এ ঘটনায় বিএনপি নোংরা রাজনীতি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘পরাগ মণ্ডলকে আমরা এখনো উদ্ধার করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তবে সরকার আপ্রাণ চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সব প্রযুক্তি ব্যবহার করছে।’ যদি কারও কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানান তিনি। তিনি অভিযোগ করেন, ‘এ ঘটনা নিয়ে বিএনপির রাজনীতি শুরু হয়ে গেছে। নৃশংস এ ঘটনা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না।’আজ মঙ্গলবার বিকেলে শুভাঢ্যা পশ্চিমপাড়ায় পরাগ মণ্ডলদের বাসায় যান আইন প্রতিমন্ত্রী। সেখানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। গুলিতে আহত পিনাকীর সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত শোনেন। এ সময় কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান মো. শাহিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিয়া তাঁর সঙ্গে ছিলেন।আইন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাঁকে পাঠিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ঘটনাটি তদারকি করছেন।আরও এক যুবককে অপহরণের অভিযোগ: যে স্থান থেকে পরাগকে অপহরণ করা হয়েছে, সেই একই স্থান (শুভাঢ্যা পশ্চিমপাড়া) থেকে আরও এক যুবককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহূত যুবকের মা রহিমা বেগম আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।রহিমা বেগম জানান, গতকাল সোমবার সকালে মুঠোফোনে তাঁর ছেলে কালাচাঁনকে (৩০) স্থানীয় বিশু নামে একজন ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ। আজ সকালে তিনি ছেলের সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন। রহিমা বেগম আরও জানান, তাঁর ছেলে কালাচাঁন একজন সিএনজিচালিত অটোরিকশার চালক। তিনি শুনেছেন, কয়েক ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর ছেলেকে তুলে নিয়ে গেছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।