১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী ঢাকায় নারকীয় হত্যাযজ্ঞ চালানোর পরও তাদের সমর্থনকারী মার্কিন সরকার তা দেখেও দেখতে চায়নি। সরকার সাধারণ মার্কিনদের বোঝাতে চাইছিল যে তেমন কিছু হয়নি, অভিযোগগুলো সব অতিরঞ্জন। এই পরিস্থিতিতে বিবেকবান যে কয়েকজন মার্কিন পাকিস্তানি নিপীড়নের বিষয়টি জোরের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছিলেন, তাঁদের একজন ডেভিড নালিন। মুখে খাওয়ার স্যালাইনের মতো যুগান্তকারী আবিষ্কারের সঙ্গে জড়িয়ে আছে যাঁর নাম।আজ শুক্রবার ঢাকায় প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাত্কারে ডেভিড নালিন জানালেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর জড়িয়ে পড়ার কাহিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সম্প্রতি যেসব বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে, ডেভিড নালিন এর মধ্যে অন্যতম।ডেভিড নালিন স্বাধীনতার আগে কিছুদিন ঢাকার কলেরা হাসপাতালের (বর্তমান আইসিডিডিআরবি) সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর নেতৃত্বেই তখন একদল গবেষক খাওয়ার স্যালাইন (ওআরটি) উদ্ভাবন করেন।নালিন প্রথম আলোকে বলেন, গবেষক হিসেবে কলেরা হাসপাতালে যোগ দেওয়ার তিন বছরের মাথায় ১৯৭০ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বছরের একটি আবাসিক প্রোগ্রামে অংশ নিতে যুক্তরাষ্ট্রে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু ঢাকাকে ভুলতে পারেননি। যোগাযোগ ছিল এ দেশের সহকর্মী ও বন্ধুদের সঙ্গে। একাত্তরের ২৫ মার্চের পর ঢাকার বন্ধুরা তাঁকে পাকিস্তানি বাহিনীর নির্মমতার কিছু সচিত্র বিবরণ পাঠান। তাঁর অন্য কয়েকজন বন্ধুর হাতেও পৌঁছায় নানা ছবি আর তথ্য। নালিনরা তিন বন্ধু মিলে সেনাবাহিনীর বর্বরতার প্রতিবাদে ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সামনে অবস্থান নেন। তাঁদের সঙ্গে যোগ দেন আরও বহু মানুষ। কিন্তু কিছুক্ষণ পরই দূতাবাস কর্তৃপক্ষ পুলিশ ডেকে তাড়িয়ে দিল তাঁদের। তখন নালিন ও তাঁর বন্ধুরা এক আইনজীবীর পরামর্শ নিলেন। তাঁর পরামর্শে কয়েকজন সিনেটরের হাতে বিভিন্ন ছবি আর তথ্য দিয়ে ‘কিছু একটা করার’ অনুরোধ জানালেন তাঁরা। এভাবে অনেক মার্কিন আইনপ্রণেতার নজরে এল বিষয়টি। যুক্তরাষ্ট্রে তখন পাকিস্তান বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা চলছে। ডেভিড নালিন ও তাঁর বন্ধুরা ওয়াশিংটনে গঠন করলেন বাংলাদেশ তথ্যকেন্দ্র। বিচ্ছিন্নভাবে যাঁরা আন্দোলন করেছিলেন, তাঁরা সবাই ওই তথ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করলেন। সহানুভূতিশীলদের কাছে হাত পেতে তাঁরা ৫০ হাজার ডলারও জোগাড় করে ফেললেন। মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ওই অর্থের চেক তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে। নালিন বললেন, ‘আন্দোলনের একপর্যায়ে আমরা বুঝতে পারলাম, বিজয় সুনিশ্চিত।’ ৪২ বছর পর এই সম্মাননা পেয়ে কেমন লাগছে জানতে চাইলে নালিন বলেন, ‘আমি মুগ্ধ, অভিভূত’। বাংলাদেশ তাঁর কাছে অন্য বহু দেশের চেয়ে আলাদা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষণার কাজে তাঁকে কলকাতায় যেতে বলা হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই। নালিনের পীড়াপীড়িতে সেই গবেষণাকেন্দ্রটি চালু হয় ঢাকার কলেরা হাসপাতালে। যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার আগেই ১৯৭২-এর জানুয়ারিতে স্বাধীন বাংলাদেশে এসে পৌঁছান নালিন। থাকেন আরও প্রায় পাঁচ বছর। চিকিত্সাবিজ্ঞানের গবেষক হয়েও ডেভিড নালিন নিজেকে বাংলার ইতিহাস আর সাহিত্যের ছাত্র বলে পরিচয় দিতে ভালোবাসেন। বললেন, ‘বাঙালির ইতিহাস হাজার বছরের পুরোনো। এ দেশের সাহিত্য, দর্শন মানুষকে ছুঁয়ে যাবেই। এ দেশের মেয়েরা পোশাক তৈরি করে দেশের জন্য সুনাম বয়ে আনে। প্রয়োজনের চেয়ে বেশি ধান ফলায় কৃষক। এ দেশের উন্নতি অবশ্যম্ভাবী।’