মিয়ানমারের উপনির্বাচনে বিশাল জয় পেয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে অভিনন্দিত হয়েছে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। ফলাফলকে স্বাগত জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইঙ্গিত দিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে বেশ কিছু ক্ষেত্রে তারা মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে। গতকাল মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে নির্বাচন কমিশন থেকে পাওয়া ফলাফল ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বিতা করা ৪৪টি আসনের মধ্যে সু চির এনএলডি ৪৩টিতেই জয়ী হয়েছে। বিজয়ের প্রতিক্রিয়ায় নোবেল বিজয়ী সু চি বলেছেন, এর মধ্য দিয়ে মিয়ানমারে নতুন যুগের সূচনা হলো। এনএলডির জয়কে ‘জনগণের বিজয়’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখন দলটির লক্ষ্য অন্য দলগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে মিলেমিশে কাজ করা। ফলাফলে দেখা গেছে, পার্লামেন্টের ৪৪০ আসনের নিম্নকক্ষে এনএলডি ৩৭টি আসন, ২২৪ আসনের উচ্চকক্ষে চারটি আসন ও আঞ্চলিক পরিষদে দুটি আসন জিতেছে। ২০১০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন এনএলডি বর্জন করেছিল। জান্তা সরকারের বিধিমালা ও শর্ত গ্রহণ না করায় অবশ্য এর কয়েক মাস আগেই দলটিকে নিষিদ্ধ করা হয়। নির্বাচনের পর আবেদনক্রমে তাদের নতুন করে নিবন্ধন দেওয়া হয়। ২০১০ সালের নির্বাচনে বিজয়ী যেসব এমপি মন্ত্রী হয়েছেন, তাঁদের শূন্য আসন পূরণ করতে ৪৫টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।পূর্বাঞ্চলীয় শান রাজ্যে শান ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টির (এসএনডিপি) কাছে একটি আসন হেরেছে এনএলডি। ওই রাজ্যে সংখ্যালঘু আদিবাসীদের কাছে এসএনডিপি খুবই জনপ্রিয়। নির্বাচনে সাবেক জান্তা-সমর্থিত ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) মাত্র একটি আসনে জিতেছে। ওই আসনে এনএলডির প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। রাজধানী নেপিডোতে চারটি আসনে জয়ী হয়েছে এনএলডি। যদিও নেপিডোর বেশির ভাগ বাসিন্দা সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সেনা কর্মকর্তা। তাঁদের প্রত্যাশা ছিল, নেপিডোর আসনগুলো ইউএসডিপির দখলে ফিরে আসবে। জান্তা সরকারই এই শহরটি প্রতিষ্ঠা করেছিল। সু চি তাঁর নির্বাচনী আসন কাহমুতে সহজ জয় পেয়েছেন। উপনির্বাচনে এনএলডি বড় জয় পেলেও পার্লামেন্টে এর প্রভাব পড়বে না। ৬৬৪ আসনের পার্লামেন্টে সেনাবাহিনী ও তাদের মিত্রদের সংখ্যাগরিষ্ঠতা বহাল থাকবে। যুক্তরাষ্ট্র মিয়ানমারের নির্বাচনকে অভিনন্দন জানিয়ে বলেছে, দেশটির গণতান্ত্রিক উত্তরণের পথে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমার কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার মিয়ানমারের সংস্কার কার্যক্রমে সমর্থন অব্যাহত রাখবে।ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার কারেল ডি গুচেট বিবিসিকে বলেন, এই ফলাফলের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের নেতারা ঐতিহাসিক এ নির্বাচনের পর মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। কম্বোডিয়ার রাজধানী নমপেনে চলমান আসিয়ান সম্মেলনে তাঁরা এ আহ্বান জানান। এএফপি, রয়টার্স ও বিবিসি।