এ দেশে অচেনা, বিশ্বে সুবিদিত ‘লালচে বক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ১০০ দেশের অতি চেনা যে পাখিটি বাংলাদেশে আজও প্রায় অচেনা, তার নাম ‘লালচে বক’। অদ্ভুত শোনালেও পশ্চিমবঙ্গে এর নাম ‘লাল কাক’। পাখিটি দেখে লাল নয়, লালচে মনে হয়; কিছুটা বেগুনি আভা চোখে পড়ে। লালচে বক দেখার সৌভাগ্য এ দেশের কম মানুষেরই হয়েছে। তিন ফুট দীর্ঘ দেহে চোখে পড়ার মতো রঙিন পালক নিয়ে এ দেশের হাওর-বিলে বাস করেও পাখিটি যে আমাদের কাছে এমন রহস্যময় থাকতে পারে তা বিশ্বাস হয় না। সন্দেহ নেই, বাংলাদেশের মানুষের দৃষ্টি এড়িয়ে চলার কৌশল ভালোই রপ্ত করেছে লালচে বক।জন্ম থেকেই শত্রুর চোখে ধুলো দেওয়ার বিশেষ প্রতিভা থাকে লালচে বকের। আশপাশে বক ছাড়া অন্য প্রাণীর আনাগোনা হলে ঘন খয়েরি রঙের মিহি-পালকে ঢাকা ছানাগুলো খয়েরি নলের বাসায় মাথা গুঁজে নিমেষে অদৃশ্য হয়ে যায়। বাসা ছেড়ে যাওয়ার পরও বাড়ন্ত ছানা নল-বনের আড়াল ছেড়ে বাইরে আসে না। সাবালক ও শক্ত-সামর্থ্য হওয়ার পরও মানুষের দৃষ্টি এড়িয়ে চলার জন্য সে থাকে সদা সচেষ্ট। সাপ, ব্যাঙ আর মাছ শিকারের আশায় সারা দিন নলের পাশে নিশ্চল দাঁড়িয়ে থাকায় সহসা সে কারও চোখে পড়ে না। মানুষ দেখলে সে আকাশের দিকে ঠোঁট উঠিয়ে, দীর্ঘ শরীর দীর্ঘতর করে নলের বনে মিশে যায়।বাংলাদেশে লালচে বকের জীবনযাত্রার বহু তথ্য আজও আমাদের অজানা। মূলত সিলেট বিভাগের হাওর-বিলে ও বরিশাল বিভাগের দু-একটি জলাশয়েই আজকাল এই বক দেখা যায়। মুষ্টিমেয় কয়েকটি জলাশয়ে শীতকালীন শুমারি করে আমরা জেনেছি যে সেখানে এই পাখির সংখ্যা নিতান্ত কম। কিন্তু আমরা জানি না সারা দেশে এর সংখ্যা কত; বিপৎসীমার ওপরে না নিচে। শীতের শুরুতে সদ্য বাসা-ত্যাগী ছানা দেখে আমরা বুঝেছি যে শরৎ ও হেমন্তে এসব পাখি বাসা বাঁধে; কিন্তু কোথায় যে এরা বাসা বাঁধে তা আমরা জানি না। বর্ষা ও শরতে হাওরের নলের বন ডুবে গেলে এ দেশের লালচে বক পাশের দেশে চলে যায় কি না, তাও জানা নেই। আমরা আরও জানি না বাসা ছেড়ে তরুণ ছানারা কত দূর পর্যন্ত ছড়িয়ে যায়। এ দেশে পাখিটি সংরক্ষণ করতে হলে এসব তথ্য আমাদের জানতেই হবে।‘ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল’ জানিয়েছে যে আমাদের অঞ্চলে, অর্থাৎ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় লালচে বক আছে মাত্র ২৫ হাজার, যদিও ইউরোপ-আফ্রিকায় এর সংখ্যা চার লাখ। মজার ব্যাপার হলো, লালচে বক কোনো অঞ্চলে স্থায়ী বসবাসকারী আবার কোনো এলাকায় পরিযায়ী। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এরা স্থায়ী বসবাস করে; কিন্তু ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে এরা গ্রীষ্মের অতিথি, শীতে সাহারা মরুভূমি পাড়ি দিয়ে মধ্য ও দক্ষিণ আফ্রিকা চলে যায়। বিষুবরেখার দক্ষিণে আফ্রিকার বেশ কয়েকটি দেশে আবার এরা স্থায়ী বসবাস করে।লালচে বকের বৈজ্ঞানিক নাম ‘আর্ডিয়া পার্পারিয়া’ এবং ইংরেজি নাম ‘পার্পল হেরন’, অর্থাৎ ‘বেগুনি বক’। ‘আর্ডিয়া’ গণে বিশ্বে যে ১১ জাতের পাখি আছে, তার মাত্র চারটি বাংলাদেশে ছিল: ধলাপেট বক, দৈত্য বক, ধুপনি বক ও লালচে বক। এই চারের একটি এখন নেই; গত ৩০ বছরে বাংলাদেশে কোনো ধলাপেট বক দেখা যায়নি, হয়তো কোনো দিন যাবেও না। কারণ, পাখিটি পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে, রইল বাকি তিন। এর মধ্যে আবার দৈত্য বক এ দেশে প্রায় নেই বললেই চলে, মহাভাগ্যে হাতিয়া দ্বীপে গত ১০ বছরে একটিমাত্র পাখিকে শীতের আগন্তুক হিসেবে দেখা গেছে। বাকি রইল দুই: ধুপনি বক ও লালচে বক। এর মধ্যে স্বল্প-সংখ্যার কারণে লালচে বকের দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। বাংলাদেশে এর আবাস, বিশেষ করে প্রজননভূমি চিহ্নিত ও রক্ষা করার দায়টা তো আমাদেরই।