এ পতাকা গণিতের, এ পতাকা বিজয়ের
অর্ধশতক পেরিয়েছে বিশ্বের মেধা যাচাইয়ের সবচেয়ে বড় আয়োজন—আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের। প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়াদের জন্য এটি বিশ্বের সবচেয়ে সম্মানের প্রতিযোগিতা। গেল বছর দু-দুটি ব্রোঞ্জপদক পাওয়ার মাধ্যমে বাংলাদেশের উপস্থিতি এখন সেখানে আলো ছড়াচ্ছে। দেশজুড়ে সেই আলো ছড়িয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লড়াইয়ে এখনো অনেক দূর যেতে হবে বলে জানাচ্ছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানযাঁরা সংখ্যা নিয়ে ভাবেন, তাঁদের কাছে ৬ একটি চমৎকার সংখ্যা। ৬-এর তিনটি গুণনীয়ক, সেগুলোকে যোগ করলে ৬ হয়! ১, ২, ৩ কে গুণ বা যোগ করলে ৬ পাওয়া যায় বলে ৬ প্রথম পারফেক্ট সংখ্যা। ৬ আবার প্রথম দুটি মৌলিক সংখ্যার গুণফলের সমান। ৬-এর কথা এসেছে; কারণ ষষ্ঠবারের মতো বাংলাদেশের পতাকা উড়বে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড—আইএমওতে।মধ্য এশিয়ার কাজাখস্তানের নতুন রাজধানী আস্তানায় অনুষ্ঠিত হবে ৫১তম আইএমও। সেখানে বাংলাদেশের পতাকা নিয়ে হাজির থাকবে তারিক আদনান মুন, প্রাণন রহমান খান, কাজী হাসান জুবায়ের, নাফিজা আনজুম ও হক মুহম্মদ ইশফাক।যেমন করে শুরু২০০১ সালে একদিন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঙ্গে দেখা করেন জাফর ইকবাল স্যার ও কায়কোবাদ স্যার। তাঁদের প্রস্তাবে সায় দিয়ে প্রথম আলো রাজি হয় পত্রিকার পাতায় এক অভিনব গণিত অলিম্পিয়াড আয়োজনে। ‘নিউরনে অনুরণন’ নামের ওই আয়োজন থেকে আজ বাংলাদেশে স্কুল-কলেজে পড়ুয়াদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। এবারের অষ্টম আয়োজনে সারা দেশের ১৫ হাজার হাজার খুদে গণিতবিদ থেকে খুঁজে নেওয়া হয়েছে জাতীয় পতাকাবাহী পাঁচজনকে। গণিত অলিম্পিয়াড কার্যক্রমের শুরুতে গৌরাঙ্গ স্যার (প্রয়াত অধ্যাপক গৌরাঙ্গ দেব রায়) আমাকে প্রায়ই বলতেন, ‘অলিম্পিয়াডের সমস্যাগুলো তো আমাদের অনেক শিক্ষকই সমাধান করতে পারবেন না!’ স্যারের সঙ্গে দ্বিমত করে বলতাম, ‘ধরিয়ে দিলে আমাদের শিক্ষার্থীরাই পারবে।’ আমাদের শিক্ষার্থীরা যে পারে, তা তারা দেখাচ্ছে দ্বিতীয়বার থেকেই! ‘সম্মানজনক স্বীকৃতি’ পেতে শুরু করেছি আমরা স্লোভেনিয়া থেকেই!আর গতবার সারা বিশ্বকে চমকে দিয়ে আমাদের সামিন রিয়াসাত ও নাজিয়া চৌধুরী দেশের জন্য প্রথম পদক বয়ে এনেছে। এর আগের বছরগুলোতে আমি অন্য দেশের নেতা-উপনেতাকে জিজ্ঞাসা করতাম তাঁদের প্রস্তুতি সম্পর্কে। গেলবার ফলাফল ঘোষণার পর দেখা গেল, অন্যরা আমাদের কাছে জানতে চান, কেমন করে প্রস্তুতি নিয়েছি! তবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে সাফল্য লাভই এ আয়োজনের একমাত্র উদ্দেশ্য নয়। গাণিতিক সমস্যার সমাধানে আমাদের শিক্ষার্থীদের দক্ষ করে তোলার জন্যই বাংলাদেশে গণিত অলিম্পিয়াডের আয়োজন। সে জন্যই এখন এর ব্যাপ্তি দেশের প্রধান প্রধান শহর ছাড়িয়ে ইউনিয়ন পর্যায়েও ছড়িয়ে পড়ছে। আর শিক্ষার্থীরাও বই-পুস্তকের গণ্ডি পেরিয়ে যুক্ত হয়েছে ইন্টারনেটে, সাইবার-জগতে।