এ দায়িত্ব মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রীযৌন হয়রানি রোধে আইনটি পাস করানোর দায়িত্ব মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের। তাদের এ খসড়াটি মন্ত্রিসভায় নিয়ে যেতে হবে। মন্ত্রিসভা নীতিগতভাবে সিদ্ধান্ত নিলে পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে আসবে। মন্ত্রণালয় বিল হিসেবে উত্থাপন করবে জাতীয় সংসদে। এটি সংসদীয় কমিটিতে যাবে এবং কমিটি বিশ্লেষণ করবে। মহিলা-বিষয়ক মন্ত্রীকেই এটি বিল আকারে উত্থাপন করতে হবে। আলোচনা হবে এবং পাস হবে।প্রস্তাবিত খসড়াটি আইন আকারে আসার ক্ষেত্রে মন্ত্রণালয় একমত। তবে আইনটিকে যুগোপযোগী করতে হবে। এ খসড়ার নাম রাখা হয়েছে ‘যৌন হয়রানি প্রতিরোধ আইন’। এখানে ‘প্রতিরোধ’ শব্দটির স্থলে ‘প্রতিকার’ শব্দটি বলা উচিত।আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন দমনে যে আইনগুলো আছে, এতে অনেক অপপ্রয়োগ হচ্ছে। দেখা যাচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে। যৌতুক-সংক্রান্ত মিথ্যা মামলায় শ্বশুর-শাশুড়ি, চাচাশ্বশুর থেকে শুরু করে পরিবারের সব লোককে আসামি বানানো হচ্ছে। একবার গ্রেপ্তার হলে ৯০ দিন পর্যন্ত জামিন হচ্ছে না। এ বিধানের পরিবর্তন জরুরি। কিছু বিধান আপসযোগ্য করা উচিত। যৌতুকের মামলা আপসযোগ্য হওয়া উচিত। অনেক সময় ছেলেমেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে। এ ক্ষেত্রে অপহরণের মামলা দেওয়া হচ্ছে। কিন্তু ছেলেমেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তাদের স্বমতে বিয়ে করার অধিকার রয়েছে। এখানে পরিবারের অপহরণ মামলা চলতে পারে না। মামলা চলার অবকাশই নেই। কেউ যদি বিয়ে করে ফেলে, সামাজিকভাবে এর মীমাংসা করতে হবে। অনেক সময় যুবক-যুবতীর নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে মেনে নিতে চাইছে না সমাজ। কিন্তু যতই মামলা হোক, বিয়েটা তো আর অবৈধ হয়ে যাচ্ছে না। মামলার কারণে কারও সংসার ভেঙে যাক, এটা কারও কাম্য হওয়া উচিত নয়। এ বিধান আপসযোগ্য হওয়া উচিত। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর অপপ্রয়োগ হচ্ছে বলেই ১০ শতাংশ আসামি সাজা পাচ্ছে মাত্র।কর্মস্থলে এবং সর্বক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে যে খসড়াটি, এতে আরও সংশোধনী আনা উচিত। কোনো শাস্তির ক্ষেত্রে শুধু মৃত্যুদণ্ড রাখা উচিত হবে না। খসড়াটিতে কোনো ছাত্র কর্তৃক কোনো যৌন হয়রানির ঘটনা ঘটলে ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এবং ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা রাখা হয়েছে। একজন ছাত্রের ছাত্রত্ব বাতিল হলে সে আরও ভয়ংকর সন্ত্রাসীতে পরিণত হবে। এ জন্য এখানে সংশোধনীমূলক ব্যবস্থা রাখা প্রয়োজন। আমার প্রশ্ন হচ্ছে, কেন ইভ টিজিং বা যৌন হয়রানির ঘটনা হঠাৎ বৃদ্ধি পেয়েছে, এর কোনো সামাজিক গবেষণা হয়েছে কি না? সামাজিকভাবে ছেলেমেয়েরা কতটা বিনোদন কিংবা সাংস্কৃতিক বলয় পাচ্ছে, সেটিও খেয়াল রাখা উচিত। একজন অভিযুক্তকে জেলে পাঠিয়ে দিলেই হবে না, তাকে সংশোধনীমূলক ব্যবস্থায় গড়ে তুলতে হবে। তার অপরাধের জন্য শুধু সাজা দিলেই হবে না, তার চরিত্র গঠনে সহায়ক হয়, এমন বিধান রাখতে হবে। অন্যান্য দেশে শাস্তি দেওয়ার প্রতিষ্ঠানগুলোকে সংশোধনীমূলক ব্যবস্থা হিসেবেই দেখা হয়, বিশেষ করে যৌন হয়রানির ঘটনা যেখানে কিশোর-কিশোরীদের দ্বারা ঘটে, সেখানে এ ব্যবস্থা রাখতে হবে।যৌন হয়রানির শিকার বা নির্যাতিতা এবং ক্ষতিগ্রস্ত কেউ যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না হয়, সে জন্য নির্যাতিতার সুরক্ষা দেওয়ার জন্য আইন প্রণয়নের কথা ভাবছে সরকার। একই সঙ্গে মামলায় সাক্ষীদের নিরাপত্তা দেওয়ারও আইন করা হবে।আমাদের দেশে জনস্বার্থে মামলায় নতুন সম্ভাবনা এনেছে। এর ধারাবাহিকতায় হাইকোর্ট বিভাগের দেওয়া যৌন হয়রানি বন্ধে রায়টি এবং দিকনির্দেশনাগুলো যুগান্তকারী বলা যায়। এর আলোকে গ্রহণযোগ্য নতুন আইন প্রণয়ন জরুরি।