এ ক দি ন হ ঠা ৎ
আলো-আঁধারে আহসান মঞ্জিলগত রোববার বেলা সাড়ে তিনটা। আহসান মঞ্জিল জাদুঘরের অভ্যন্তর। প্রদর্শনী কক্ষে দর্শনার্থীর ভিড় বেশ ভালোই। দু-তিনটা কক্ষ পার হওয়ার পর অন্যান্য কক্ষে ঢুকতেই সাবধানে পা রাখতে হলো। চারপাশ অন্ধকার। ভেতরে আলো নেই। মাথার ওপর অবশ্য বাতি রয়েছে, কিন্তু লোডশেডিংয়ের তাড়নায় বিদ্যুৎ চলে গেছে। তাই এক ঘণ্টা আঁধারে ডুবে আছে জাদুঘরের প্রদর্শনী কক্ষগুলো। এক ঘণ্টা পরপর এই আলো-আঁধারির খেলা চলে। কিন্তু আলোর ব্যবস্থা না থাকায় ভেতরে কোথায় কী আছে, কিছু বোঝা যায় না। দেখতে হলে এক ঘণ্টা অপেক্ষা করতে হবে। কিন্তু কর্তৃপক্ষ কী আলোর ব্যবস্থা করতে পারে না? না কী দর্শনার্থীদের সঙ্গে আলো-আঁধারের এই খেলায় বেশ মজা পায় তারা? একটা জেনারেটরের ব্যবস্থা তো করতে পারেন।রাজপথে ফাঁদমুখ খোলা ম্যানহোলের অভাব নেই অলিগলিতে। সেসবে পা হড়কে পড়ে অহরহই আহত হচ্ছে পথচারীরা। খোলা ম্যানহোলে যানবাহনের চাকাও গলে পড়ছে প্রায়ই। নগরকর্তাদের হেলায় অলিগলির ম্যানহোলে সহজে আর ঢাকনা লাগানো হয় না। তাই বলে রাজপথেও ঢাকনা ছাড়া ম্যানহোল বা গর্ত থাকবে? কর্তাদের হেলায় তা-ও আছে। রাজপথের ছোটখাটো গর্ত বা খোলা ম্যানহোল পাশ কাটিয়ে বাস, ট্রাক দ্রুতই চলে যেতে পারে। কিন্তু সিএনজিচালিত অটোরিকশা কিংবা মোটরসাইকেল পড়ে বিপাকে। এমনই এক ঘটনা চোখে পড়েছে দিনকয়েক আগে। সিএনজিচালিত অটোরিকশার সামনের চাকা একেবারে গর্তে আটকে যায়। ভাগ্যিস বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এই বিপত্তি এড়াতে নগরকর্তারা কি সচেষ্ট হবেন?—খালেদ সরকারএক টিকিটে তিন বাস!এক টিকিটে দুই ছবির পোস্টার দেখা যায়। তাই বলে এক টিকিটে তিন বাসে চড়ার অভিজ্ঞতা! মৌচাক মোড় থেকে বনানী—এটুকু রাস্তা যেতেই এক টিকিটে তিনটি বাসে চড়ার সুযোগ পেয়েছেন দিবানিশি পরিবহনের অনেক যাত্রীই। অক্টোবরের ৫ তারিখে সন্ধ্যা ছয়টার দিকে মৌচাক থেকে দিবানিশি পরিবহনের একটি বাস বনানীর উদ্দেশে যাত্রা শুরু করে সহসাই প্রগতি সরণির মেরুল বাড্ডার কাছে এসে থমকে দাঁড়ায়। বাসের চালক জানান, ‘গ্যাসের লাইনের তার কাইট্যা গেছে, গাড়ি আর চলব না।’ বাসযাত্রীদের মধ্যে যাঁদের গন্তব্য ছিল বাড্ডা এলাকায়, তাঁদের অনেকেই হেঁটে রওনা শুরু করেন। গুলশান-বনানীর যাত্রীরা তখনো বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পরে এল দিবানিশিরই আরেকটি বাস। সেই বাসে উঠে বসলেন বাকি যাত্রীরা। নিয়মিত এই বাসে করে যাওয়া-আসা করা এক ভদ্রলোক জানালেন, ‘এরা প্রায়ই এ রকম করে। রাস্তার মাঝখানে গাড়ি নষ্ট হয়ে গেছে বলে পরের বাসে যাত্রী তুলে দেয়।’ তাঁর কথার রেশ কাটতে না কাটতেই গুলশান-১ নম্বর পার হয়ে ২ নম্বরের দিকে যেতেই মাঝপথে এবার নষ্ট হলো পরের বাসটি অর্থাৎ দ্বিতীয়টি। জবাবে চালক ও হেলপার সমস্বরে জবাব দিলেন, ‘গ্যাস শ্যাষ হইয়া গেছে।’ ওইখানে রাস্তার কোলঘেঁষে দাঁড় করানো ছিল দিবানিশি পরিবহনের আরেকটি বাস।এবার চালক আর হেলপার সামনের বাসের গ্যাসের সিলিন্ডার থেকে এই বাসে গ্যাস নিতে লাগলেন একটি চিকন পাইপ। হাতুড়ে চিকিৎসকদের মতো করে তাঁদের এই গ্যাস আনা-নেওয়া প্রথমত বেআইনি এবং দ্বিতীয়ত প্রক্রিয়াটি খুবই বিপজ্জনক। কারণ, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আরেকটি বাস এল বিকল বাসটির কাছে। বাসের যাত্রীরা সবাই গিয়ে উঠলেন তিন নম্বর বাসটিতে। ‘এই রোডে আর কোনো বাস নাই তো, তাই এরা এ রকম শয়তানি করে। আসলে বাস নষ্ট হয় না। প্রায় দিনই এরা এ রকম করে।’ অভিযোগ করলেন দিবানিশি পরিবহনের কয়েকজন যাত্রী। —অর্ক আসিফবিজাতীয় রিকশাওয়ালাছবির রিকশাওয়ালা ও যাত্রীদের দেখে নিশ্চয়ই চমকে উঠেছেন। অবশ্য অন্য কোনো যান চলাচল করে এমন সড়কে তাঁরা রিকশা চালাননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অভ্যন্তরের সড়কে তাঁদের দেখা গিয়েছিল। দেখে মনে হয়েছে, রিকশা চালিয়ে খুব মজা পাচ্ছেন এই বিদেশিরা। আবার সামনে থেকে এসব ভিডিও ধারণ করছিলেন কয়েকজন বিদেশি। কেউ কেউ ছবিও তুলছিলেন। তাঁদের সঙ্গে থাকা বাংলাভাষী গাইডের সঙ্গে কথা বলে জানা যায়, বিদেশিরা এসেছেন জাপান থেকে। তাঁরা বাংলাদেশের ওপর একটা প্রামাণ্যচিত্র করতে এসেছেন। রিকশাচালক ও যাত্রী হওয়ার দৃশ্য ধারণ করা প্রামাণ্যচিত্রেরই একটা অংশ। শৈল্পিক টয়লেট!প্রচণ্ড বেগ নিয়ে টয়লেটের ভেতর ঢুকলেন এক শিক্ষার্থী। কিন্তু পরক্ষণেই ‘ওয়াক থু’ করতে করতে বের হয়ে এলেন। মুখের ভাব দেখে মনে হলো, এখনই পেটের ভেতর যা আছে বের হয়ে যাবে। টয়লেটের ভেতর ঢুকতেই রহস্য উন্মোচন হয়ে গেল। কমোড ভর্তি হয়ে আছে মনুষ্য বর্জ্যে। বসার মতো অবস্থা নেই। দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছে। টয়লেটের দেয়ালঘেঁষে বাইরে লাগানো বেসিন থেকে আবার পানি গিয়ে পড়ে কমোডে বসার জায়গায়। দরজার সিটকিনিও ঠিক নেই। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিকস ডিজাইন বিভাগের নিচতলার টয়লেটের চিত্র। শিক্ষার্থীরা জানান, টয়লেটটি সময়মতো পরিষ্কার করা হয় না। খুব প্রয়োজন না হলে এ টয়লেটে কেউ যান না। অন্য কোনো বিভাগের টয়লেটে যান তাঁরা। শিক্ষার্থীদের কেউ কেউ অবশ্য এটিকে চারুকলার ‘শৈল্পিক টয়লেট’ হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু কর্তৃপক্ষ কী এটির খবর জানে না? নাকি তারাও শিক্ষার্থীদের সঙ্গে একমত যে এটি ‘শৈল্পিক টয়লেট’?—রিমন রাহী