এ কেমন শত্রুতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গতকাল শুক্রবার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রুস্তম আলী নামের এক কৃষকের ছয় হাজার কলাগাছ কেটে ফেলছে প্রতিপক্ষের লোকজন। বারিষাবো ইউনিয়নের কুশদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতেই ৫৪ জনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি মামলা হয়েছে। এ ব্যাপারে বারিষাবো ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউজ্জামান বলেন, জমি নিয়ে রুস্তমের সঙ্গে একই গ্রামের কয়েকজনের বিরোধ চলে আসছে। দুই পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে একাধিক মামলাও আছে। তবে জমির প্রকৃত মালিক কে—এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। মালিক যিনিই হোন না কেন, এ ধরনের ঘটনা হূদয়বিদারক। ফসলের বিরাট অংশের ক্ষতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।কৃষক রুস্তম আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আমার সংসারের যা কামাই (আয়) ছিল, সব দিয়ে আমি কলাবাগান করেছিলাম। প্রতিপক্ষের লোকেরা আমার বাগানের সব কলাগাছ কেটে ফেলেছে। পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।’রুস্তম আলীর স্ত্রী রওশন আরার ভাষ্য, তাঁর স্বামী তিন একর জমিতে কলাবাগান করেছিলেন। প্রত্যেক কলাগাছে ছড়া বেরিয়েছিল। গতকাল সকালে ঘন কুয়াশার মধ্যে প্রতিপক্ষের লোকজন সব কলাগাছ কেটে ফেলে। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি খুব নৃশংস। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ তিনি জানান, গতকাল রাতে মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি।