এ ক দি ন হ ঠা ৎ
জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল!সন্ধ্যা নেমেছে খানিক আগেই। ব্যস্ত পায়ে সবাই ছুটছেন নিজ নিজ গন্তব্যে। রাস্তা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকার মুখেই শাহবাগ মোড়ের পুলিশ বক্সের পাশে জনতার জটলা দেখে থমকে চোখ আটকে গেল। কাছে গিয়ে দেখা গেল, এক রিকশায় দুজন আরোহী বসে আছেন। তাঁদের একজনের মুখ দিয়ে লালা ঝরছে। পরনের জামার বোতাম ছেঁড়া। তাঁর মুখে, কানে খামচানোর দাগ দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই তাঁকে পেটানো হয়েছে। ঘটনাস্থলের উৎসুক দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, রিকশায় বসে থাকা দুজনই একই বাসের কর্মী। বয়সে আর শরীরে অপেক্ষাকৃত বড়জন বাসের কন্ডাক্টর, আর ছোটজন যিনি কিনা মার খেয়ে প্রায় সংজ্ঞাহীন তিনি বাসের হেলপার। বাসের মধ্যে ভাড়া কাটা নিয়ে ঝামেলা হওয়ার সময় কন্ডাক্টর পিটিয়েছেন হেলপারকে। পরবর্তী সময়ে বাসের যাত্রীদের কাছে উত্তম-মধ্যম খাওয়ার ভয়ে কন্ডাক্টর নিজেই আহত হেলপারকে নিয়ে ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য রিকশায় চেপে বসেছেন। কিন্তু ভিড় করে থাকা জনতার সন্দেহ, আহত হেলপারকে নিশ্চয়ই কন্ডাক্টর মেডিকেলে নিয়ে ফেলে রেখে আসবেন। তবে ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশটি কিন্তু সেসবে মাথা ঘামায় না। তাদের ভাব দেখে মনে হয়, বিষয়টি খুবই সামান্য এবং হেলপারকে মেডিকেলে নিয়ে গেলেই বোধহয় সব ল্যাঠা চুকে যাবে। এ সময় ভিড়ের মধ্য থেকে একজন চেঁচিয়ে বলে ওঠেন, ‘দুর্বলরে সবাই পিটাতে পারে। সাহস থাকলে যার শক্তি আছে, তার সাথে লাগো!’ —আলী আসিফঅ্যাকুরিয়ামে শরবত! গুলিস্তান আন্ডারপাসের পাশে একটা টেবিলের ওপর অ্যাকুরিয়াম নিয়ে বসেছেন এক লোক। তাতে ঘোলাটে পানিতে ভাসছে কয়েক টুকরো লেবু। আসলে অ্যাকুরিয়াম-ভর্তি পানীয়টি হলো লেবুর শরবত। অ্যাকুরিয়ামটি বড় হওয়ায় তাতে নাড়া দেওয়ার জন্য দরকার জুতসই একটি চামচ। কিন্তু অ্যাকুরিয়ামের সাইজের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রেতা জোটাতে পারেননি সেই জুতসই চামচ। ফলে আখ বিক্রেতার কাছ থেকে চেয়ে নেওয়া তিন ফুট আকারের আখ দিয়েই চালাচ্ছিলেন চামচের কাজ। ক্রেতাও জুটছে দেদার। কিন্তু ক্রেতাদের কেউই হয়তো জানেন না লেবু ভাসানো শরবত কতটুকু স্বাস্থ্যসম্মত।— আজহার হোসেনঢাকা কলেজের ছাত্র বলে কথাফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে একটি লেগুনার গন্তব্য নিউমার্কেট। ভেতরে ১২ জন বসার পরও পেছনে ঝুলে থাকলেন চারজন। যেকোনো সময় উল্টে যেতে পারে লেগুনা। তাই ভেতরে বসা যাত্রীরা ঝুলন্ত যাত্রীদের নামতে বললেন। কিন্তু কে শোনে কার কথা। ঝুলন্ত যাত্রীদের একজন উল্টো গালি দেওয়া শুরু করলেন। সঙ্গে শাসাতে থাকলেন, সামনে গেলে দেখিয়ে দেবেন। এই করবেন, সেই করবেন। একজন যাত্রী বললেন, ‘এই ব্যাটা, তুই সরকারি দলের নাকি, ভয় দেখাচ্ছিস।’ পান্থপথে এসে ঝুলন্ত ওই যাত্রী তাঁর মুঠোফোনে বললেন, ‘তোরা কয়েকজন একটু কলেজের সামনে আয়।’ এতে আর বোঝার বাকি থাকল না যে এই ব্যাটা ঢাকা কলেজের ছাত্র। ভেতরে বসা ঢাকা কলেজের আরেক ছাত্র এবার বললেন, ‘ঢাকা কলেজে পড়েন তো কী হয়েছে। আপনার মতো দু-একজন বেয়াদব ছাত্রের জন্য ঢাকা কলেজের এত বদনাম। আমিও কিন্তু ঢাকা কলেজে পড়ি।’ ঢাকা কলেজের প্রসঙ্গ ওঠায় যাত্রীদের আর কেউ কোনো কথা বললেন না। এদিকে ঝুলন্ত যাত্রী মুঠোফোনে বারবার তাড়া দিচ্ছিলেন তাঁর বন্ধুদের। ঢাকা কলেজের সামনে আসতেই প্রায় ৫০ জন ছাত্র লেগুনাকে ঘিরে ফেললেন। বাইরে থেকেই তাঁরা যাত্রীদের কিলঘুষি দিতে লাগলেন। ভেতরে বসা ঢাকা কলেজের ছাত্রকেও মারতে মারতে লেগুনা থেকে নামালেন। নিউমার্কেটের সামনে আসতেই একজন বললেন, ‘এগুলা ছাত্র, নাকি গুন্ডা। লেহাপড়া করতে এসে গুন্ডামি করে।’ যিনি এ কথা বললেন, তিনি আর কেউ নন, ওই লেগুনার একজন যাত্রী ছিলেন। কিন্তু বিপদ বুঝে ঢাকা কলেজের সামনে আর আসেননি, সায়েন্স ল্যাবরেটরি সিগন্যালে নেমে পড়েছিলেন।—তানজিল আহমদ