এ জয় জনতার: আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ জয় জনতার, এ জয় খেটে খাওয়া মানুষের। নির্বাচনের এই ফলাফল নারায়ণগঞ্জবাসীর জীবনে মুক্তির বারতা নিয়ে এসেছে।’গতকাল রাত নয়টায় প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় সেলিনা হায়াৎ আইভী এ কথা বলেন। ততক্ষণে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বলে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে।শহরের দেওভোগের বাসভবনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আজ (রোববার) ভোর ছয়টায় আমি যখন ঘুম থেকে উঠলাম, আমার ছোট ছেলে অনন্ত আমার হাতটা ওপরে তুলে ধরল। তারপর আবারও ঘুমিয়ে পড়ল। আমি আমার বাবার ছবির দিকে তাকালাম। মনে হলো, বাবা বলছে, আমার জয় হবেই হবে।’আইভী বলেন, পৌরসভার মানুষ দীর্ঘ আট বছর তাঁর সঙ্গে ছিল। পুরো নারায়ণগঞ্জবাসী এবার আবারও অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। এদের সবাইকে সঙ্গে নিয়ে তিনি একটি শান্তির শহর গড়ে তুলতে চান। আজীবন মানুষের পাশে থেকে সেবা করে যেতে চান। এক এক করে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করাই এখন তাঁর লক্ষ্য বলে মন্তব্য করেন।নির্বাচনী লড়াইয়ের এই সময়টা সেলিনা হায়াৎ আইভী সব রকম প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে টিকে ছিলেন বলেও মন্তব্য করেন। তাঁর বিরুদ্ধে দলের নেতারা গণসংযোগ করেছেন, লিফলেট বিলি করে কুৎসা রটিয়েছেন। তার পরও তিনি সরে যাননি। আইভী বলেন, ‘নির্বাচন করব মনস্থির করার পর থেকে এক মুহূর্তের জন্যও মনে হয়নি আমি হেরে যাব। গত ২১ দিনের প্রচারণা আমার চোখ খুলে দিয়েছে। বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকা তুলনামূলকভাবে এখনো অনেক অনগ্রসর। এলাকার মা-বোনেরা আমার কাছে রাস্তা চেয়েছেন, ড্রেন করে দিতে বলেছেন। আমি সবার আগে অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ দিতে চাই।’নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ে, বিশেষ করে, নারী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইভী। তিনি বলেন, ‘সেনাবাহিনী মোতায়েন হয়নি, আমার নেতা-কর্মীদের ভয়ভীতি দেখিয়ে চলেছিল একটি পক্ষ। তার পরও এত বিপুলসংখ্যক নারী ঘর থেকে বেরিয়ে এসেছেন! এই সমর্থন অভাবিত, অকল্পনীয়।’ প্রবাসী বাঙালিদেরও তিনি শুভেচ্ছা জানিয়েছেন।দলের সমর্থন ছাড়া উন্নয়ন কীভাবে করবেন, কোথা থেকে অর্থ আসবে, এমন প্রশ্নে আইভী বলেন, ‘রাজনীতি করা আর প্রশাসন চালানো দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। নারায়ণগঞ্জ পৌরসভার নিজস্ব আয় ছিল বছরে দুই কোটি টাকা। সিটি করপোরেশনকে স্বাবলম্বী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সিটি করপোরেশন যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ পায়, নারায়ণগঞ্জও তা থেকে বঞ্চিত হবে না বলে বিশ্বাস করি।’সন্ত্রাসের নগর বলে নারায়ণগঞ্জের দুর্নাম আছে, শহরকে সন্ত্রাসমুক্ত করতে কী উদ্যোগ নেবেন, এমন প্রশ্নে আইভী বলেন, নারায়ণগঞ্জবাসী ভোট দিয়ে প্রমাণ করেছে তারা সন্ত্রাসী, দখলদারদের কর্তৃত্ব থেকে মুক্তি চায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা নিয়ে আইভী একটি সন্ত্রাসমুক্ত শহর গড়ার অঙ্গীকার করেন।দলের সমর্থন ছাড়া নির্বাচনে দাঁড়িয়ে শীর্ষস্থানীয় নেতাদের অনেকের বিরাগভাজন হয়েছেন, এ দূরত্ব কীভাবে ঘোচাবেন, জানতে চাইলে আইভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তিনি রাজনীতিকে টেনে আনতে চান না। তিনি আরও বলেন, ‘শেষ যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেছি, সেদিনও তিনি মাথায় হাত দিয়ে তাঁকে দোয়া করেছেন।’ তাঁর ভাষায়, ‘আমার বাবা আলী আহাম্মেদ চুনকা আমার প্রেরণা, আর এ নির্বাচনে শেখ হাসিনার দোয়া ছিল আমার সাথে।’