এ দেশে ইসলামের খেলাপ করেছে বিএনপি: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু এ দেশে মদ, জুয়া নিষিদ্ধ করেছিলেন। আর ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় এসে জিয়াউর রহমান মদ, জুয়া, হাউজি চালু করেছিলেন। এ দেশে ইসলামের খেলাপ করেছে বিএনপি। আওয়ামী লীগ কখনো ইসলামের খেলাপ করেনি, করবে না। তাই ইসলামকে রাষ্ট্রধর্ম রেখেই সংবিধান সংশোধনের প্রস্তাব করেছে আওয়ামী লীগ।আজ শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে অসহায় মুক্তিযোদ্ধা এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সাহায্য বিতরণকালে সংক্ষিপ্ত এক সমাবেশে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা গরিব মানুষকে ভালোবাসেন। তাদের কথা চিন্তা করেন, তাদের জন্য কাজ করেন। তাদের পক্ষে শক্ত কথা বলেন, এটাই তাঁর দোষ। তিনি আমিনীদের মতো ধর্মব্যবসায়ীদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমিনীরা বলেন নারীনেতৃত্ব হারাম, আর যখন খালেদা জিয়ার পায়ের কাছে বসে থাকেন, তখন বলেন, আরাম-আরাম-আরাম।’মতিয়া চৌধুরী আরও বলেন, সব ধর্মের নারীদের অধিকার নিশ্চিত করতেই নারীনীতি করা হয়েছে। নারীনীতিতে পবিত্র কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন নেই। এ দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে যার যার ধর্ম পালন করবে।এ সময় আরও বক্তব্য দেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান প্রমুখ।মন্ত্রী ৩৮ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে পাঁচ হাজার টাকা, ঝড়ে আহত ১১ জনকে দুই হাজার টাকা, ঘর নির্মাণের জন্য ১০০ জনের প্রত্যেককে ৫০০ টাকা এবং এক হাজার ৩০০ পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করেন।এ ছাড়া মন্ত্রী উপজেলার নয়াবিল এলাকায় ভোগাই নদীর লুফকাটিং, সন্ন্যাসী ভিটা এলাকায় চেল্লাখালী নদীর বেড়িবাঁধ এবং রূপনারায়ণকুড়া ইউনিয়নের মরাখালী খাল খননের কাজ পরিদর্শন করেন।