এ কোন ফেলপস!
ছবিটা দেখুন। যেন এক্ষুনি ডানা মেলে উড়ে যাবেন আকাশে। অবশ্য তাঁর জন্য ‘আকাশ’টা ‘জলজ’—সুইমিংপুল। একসময় যেখানে ছিল তাঁর দাপুটে বিচরণ। ইদানীং অবশ্য অদ্ভুত এক সময়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে। ‘জঘন্য’, ‘হুম্, মোটামুটি’, ‘আমি সন্তুষ্ট’—কোনো একজনের পারফরম্যান্স সম্পর্কে যখন এমন মন্তব্য করা হয়, বোঝাই যায়, তৃতীয় বিশ্বের রাজনৈতিক পরিস্থিতির মতোই অস্থিতিশীল তাঁর ফর্ম! খোদ মাইকেল ফেলপস নিজেই নিজের সম্পর্কে এই আত্মমূল্যায়ন করেছেন গত কয়েক দিনে। সুইমিংপুলে নামা মানেই আরেকটি জয়ের নিশ্চয়তা ছিল তাঁর জন্য। গত বেইজিং অলিম্পিক গড়ে দিয়েছিল ‘জলদানবে’র ভাবমূর্তি। যেখানে এই মার্কিন সাঁতারু আটটি ইভেন্টে সাঁতারে প্রতিটিতেই জিতেছিলেন সোনা। এর সাতটিতেই আবার নতুন বিশ্বরেকর্ড। কিন্তু সেই সোনালি সুদিন আর নেই। মাত্রই শেষ হওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতেই হেরে গেছেন রায়ান লোচটের কাছে। এর পর আরও পতন, ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ফেল্প্স হলেন চতুর্থ! গত বুধবার শুরু প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপেও অটুট রইল এই উত্থান-পতন। ফেলপস চেয়ে চেয়ে দেখলেন, তাঁকে পার্শ্বনায়ক বানিয়ে দিয়ে কীভাবে রায়ান লোচটে বয়ে নিয়ে চলেছেন যুক্তরাষ্ট্রের পতাকা। ১৪টি অলিম্পিক সোনা, এতগুলো বিশ্বরেকর্ডের মালিক...ফেফেলপসের কি ভালো লাগছে অন্যের অর্জনে করতালি দিয়ে চলা?