প্রয়াত বুদ্ধিজীবী নিরোদ সি চৌধুরী বাঙালিকে আত্মঘাতী জাতি বলে বর্ণনা করেছিলেন। তার একটা বড় লক্ষণ হলো, বাঙালিরা তাদের শ্রেষ্ঠ সন্তানদের শুধু হেনস্তা করেই ছাড়েনি, তাদের হত্যা পর্যন্ত করেছে। ড. ইউনূসকে নিয়ে সামপ্রতিক যে বিতর্ক উঠেছে, ইতিহাসের পরিপ্রেক্ষিতে সেই বিতর্ক নিয়ে আমাদের তাই অবাক হওয়ার কিছু নেই। রবীন্দ্রনাথের কপালেও এ ধরনের হেনস্তা ঘটেছিল। নোবেল পুরস্কার অর্জনের পর কলকাতার ভদ্রলোকেরা তাঁকে যে অভিনন্দন দিতে চেয়েছিল, সেটি তিনি গ্রহণ করেননি। সেখানে তিনি দুঃখ করে বলেছিলেন যে পাশ্চাত্য তাঁর কাজের সৌন্দর্য উপলব্ধি করে তাঁকে নোবেল পুরস্কার দিয়েছে, বাঙালিরা তাঁকে নোবেল পুরস্কার দেয়নি, তাদের পক্ষে তাঁর কাজের সঠিক মূল্যায়ন করা সম্ভব নয়। কাজেই তিনি বাঙালি ভদ্রলোকদের অভিনন্দন গ্রহণ করতে অপারগ। ড. ইউনূস অবশ্য এ ধরনের কোনো কথা বলেননি। তবু মনে হয় যে আমাদের বাঙালি মনের ক্ষুদ্র গণ্ডি থেকে তাঁর সঠিক মূল্যায়ন সম্ভব নয়। আমি এখানে তাঁর কাজের মূল্যায়ন আমার দৃষ্টিকোণ থেকে করব না, আমি শুধু নোবেল কমিটির চেয়ারম্যান তাঁর কাজের যে মূল্যায়ন করেছেন, সেটাই পুনরাবৃত্তি করতে চাই। নোবেল কমিটির মতে, ড. ইউনূসের অর্জন প্রধানত চারটি। প্রথমত, তিনি একটি নতুন ধারণার শুধু জন্মই দেননি, সে ধারণাটির প্রয়োগ করে দেখিয়েছেন যে ধারণাটি সঠিক। ড. ইউনূসের আগে বিশ্বাস করা হতো যে বন্ধকবিহীন ঋণ বাণিজ্যিকভাবে সম্ভব নয়। বন্ধক শুধু বড়লোকদের পক্ষেই দেওয়া সম্ভব ছিল, গরিবের পক্ষে নয়। ড. ইউনূস প্রমাণ করলেন যে বন্ধক ছাড়া ঋণ দেওয়া সম্ভব। গ্রামীণ ব্যাংকের অভাবিত সাফল্যের আগে বাংলাদেশে বন্ধকবিহীন ঋণ ছিল না বললেই চলে। আজকে বাংলাদেশে মোট ঋণপ্রবাহের শতকরা পাঁচ ভাগের বেশি বন্ধকবিহীন ঋণ।দ্বিতীয়ত, ড. ইউনূস এবং বাংলাদেশে এনজিও খাতে তাঁর অন্য সহকর্মীরা একটি নীরব সামাজিক বিপ্লব ঘটিয়েছেন। সাধারণত মনে করা হয় যে একটি মুসলিমপ্রধান দেশে নারীদের ক্ষমতায়ন অত্যন্ত শক্ত। ড. ইউনূস গ্রামীণ ব্যাংকে ৭০ লাখের বেশি মহিলাকে সংগঠিত করেছেন। নোবেল কমিটি মনে করে যে একটি মুসলিমপ্রধান দেশে এটি একটি বড় ঘটনা। তৃতীয়ত, ড. ইউনূস ও বাংলাদেশে অন্যান্য এনজিও যে ক্ষুদ্রঋণ-ব্যবস্থা প্রবর্তন করেছে, সেটা শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর অন্যান্য দেশেও দারিদ্র্য নিরসনে সহায়ক হয়েছে। তার অর্থ এই নয় যে ক্ষুদ্রঋণ দিলেই সর্বত্র দারিদ্র্য দূর হয়ে যাবে। নোবেল কমিটি স্পষ্ট ভাষায় বলেছেন যে ক্ষুদ্রঋণ দারিদ্র্যমুক্তির একমাত্র উপায় নয়, অন্যতম উপায়। এই পদ্ধতি প্রয়োগ করে বাংলাদেশ ছাড়া আরও ১০০টি দেশে ফল পাওয়া গেছে।৪ নম্বর বিষয়, যেটির ওপরে নোবেল কমিটি জোর দিয়েছেন, বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য শুধু সামরিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠাই যথেষ্ট নয়, দারিদ্র্য নিরসনেরও উদ্যোগ নিতে হবে। ড. ইউনূস ও তাঁর সহকর্মীরা দরিদ্র মানুষের সমস্যাকে সামনে নিয়ে এসেছেন।ড. ইউনূসকে নোবেল প্রাইজ দিয়ে শুধু একজন ব্যক্তিকেই সম্মানিত করা হয়নি, এই নোবেল পুরস্কারের মাধ্যমে এ জাতীয় ক্রিয়াকাণ্ডে যাঁরা বিশ্বাস করেন, তাঁদের সবাইকে সম্মানিত করা হয়েছে। এই নোবেল পুরস্কার শুধু ড. ইউনুসের একা নয়, এই নোবেল পুরস্কারের কৃতিত্ব বাংলাদেশের সব এনজিও ও সব গরিব মানুষই দাবি করতে পারে।সবশেষে একটি শঙ্কার কথা বলি। বাঙালির ইতিহাসে দেখা গেছে, আমরা সংগঠন যত ভাঙতে পারি, তত গড়তে পারি না। কবি চণ্ডীদাস লিখেছিলেন, ‘গড়ন ভাঙিতে পারে আছে কত কল, ভাঙিয়া গড়িতে পারে যেজন বিরল।’ আমি প্রার্থনা করি, আমাদের ধ্বংসাত্মক ও হিংসাত্মক প্রবণতা প্রতিহত করে আমরা যেন গ্রামীণ ব্যাংকের মতো সৃৃজনশীল প্রতিষ্ঠান জীবনের সর্বক্ষেত্রে গড়ে তুলতে পারি। আমরা যেন ভাঙনের চেয়ে সৃজনের ওপরই বেশি গুরুত্বপূর্ণ করি।আকবর আলী খান: তত্ত্বাবধায়ক সারকারের সাবেক উপদেষ্টা, সাবেক সচিব