এ ক দি ন হ ঠা ৎ
কান্না... ব্যস্ত রাস্তার পাশে ট্যাক্সিটা দাঁড় করানো ছিল। ভেতর থেকে ভেসে আসছে বুকফাটা কান্নার আওয়াজ। সেই আওয়াজ শুনে পথচারীরাও থমকে যায়। যে-ই শুনছিলেন, ট্যাক্সির দিকে এগিয়ে যাচ্ছিলেন উথালপাথাল কান্নার কারণটা জানতে। কিছু জিজ্ঞেস করতে হয় না। ট্যাক্সির জানালায় উঁকি দিলেই দৃশ্যটা পরিষ্কার হয়ে যায়। ভেতরে একজন ভদ্রমহিলা বসে আছেন, কোলের ওপর কালো কাপড়ে ঢাকা একটা বাচ্চার মৃতদেহ। লোকজন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। এই শোকের সান্ত্বনা দেবে, এমন ভাষা কে কবে রপ্ত করতে পেরেছিল? মহিলার পাশে বসা ছিলেন এক বৃদ্ধ। পরনের কাপড়চোপড় দেখে বোঝা যায়, গ্রাম থেকে এসেছেন। ভদ্রলোক কাতর স্বরে বলেন, ‘বাচ্চাটা মারা গেল ভাই, হাসপাতালে নিয়া গেছিলাম, কী যে হইল, খিঁচুনি দিতে দিতে মইরা গেল...’বৃদ্ধের বুক চিরে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। সে দীর্ঘশ্বাস আর মানুষগুলোর কষ্ট একটু হলেও ছুঁয়ে যায় এ শহরের প্রায় পাথর হয়ে আসা প্রাণগুলোকে। অচেনা-অজানা সেই শোককাতর মানুষগুলোর পাশে দাঁড়িয়ে একটু সময় নীরব হয়ে ঠিকই শোকটুকু ভাগ করে নিয়ে যান তাঁরা।—আহমেদ শাকিলআক্কেল সেলামিরাজধানীর বিভিন্ন জায়গার কাউন্টার সার্ভিসের বাসগুলোতে প্রতিনিয়ত ঠাসাঠাসি করে ভ্রমণ করতে হয় সাধারণ যাত্রীদের। বাধ্য হয়ে তা নীরবে মেনে নিচ্ছে যাত্রীরা। টিকিটের দাম বেশি দিয়েও এমন ঠাসাঠাসি করে যাওয়ায় বিরক্ত যাত্রীরা। এক দুপুরে মালিবাগ থেকে মিরপুরগামী স্বকল্প পরিবহনের একটি বাস মগবাজার আসতেই এক যাত্রী টিকিট না কেটে দৌড়ে উঠে পড়লেন বাসে। বাসের কন্ডাক্টর টিকিট ছাড়া না উঠতে বারবার নিষেধ করলেও তাতে কান দিলেন না যাত্রীটি। উল্টো বাসে উঠেই জোরে জোরে কন্ডাক্টরকে গালি দিতে লাগলেন। পারলে কন্ডাক্টরকেই বাস থেকে নামিয়ে দেন! অন্যায়ভাবে বাসে উঠে উল্টো হম্বিতম্বি করায় ওই যাত্রীর ওপর অন্য যাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠলেন। এক যাত্রী উঠে এসে ধমক দিয়ে তাঁকে বাস থেমে নেমে যেতে বললেন। অন্য যাত্রীরা তাঁকে সমর্থন করতেই জোর করে বাস থামানো হলো আর নামিয়ে দেওয়া হলো ওই যাত্রীকে।—নুরুন্নবী চৌধুরীউল্টোরথ...