এ দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিষ্ঠা করা যাবে না : প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশ বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনার ধারক-বাহক। যত দিন একুশ চেতনায় থাকবে, তত দিন এ দেশের মানুষের হূদয় থেকে অসাম্প্রদায়িক ঐতিহ্য ও সংস্কৃতি মুছে ফেলা যাবে না। এ দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিষ্ঠা করা যাবে না।আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী পুরস্কার পাওয়া ব্যক্তি অথবা তাঁর প্রতিনিধির হাতে পদক তুলে দেন। পদক পাওয়া ব্যক্তিরা একটি সম্মাননাপত্র, পদক ও এক লাখ টাকার চেক গ্রহণ করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতায় বলেন, ‘জাতীয় অগ্রগতি, উন্নয়ন, সার্বভৌমত্ব, স্বাধীনতা এসবের পূর্বশর্ত হলো উন্নত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা। আমরা চাই, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির বিকাশের মাধ্যমে একটি বিজ্ঞানভিত্তিক, কুসংস্কারমুক্ত, উদার ও সহিষ্ণু সমাজ গড়ে উঠুক। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখেই আমাদের নির্বাচনী ইশতেহারে রূপকল্প-২০২১-এর কথা বলেছি। আমরা এই সময়কালে বাংলাদেশকে একটি উন্নত প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে দেখতে চাই।’ তিনি বলেন, ‘বিশ্বব্যাপী মানুষ আজ শান্তি, উন্নয়ন ও মানবতার সপক্ষে সংগ্রাম করছে। আমরাও সেই ধারার সঙ্গে যুক্ত হতে চাই। এ কারণেই সমগ্র জনগোষ্ঠীকে শিক্ষিত ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা গণমুখী বিজ্ঞাননির্ভর আধুনিক শিক্ষনীতির খসড়া প্রণয়ন করেছি।’তথ্য ও সংস্কৃতিবিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে পদক পাওয়া ব্যক্তিদের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এম আবদুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।এ বছর একুশের পদক ব্যক্তিরা হলেন ভাষা সংগ্রামে ডা. গোলাম মাওলা (মরণোত্তর), সাহিত্যে কবি মোহাম্মদ রফিক, সাহিত্যে (নাট্যকার) সাঈদ আহমদ (মরণোত্তর), সাহিত্যে মিসেস হেলেনা খান, গবেষণায় মুনতাসীর উদ্দিন খান মামুন (মুনতাসীর মামুন), সামাজিক ব্যক্তিত্ব এ এস এইচ কে সাদেক (মরণোত্তর), সামাজিক ব্যক্তিত্ব সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের (মরণোত্তর), সামাজিক ব্যক্তিত্ব এ কে এম হানিফ (হানিফ সংকেত), শিল্পী (মূকাভিনয়) পার্থপ্রতিম মজুমদার, শিল্পী (নাট্যকলা) নাসির উদ্দিন ইউসুফ, শিল্পী (চিত্রশিল্পী) এ কে এম আবদুর রউফ (মরণোত্তর), শিল্পী (চিত্রশিল্পী) ইমদাদ হোসেন, শিল্পী (সুরকার) আহমেদ ইমতিয়াজ বুলবুল, শিল্পী (নৃত্য) বেগম লায়লা হাসান ও ফটো সাংবাদিকতায় মোহাম্মদ আলম (মরণোত্তর)।অনুষ্ঠানে মরণোত্তর ব্যক্তিদের পক্ষে পুরস্কার নেন তাঁদের স্বজনেরা। ডা. গোলাম মাওলার পক্ষে ছেলে ডা. গোলাম ফারুক, সাঈদ আহমদের পক্ষে স্ত্রী পারভীন আহমদ, এ এস এইচ কে সাদেকের পক্ষে স্ত্রী ইসমাত আরা সাদেক, সংঘরাজ জ্যোতিঃপাল মহাথেরের পক্ষে শীলভদ্র মহাথের, এ কে এম আবদুর রউফের পক্ষে স্ত্রী শাহানারা রউফ এবং মোহাম্মদ আলমের পক্ষে পুরস্কার নেন স্ত্রী সুরাইয়া বেগম।এ ছাড়া অন্যদের মধ্যে পার্থপ্রতিম মজুমদারের পক্ষে পুরস্কার নেন ইলা মজুমদার ও ইমদাদ হোসেনের পক্ষে তাঁর মেয়ে নাসিমা হোসেন।১৯৭৬ সাল থেকে প্রবর্তিত এ পুরস্কার এ পর্যন্ত পেয়েছেন ৩১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, কূটনীতিকেরা এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।