এ কেমন আচরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে অজ্ঞান হয়ে যাওয়া এক বৃদ্ধকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছেন পুলিশের তিন সদস্য। দুজন দুই হাত ধরেছেন আর একজন দুই পা। মানুষ ভিড় করে সে দৃশ্য দেখছে। যেন কোনো জীবজন্তু। আদালত অবমাননার অভিযোগে এ বৃদ্ধের সাজা হয়েছে। হাতকড়া পরিয়ে পাঁচ ঘণ্টা তাঁকে আটক রাখার নির্দেশ হয়েছে। সেই সাজা কার্যকর করতে পুলিশ সদস্যরা এভাবেই তাঁকে নিয়ে যান কোর্টহাজতে। ষাটোর্ধ্ব এ বৃদ্ধের নাম আকবর আলী। তিনি একটি মামলার বাদী। গতকাল রোববার নীলফামারীর বিচারিক হাকিমের আদালতে সেই মামলার শুনানি চলাকালে তিনি আদালত অবমাননা করেন। হাকিম এস রমেশ কুমার ডাগা তাঁকে এ সাজা দেন। তবে হাতকড়া পরাতে গেলেই আদালতের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলেন আকবর। এরপর কোর্ট পুলিশের তিন সদস্য তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যান। যথারীতি তাঁকে পাঁচ ঘণ্টা আটক রেখে বিকেল পাঁচটায় মুক্তি দেওয়া হয়। আটক হওয়া লোকদের সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে, তার নির্দেশনা রয়েছে পুলিশ প্রবিধানে। কিন্তু পুলিশ সদস্যরা তা মানেন না। জ্ঞানহারা বৃদ্ধের সঙ্গে এ ধরনের আচরণ মানবিক কি না, জানতে চাইলে নীলফামারীর সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃদ্ধ আকবর আলী নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম কাঠালী গ্রামের বাসিন্দা। দুই বছর আগে গ্রামের ফজলুর ছেলে মাজেদুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি। এরপর পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। এর জের ধরে আসামির বাবা তাঁর লোকজন নিয়ে গত বছরের ২৪ আগস্ট আকবর আলী ও তাঁর মেয়েকে মারধর করেন। এ অভিযোগে আকবর নালিশি মামলা করেন। নীলফামারীর বিচারিক হাকিমের আদালতে গতকাল সেই মামলার শুনানি চলছিল।নাম প্রকাশে অনিচ্ছুক কোর্ট পুলিশের এক সদস্য জানান, আদালতে সাক্ষ্য চলার সময় বাদী আকবর আলী বিবাদীপক্ষের আইনজীবী ও বিচারকের সঙ্গে অশোভন আচরণ করেন। এরপর আদালত তাঁকে হাতকড়া লাগিয়ে আটক করার নির্দেশ দেন। তবে বাদী প্রথমে হাতকড়া লাগাতে বাধা দেন। জোর করে হাতকড়া লাগাতে গেলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় পুলিশ তাঁকে নিয়ে যায়।জানতে চাইলে বাদীর আইনজীবী কামরুজ্জামান বলেন, বিবাদীর আইনজীবী ও বিচারকের সঙ্গে খারাপ আচরণ করায় বাদীর সাজা হয়।তবে আকবর আলী জানান, ‘আসামিপক্ষের আইনজীবী জেরা করার সময় আমাকে বলেন, ধর্ষণের মামলাটি মিথ্যা। আমি বলেছি, আমার মামলায় এসপি সাহেব তদন্ত করেছেন, মেডিকেল রিপোর্টও সত্য প্রমাণিত হয়েছে। ম্যাজিস্ট্রেটকে বলেছি, স্যার আমার কথাগুলো লেখেন, ন্যায়বিচার করেন। এতে তিনি রেগে যান। আমাকে হাতকড়া লাগাতে বলতেই আমি জ্ঞান হারিয়ে ফেলি।’যোগাযোগ করা হলে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে একজন পুলিশ সদস্য বলেছেন, জ্ঞান হারানোর পর নাকে-মুখে পানি ছিটিয়ে দিলে তাঁর জ্ঞান ফিরে আসে।