এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে একজন শিল্পীকে নিয়ে অনুষ্ঠান ‘অল্প স্বল্প গান’। বাপ্পা মজুমদারের উপস্থাপনায় আজকের পর্বে উপস্থিত থাকবেন শিল্পী লাকী আখান্দ্। আজ কথোপকথন তাঁর সঙ্গে। আজ ‘অল্প স্বল্প গান’ অনুষ্ঠানে কোন গানগুলো করছেন?আমার নিজের সুর করা গানই করছি। যেমন—‘রীতি নীতি বুঝি না’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আগে যদি জানতাম’, ‘আমায় ডেকো না’, ‘তুমি কে বলো না’, ‘জোনাকজ্বলা এই রাত’, ‘তোমার স্বাক্ষর আঁকা সেই দিন’সহ আরও কিছু গান।টিভি চ্যানেলগুলোতে আপনার উপস্থিতি খুব কম। বিশেষ কোনো কারণ আছে কী?আসলে টিভিতে নাটক বা অন্যান্য অনুষ্ঠান ঢালাও করে যেভাবে প্রচারিত হয়, সে তুলনায় গানের অনুষ্ঠান অনেক কম। তা ছাড়া চ্যানেলগুলো শিল্পীদের ডেকে, পার্কে নিয়ে গিয়ে, ক্যামেরার সামনে দাঁড় করিয়ে, সিডি ছেড়ে দিয়ে যেভাবে গানের শুটিং করায়, সেটাও আমার পছন্দ নয়। এভাবে আমি গান করতে অভ্যস্ত নই। মাঝেমধ্যে দুঃখ হয়, এ দেশে গানই গাইতে পারলাম না। সম্প্রতি আপনি একটি ছবিতে সংগীত পরিচালনা করছেন। আপনি শেষ কোন ছবিতে সংগীত পরিচালনা করেছেন?সেটি ছিল সালাউদ্দিন জাকীর ঘুড্ডি। ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘সখি চলো না জলসা ঘরে এবার যাই’, ‘ঘুম ঘুম ঘুম’, ‘যখন নদীর জলে নাও বাইয়া চলে’, ‘কে বাঁশি বাজায় রে’—ছবিতে এই পাঁচটি গান করেছিলাম। এত দিন পর আবার ছবির গান করছেন। এ বিষয়ে কিছু বলুন?অনুদানের ছবি কাজলের দিনরাত্রি। পরিচালক সজল খালেদ। এই ছেলেটির সঙ্গে চার বছর আগে আমার পরিচয়। ও শরীরচর্চার প্রশিক্ষকও। সকালে পার্কে হাঁটতে গেলে ওর সঙ্গে প্রায়ই দেখা হয়। একদিন ও আমাকে বলল, একটি শিশুতোষ চলচ্চিত্র বানাচ্ছে। অনুরোধ করল, ছবির গানগুলো করে দিতে। রাজি হলাম। একটি গানের সুরারোপও করে ফেলেছি।অনেক দিন আপনার কোনো অডিও অ্যালবাম বাজারে নেই। কোনো অ্যালবাম করছেন?একটি অ্যালবামের কাজ করছি। কয়েকটি গান রেকর্ডও হয়ে গেছে। আমাদের এখানে দুঃখ ও বিরহের গান বেশি হয়। তাই স্পেনের জিপসিরা যে রিদমে গান করে, ওই আঙ্গিকে কিছু নতুন গান করার ইচ্ছে আছে।