এ ক দি ন হ ঠা ৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিকাউয়া অথবা পানকৌড়িপুরান ঢাকার বংশাল মোড়ে হঠাৎ এক ব্যক্তি পাশের কয়েকজনকে সাত-আটটি পাখি দেখিয়ে বললেন, ‘লাগব নাকি পানিকাউয়া? চারডা ৯০০ টাহা।’ প্রত্যাশা অনুযায়ী দাম না পাওয়ায় আবার দ্রুত হাঁটা শুরু করলেন পাখি বিক্রেতা। ছবি তুলতে চাইলে বাধা দিলেন প্রথমে। পরে বললেন, ‘আইচ্ছা, পাখির ছবি তুলেন। কিন্তু আমার ছবি তুলবার পারবেন না।’ কোত্থেকে এগুলো এসেছে, জানতে চাইলে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, ‘হেইডা আপনার জানন লাগব না’ বলেই দৌড়মতো হাঁটা দিয়ে দ্রুত চলে গেলেন তিনি। পাখি বিক্রেতার হাতে থাকা এই পাখিগুলোর নাম পানকৌড়ি। একসময় আমাদের লোকালয়ের জলাশয়গুলোতে অনেক চোখে পড়ত। কিন্তু লোভী শিকারিদের কবলে পড়ে এই পাখিগুলো আজ আর তেমন চোখে পড়ে না। এভাবে নির্বিচারে পাখি শিকার চলতে থাকলে অচিরেই বিলুপ্ত হয়ে যাবে এই পানকৌড়ি। —মোছাব্বের রিবনতার ছেঁড়াকাভার্ড ভ্যানের ড্রাইভার পোস্ট থেকে ঝুলতে থাকা তারে গাড়ি বাঁধিয়ে জোরসে টান দিয়েছিলেন। সেই প্রচণ্ড টানে শুধু যে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে তা নয়, তার আশপাশে যে কটা লাইটপোস্ট ছিল, সেগুলোও ভেঙে নুইয়ে গেছে। ৮ আগস্ট বাংলামোটরের রাস্তায় এমন কাণ্ড ঘটে। দোষটা কার? এভাবে অসাবধানে যারা তার ঝোলায় তাদের? নাকি যে কাণ্ডজ্ঞানহীন হয়ে গাড়ি চালায় তার? সে উত্তর যদিও মেলেনি। তবে সেদিন বাংলামোটরের বাসিন্দা আর পথচারীদের বেশ ভালোভাবেই ভুগতে হয়েছে এই ‘তার ছেঁড়া’ কাণ্ডের জন্য।চামড়া পেল বাঘহলুদের মধ্যে কালো কালো ডোরা। এমন চামড়া দেখা যাচ্ছে বাঘটির গায়ে। কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ের পাশে কংক্রিটের বাঘটি এখন এমন বর্ণ ধারণ করেছে। গত সপ্তাহেই সাদা ছিল বাঘটির শরীর। এ নিয়ে ‘ঢাকায় থাকি’তে ‘চামড়া ছেলা বাঘ’ শীর্ষক লেখা প্রকাশের পর বেশ দ্রুততার সঙ্গেই তাতে রং করা হয়। গত মঙ্গলবার রংমিস্ত্রিকে বাঘের গায়ে রং করতে দেখা যায়। তিনি বলেন, ‘পত্রিকায় লেখাটা দেখছি। রং এমনিতেই করা হইত। তাতে আরও দুই-চাইর দিন সময় লাগত। কিন্তু লেখালেখির লেইগা কাজ হইল তাড়াতাড়ি।’—তায়েব মিল্লাতক্লাস পালিয়েরাস্তাজুড়ে ছোট্ট ছেলেমেয়েদের মিছিল। অন্তত ২০-২২ জন হবে। সবার পরনে স্কুলড্রেস। ইতিউতি কী যেন চেয়ে চেয়ে দেখছে। খানিক পরপর এদিক-ওদিক ছোটাছুটি। কী যেন খুঁজছে দলবেঁধে। ক্লাসের সময় এতগুলো বাচ্চাকে একসঙ্গে এ রকম অদ্ভুত ভঙ্গি করে ঘুরতে দেখে পথচারীদের কৌতূহল হয়। একজন জিজ্ঞেস করেন, ‘এই, তোমরা কী খুঁজছ?’দলের মধ্য থেকে সবচেয়ে পাতলা ছেলেটা একবার ফিরে তাকায়, তারপর আবার খোঁজাখুঁজি করতে করতেই জবাব দেয়, ‘তিনটা ছেলেকে খুঁজি।’পথচারী অবাক হয়ে প্রশ্ন করেন, ‘কোন তিনটা ছেলে?’ বাচ্চাটা জবাব দেয়, ‘টিফিন পিরিয়ডে তিনটা ছেলে ক্লাস থেকে পালিয়েছে। টিফিন শেষ হওয়ার পর ম্যাডাম আমাদের পাঠিয়েছেন ওদের ধরে আনতে। আমরা সেই তিনটা ছেলেকে খুঁজছি।’ছেলেটার কথা শুনে হাসি পায়। ম্যাডামেরই বা কেমন বুদ্ধি, তিনজনকে শাস্তি দিতে গিয়ে এতগুলো ছেলেমেয়ের পড়ার সময় নষ্ট করছেন? একটা দিন অপেক্ষা করলেই হতো।অজ্ঞাতনামাকদিন ধরেই লোকটাকে দেখা যাচ্ছিল বাসাবোর এখানে-ওখানে। কেউ কেউ জিজ্ঞেস করেছিল, ‘আপনার দ্যাশ কই? আপনে কই যাইবেন?’। জরাগ্রস্ত বৃদ্ধ তিনি। ঠিক করে কিছুই বলতে পারেননি। দেখে-শুনে ভদ্রলোক বলেই মনে হয়েছিল, তাই কেউ কিছু বলেনি। লোকটা পড়ে থাকতেন এবাড়ি-ওবাড়ির সিঁড়িতে। ঠিকঠাকমতো কিছু বলতে পারতেন না। তাই কেউ তাঁকে পৌঁছেও দিতে পারেনি তাঁর ঠিকানায়। তারপর লোকটা গত মঙ্গলবার সকালে মারা গেলেন। কোনো অসুখ না কিছু না, এমনি এমনি মারা গেলেন। নীল পলিথিনে মোড়ানো লাশটা পড়ে থাকল পথের ধারে। লোকটার নামধাম কেউ এমনিতেই জানত না। এত বড় শহরে কে খুঁজতে যাবে তাঁর স্বজনদের? শেষে লোকজন চাঁদা তুলে লোকটার দাফন করার আয়োজন করতে শুরু করল। একদিন যার হয়তো কোনো স্বজন ছিল, আত্মীয়পরিজন ছিল, থাকার মতো একটা ঠিকানা ছিল, বলার মতো একটা নাম ছিল, সেই মানুষটার শেষ পরিচয় হয়ে গেল ‘অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ’। —কাওছার আহমেদ