চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন
এ নির্বাচনের ফলাফলে আগামী দিনের রাজনীতির পথ নির্ধারিত হবে: খসরু
আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে, ১৭ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফলে তা নির্ধারিত হবে। তাই দলীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে তৃণমূল বিএনপির প্রতিনিধি সভায় মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাদের করণীয় সম্পর্কে জানাতে এই সভার আয়োজন করা হয়। এ নির্বাচনে মেয়র পদে বিএনপির সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলমও সভায় বক্তৃতা করেন। সভায় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন বক্তৃতা করেন। অনুষ্ঠানে নগরের ১১টি থানা ও ৪১টি ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।সভায় আমীর খসরু তৃণমূল নেতাদের উদ্দেশে বলেন, ‘আমাদের নেত্রী চট্টগ্রাম সিটি নির্বাচন সম্পর্কে প্রতিদিন খবরা-খবর নিচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ কি না, তা তিনি জানতে চেয়েছেন। আসলে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সবাই হাতে হাত মিলিয়ে কাজ করলে মেয়র প্রার্থী মঞ্জুরের জয় সুনিশ্চিত।’ তিনি বলেন, ভোলার উপনির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওই নির্বাচনে কিছু এজেন্ট কেন্দ্রে যাননি। যাঁরা গেছেন, তাঁরা কাজ করতে পারেননি। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট কেন্দ্রে এমন এজেন্ট দিতে হবে, যাঁর গায়ে বিএনপির রক্ত বইছে এবং শত বাধার মুখে রক্ত দিতে তাঁরা প্রস্তুত থাকবেন। ৫০০-২০০ বা হাজার টাকার বিনিময়ে এজেন্ট নিয়োগের কোনো প্রয়োজন নেই।আমীর খসরু বলেন, ভোটে কারচুপি কীভাবে করতে হয়, তা আওয়ামী লীগ জানে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপব্যবহার করতে চাইবে। ভোট বাক্সে ভুয়া ব্যালট ঢুকিয়ে দেবে। এ ব্যাপারে এজেন্টদের সতর্ক থাকতে হবে।মেয়র পদপ্রার্থী মঞ্জুর আলম সংবাদপত্রের সমালোচনা করে বলেন, ‘পত্রিকাগুলো আমাকে তাড়ানোর জন্য রিপোর্ট করছে। আমি যখন এসেছি, আমাকে আর তাড়াবেন না। এসব রিপোর্টে আমি ভয় পাই না।’ ১৭ জুনের নির্বাচনকে বাঁচা-মরার নির্বাচন অভিহিত করে তিনি বলেন, ‘১৬-১৭ বছর আগে যে পথ আমরা হারিয়েছি, তা পুনরুদ্ধার করতে হবে। তাই এই নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়ে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে।’সৈয়দ ওয়াহিদুল আলম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘কেউ মোনাফেকি করলে আমাদের ভবিষ্যত্ অন্ধকার।’