এ ঘটনাটি অথই সমুদ্রে জলকণাসম: টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে সব দায়দায়িত্ব গ্রহণ করে নৈতিক অবস্থান থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে রেল মন্ত্রণালয়কে ঘিরে আবর্তিত অস্বচ্ছ লেনদেন এবং দুর্নীতির ঘটনায় গভীর অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছে ওই সংগঠনটি। আজ শুক্রবার টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই বিবৃতি দেন। বিবৃতিতে টিআইবি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, মধ্য রাতে টাকা ভাগাভাগির এ ঘটনায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি দপ্তরে জনবল নিয়োগে অবৈধ লেনদেনের মাধ্যমে লাখ লাখ টাকা সংগৃহীত হওয়ার চিত্র ফুটে উঠেছে। এর মাধ্যমে সরকারি দপ্তর ও উচ্চ রাজনৈতিক মহলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার ঘটনা বেরিয়ে এসেছে।বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ঘটনার পর বিজিবি ও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। সংস্থা দুটি প্রভাবান্বিত হয়ে নীরবতা পালন করেছে—যা এই অপরাধকে প্রশ্রয় দেওয়ারই শামিল।ঘটনার প্রধান সাক্ষী গাড়িচালককে দ্রুত খুঁজে বের করে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে টিআইবি। এ দুর্নীতির ঘটনাটি অথই সমুদ্রে জলকণাসম উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, যে সরকার দুর্নীতির বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ।