেখা যাচ্ছে। দর্শনার্থীদের চোখে এটি ধরা পড়লেও কর্তৃপক্ষের চোখে ধরা পড়ছে না।হাছিব নামে একজন অভিযোগের সুরে বলেন, ‘চোখে পড়বে কেমনে? তারাও তো হকারদের নিকট থেকে ভাগ পায়। না হলে একটি নির্দিষ্ট জায়গার ভেতরেও এমনটা হয় কেমনে? হকারদের উদ্যান থেকে বের করে দিলেই হয়।’ এক হকারের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ভেতরে থাকা ক্যান্টিনের অধীনে বিভিন্ন পানীয় ও খাদ্য বিক্রি করে। তারা রয়েছে মোট ১২৬ জন। কর্তৃপক্ষকে ভাগ দিতে হয় কি না এমন প্রশ্নে সে বলে, ‘এমনে এমনে কি আর এইনে আছি? ভাগ পায় বলেই তো আমাগো কিছু বলে না।’চীন-মৈত্রী বনাম কুয়েত-মৈত্রীসেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে ফজিলাতুননিসা হলে যাব। রিকশাওয়ালাকে বললাম, ‘ভাই, কুয়েত-মৈত্রী যাবে?’কারণ ফজিলাতুননিসা হল অনেকে চেনে না। সে বলল, যাব। একটু তাড়া ছিল, তাই রিকশায় উঠে বসলাম। তারপর বললাম, ভাড়া কত? রিকশাওয়ালা চালাতে চালাতে বলল, ৩৫ টাকা দিয়েন। প্রচণ্ড রাগ হলো, রিকশা থামিয়ে নেমে গেলাম। বললাম, আর কখনো গেছ? বলল, একটু আগে তো ওই খান থেকেই আসছি। আমি বললাম, ওই যাত্রী আপনাকে ৩৫ টাকা দিয়েছে ১০ টাকার ভাড়া? সে বলল, হ দিছে। যে জ্যাম! আমি বললাম, জ্যাম তো থাকবেই, তার মানে এই ১০ টাকার ভাড়া ৩৫ টাকা দেব? খানিকক্ষণ কথা কাটাকাটির পর তাকে দেখিয়ে পাশের একজন রিকশাওয়ালাকে বললাম, ‘ভাই কুয়েত-মৈত্রী যাবে?’ বলল, যাব। বললাম, কত? বলল, ১০ টাকা। আগেরটা তো থ মেরে আছে। তখন পরের রিকশাওয়ালা তারে ভেংচি কেটে বলল, ‘আপা, মনে হয় নতুন আইছে। কুয়েত-মৈত্রীরে চীন-মৈত্রী বানায় ফেলছে। অনেকে বানায়। হা, হা, হা...।’—রোমানা রুমুবেগম ফজিলাতুননিসা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।এক নোটিশে এক হালি ভুলঢাকা চিড়িয়াখানায় প্রবেশ করে সামনে এগোতেই একটি নোটিশ চোখে পড়ল। চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে এই নোটিশ টাঙানো হয়েছে। তবে এ নোটিশে চারটি বানানে ভুল রয়েছে। যেমন, ওপরে হলুদ রঙে লেখা ‘দৃষ্টি আকর্ষন নোটিশ’। এই দৃষ্টি ‘আকর্ষণ’ করতেই কর্তৃপক্ষ ভুল করেছে। নিচে ‘অভ্যন্তরে’, ‘ডাস্টবিন’ ও ‘নির্দিষ্ট’ শব্দ ভুল বানানে লেখা। দিনের পর দিন এই ভুল বানানই দর্শনার্থীদের পড়তে হচ্ছে। যেখানে দৃষ্টি আকর্ষণ করতেই কর্তৃপক্ষ ভুল করে, সেখানে কতটুকু কাজ হয় কে জানে।—রিমন রাহী