এ ক দি ন হ ঠা ৎ
এক লিটার দুধে দুই লিটার পানিঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। রাত সোয়া তিনটা। সেহির খাওয়ার জন্য শিক্ষার্থীরা হলের বন্ধন মেসে দৌড়াচ্ছেন। আরও অনেক আগে থেকেই খাওয়া শুরু হয়েছে। লম্বা লাইন ধরে খাবার সংগ্রহের পালা। অবশ্য নেতা গোছের দু-একজন লাইন না ধরেই টেবিলে বসে যান। যদিও তাঁদের সকালে আবার খাবার খেতে ক্যানটিনে ঢুকতে দেখা যায়। লাইন ধরার একপর্যায়ে খাওয়া শুরু হলো। খাবার শেষে দুধ ও কলা রয়েছে। কিন্তু বেশির ভাগ শিক্ষার্থীই দুধ না খেয়ে চলে যাচ্ছেন। ব্যাপারটা বুঝতে পারলেন না আরেকজনের বদলি খাবার খেতে আসা এক শিক্ষার্থী। পাশেরজনকে জিজ্ঞাসা করলেই উত্তর দিলেন, ‘ভাই, এক লিটার দুধে দুই লিটার পানি দিলে কি আর দুধ খাওয়া যায়?’ ‘দুই লিটারেরও বেশি হবে।’ বললেন আরেকজন। ‘এ ছাড়া বোঁটকা একটা গন্ধ তো ফ্রি আছেই।’ বললেন আগেরজন। এসব কথা শুনে দুধ না খেয়েই চলে গেলেন ওই শিক্ষার্থী। কিন্তু এই রমজান মাসেও কি দুই নম্বরি করতে হয়?এমপির গাড়িফার্মগেট থেকে বিজয় সরণি যেতেই একটা ছোট জটলা দেখা গেল। একজন লোক আরেকজন নিরাপত্তাকর্মীকে গালিগালাজ করছেন এবং মারতে উশখুশ করছেন। অন্যরা তাঁকে ফেরানোর চেষ্টায় আছেন। পাশেই রয়েছে একটি প্রাইভেট কার। এটির সামনে ‘সংসদ সদস্য’ লেখা স্টিকার লাগানো দেখা গেল। কথা বলে জানা গেল, এই প্রাইভেট কারটি একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ফুটপাত ঘেঁষে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মী গাড়ির চালককে অন্য কোথাও রাখতে বলেন। চালক এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে মারতে গাড়ি থেকে নেমে আসেন। গালিগালাজ ও ধাক্কাধাক্কির একপর্যায়ে চালক বলতে থাকেন, ‘অই ব্যাটা, আমারে তুই চিনস। এমপির গাড়ি এইটা...।’ —তানজিল রিমন।এ কোন আমের মেলা...ব্যানারে একেবারে স্পষ্ট করে বড় বড় হরফে লেখা আছে ‘রাজশাহীর আমের মেলা’। অথচ ভেতরে বিক্রি হচ্ছে আনারস, কলা, পেঁপে—এই সব। সঙ্গে আছে আনার, মাল্টা আর অন্যান্য বিদেশি ফলও। আম আছে, তবে তা রাজশাহীর নয়, ভারত বা পাকিস্তানের আম। তাহলে এটা রাজশাহীর আমের মেলা হলো কী করে? এই প্রশ্নটাই করলে মেলার দোকানিরা জবাব দিলেন, ‘আমের সিজন তো শেষ, রাজশাহীর আম আসবে কোত্থেইকা? আমরা এখন এমনেই ফল-ফ্রুট বিক্রি করতাছি এহানে।’সে ভালো কথা, ফল-ফ্রুট বিক্রি করছেন করুক। কিন্তু ‘রাজশাহীর আমের মেলা’ কিংবা ‘১০০% কেমিক্যালমুক্ত আম’-এর মিথ্যে প্রলোভন দেখিয়ে ক্রেতা পটিয়ে নিয়ে আসার কোনো মানে আছে কি?হঠাৎ ইফতারবাস থেমে আছে কারওয়ান বাজারের রাস্তায়, এদিকে মাগরিবের আজান পড়ে যায় যায়। বাসের ভেতরের মানুষগুলোর আজ হয়তো আর সময়মতো ইফতার করা হবে না। ঠিক তখনই দু-তিনটি ছেলে এসে দাঁড়ায় বাসের জানালা ঘেঁষে। তারপর জানালা দিয়ে বাড়িয়ে দেয় এক বোতল পানি আর একটা কাগজের বাক্সে পোরা কিছু খেজুর। এক-দুজনকে নয়, বাসের সব যাত্রীকে ইফতার দিল তারা। সারা দিন রোজা রাখার পর, সময়মতো ইফতার জুটবে না—এই চিন্তায় মুখ কালো হয়ে গিয়েছিল। ইফতার পেয়ে লোকগুলো খুশি হয়। ছেলে দুটির পোশাক দেখে বোঝা যায়, এরা একটা মোবাইল ফোন কোম্পানির হয়ে কাজ করছে। এই বিনা পয়সার ইফতার বিতরণের পেছনে তাই খানিকটা বিজ্ঞাপনের উদ্দেশ্য যে নেই, সেটাও বলা যাবে না। তবে উদ্দেশ্য-বিধেয় যা-ই হোক না কেন, তাদের অসিলায় বাসে আটকে পড়া যাত্রীরা যে সময়মতো ইফতার করতে পারল, এটাই বড় কথা। —আহমেদ শাকিল