পথেঘাটে দুর্ঘটনা ঘটলে শেষ পর্যন্ত অভিযুক্ত বা পলাতকের তালিকায় নামটা ওঠে বাস কিংবা ট্রাকচালকেরই। কিন্তু ঢাকা-সাভারের এই দুর্ঘটনার পর বাসওয়ালা নয়, বরং যাত্রীসহ চম্পট দিয়েছেন প্রাইভেট গাড়ির চালক। এক রিকশাচালককে ধাক্কা মেরে গাড়ির চালক ভড়কে যান। তারপর তাড়াহুড়ো করে চালাতে গিয়ে বাসের গায়ে ধাক্কা মেরে খোদ বাসটাকেই তুলে দেন সড়কদ্বীপের ওপর। বাসের ভেতর থাকা যাত্রীদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফারহানা ছিলেন। এ দুর্ঘটনায় তিনি সামান্য আহত হন। তিনি বলেন, ‘আমি ছাড়া আর কারও তেমন কিছু হয়নি। এমন কাণ্ড কখনোই দেখিনি। বাসকে কখনো প্রাইভেট কার ধাক্কা মারে?’—ঢাকায় থাকি প্রতিবেদকবন্দী চার শিশু! বিকেল পাঁচটা বেজে ৫০ মিনিট। উত্তরা সেক্টর ৭, সড়ক ৩, বাড়ি ১২। দোতলার বারান্দায় চার শিশুর হাউমাউ কান্না। এ দৃশ্য দেখতে সড়কে জনতার ভিড়। সবার দৃষ্টি বাড়ির দোতলায়। নাটক বা চলচ্চিত্রের পাণ্ডুলিপি নয়, সত্যিকারের দৃশ্য। কান্নার কারণ কী—অনেকের মনে প্রশ্ন। উত্তর মেলে বাড়ির দারোয়ানের কথায়। যার মর্ম, বাচ্চা চারটিকে বাসায় রেখে তাদের মা-বাবা গেছে বাইরেন। তারা বাসার ভেতরেই খেলছিল। একসময় সবাই বারান্দায় চলে আসে। খেলতে খেলতেই তাদের একজন বারান্দার দরজা ‘লক’ করে দেয়। বারান্দা থেকে দরজা আর খোলা যাচ্ছে না। বাসার ভেতর কেউ না থাকায় দরজা খুলে দিতে পারছে না। বন্দী শিশুরা ভয়ে কান্না জুড়ে দিয়েছে।বাচ্চাদের বন্দিদশা থেকে কীভাবে মুক্ত করা যায়, সেই পরামর্শ করতে লাগল অনেকে। দারোয়ান জানান, বাসার চাবি তাদের মা-বাবার কাছে, তাই এখন কেউ বাসার দরজা খুলে ভেতরে ঢুকতে পারবে না। একজন দারোয়ানকে বুদ্ধি দেয়, মুঠোফোনে যোগাযোগ করে মা-বাবাকে ঘটনা জানাতে। কিন্তু দারোয়ানের কাছে তাঁদের মুঠোফোন নম্বর নেই। অনেকে তখন বলাবলি করে, পুরো বাড়ির কারও না-কারও কাছে তাঁদের মুঠোফোন নম্বর আছে। সেই নম্বর জোগাড় করতে বাড়ির ভেতর চলে যান দারোয়ান। বন্দী শিশুদের মুক্তি দেখতে কেউ কেউ তখনো সড়কের পাশে দাঁড়িয়ে থাকে। অনেকে চলে যায় গন্তব্যে। আবার নতুন কিছু মানুষ যুক্ত হয় সেখানে।—তায়েব মিল্লাতকেন আড়ালে থাকো...ছবির বিলবোর্ডটি টেকনিক্যাল মোড়ে রয়েছে। একটি বিজ্ঞাপনী বিলবোর্ডে চাপা পড়েছে পুলিশের জনস্বার্থ-সম্পর্কিত আরেকটি বিজ্ঞাপন। যদিও দেখে বোঝার উপায় নেই যে নিচেরটি বিলবোর্ড নাকি সাইনবোর্ড। তবে এটা বোঝা যায়, পুলিশের সেবা সম্পর্কে জনসাধারণকে জানাতেই তা লাগানো হয়েছিল। নিচে যেটুকু দেখা যাচ্ছে তাতে লেখা, পুলিশি সাহায্যের জন্য ডায়াল করুন ৯৯৯। আরেক কোনায় লেখা আছে ‘পুলিশ বক্স’। বোঝা যায়, সেখানে আরও কিছু লেখা ছিল। কিন্তু ওপরে লাগানো বিলবোর্ডের কারণে আর কিছু দেখা যায় না। পুলিশের বিজ্ঞাপনটির কি মেয়াদ ফুরিয়েছে? যদি তা-ই হয়, নিচের ওই অংশটুকু দেখিয়ে কী লাভ?—তানজিল রিমন