সবার শ্রমে, ভালোবাসায়গণিত অলিম্পিয়াডের প্রতি দেশের মানুষের যেমন ভালোবাসা, তেমনি প্রকৃতিরও অপার স্নেহ। ২০০৪ সালে নটর ডেম কলেজে জাতীয় উৎসবের দ্বিতীয় দিন। জুন মাস। ভোর থেকে মুষলধারে বৃষ্টি। ঢাকার বিভিন্ন স্থানে পানি উঠে পড়েছে। সকাল সাড়ে নয়টার দিকে মাইকে ঘোষণা করে দিলাম, ‘আজকে আর বৃষ্টি হবে না!’ সত্যি সত্যি আমাদের অবাক করে প্রকৃতি তাল মিলিয়েছে গণিতের সঙ্গে। জয় হয়েছে গণিতের।গণিত উৎসবের মাঠে এখন হাজির থাকেন অনেকে। তাঁদের অনেকের সঙ্গে হয়তো উৎসবের কোনো সম্পর্কই নেই। হাজির থাকেন আনন্দে। একবার এক জেলা প্রশাসক বললেন, ছুটির দিন হলেও তাঁর অনেক কাজ, কাজে চলে যাবেন! কিন্তু দেখা গেল, তিনি সারা দিন আমাদের সঙ্গে থেকে গেলেন। বরিশালের একজন বিভাগীয় কমিশনার তো বলেই বসলেন, ‘এত তাড়াতাড়ি উৎসব শেষ করার দরকার কী? সন্ধ্যা পর্যন্ত চলুক।’ তখন তাঁকে বললাম, অনেকে সন্ধ্যার লঞ্চে আবার ফেরত যাবে নিজের এলাকায়। এভাবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড সবার প্রাণের মেলায় পরিণত হয়েছে। গণিত অলিম্পিয়াডের সাফল্য এখন অনুপ্রাণিত করছে অন্যদের। শুরু হয়েছে বিজ্ঞানের, প্রাণরসায়নের অলিম্পিয়াড। আমাদের শিক্ষার্থীরা এখন যোগ দিচ্ছে আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে।শুধু উৎসাহ নয়!গণিত অলিম্পিয়াড কেবল শিক্ষার্থীদের উৎসাহ জোগায় না, তাদের দক্ষতা উন্নয়নের জন্যও লড়ে যাচ্ছে। আমাদের উৎসাহ আর উদ্দীপনায় এখন দেশে গণিতবিষয়ক পুস্তক প্রকাশের নতুন সংস্কৃতি গড়ে উঠেছে। সব প্রকাশকই আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন গণিতের বইয়ের পাণ্ডুলিপির জন্য। তাঁদের কারণে উৎসবের প্রশ্নোত্তর পর্বটি আমরা বই আকারে প্রকাশ করতে সক্ষম হয়েছি। কেবল বই-ই নয়, আমাদের একদল স্বেচ্ছাসেবী, গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবক, মুভার্সরা এখন দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় সংখ্যাভ্রমণ বা জ্যামিতির ইশকুল নিয়ে। তাদের পাশাপাশি উপজেলা পর্যায়ে গণিত শিক্ষকদের কয়েকটি ফোরাম গড়ে উঠেছে। যশোরের মনিরামপুরের সে রকম একটি উদ্যোগ গেলবার সেরা গণিত ক্লাবের সম্মান পেয়েছে। অধ্যক্ষ হারুন অর রশীদ স্যারের নেতৃত্বে খুলনা গণিত সমিতি প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের পাঠ্যপুস্তকের সব ভুল চিহ্নিত করে দিয়েছেন। আর সর্বোপরি রয়েছে আমাদের গণিত ইশকুল—তৃণমূলের গণিত, ভরসাস্থল।যোজন যোজন দূরকয়েক বছর ধরে নিরলস চেষ্টা করে একদল স্বেচ্ছাসেবী গণিতপ্রেমীর উদ্যোগে সারা দেশে গড়ে উঠেছে গণিত ক্লাব, প্যারালাল ম্যাথ স্কুল।তার পরও বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ, যেখানে বিজ্ঞানে ডিগ্রি নেওয়া যায় গণিত ছাড়াই। এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ইউক্লিডের পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে দেওয়া হয়, নিজের নিয়মে সমাধান না করলে কেটে শূন্য দিয়ে দেন গণিতের শিক্ষক!বিশ শতকের শেষ দিকে বিশ্বের দেশে দেশে গণিতের কারিকুলামে যে পরিবর্তন আনা হয়েছে, তার কোনো ছোঁয়াই লাগেনি আমাদের দেশে! এখনো আমাদের দেশের শিক্ষার্থীদের ইউক্লিডের জ্যামিতির উপপাদ্যের প্রমাণ মুখস্থ করতে বাধ্য করা হয়। নানাভাবে একটি মুখস্থনির্ভর জাতি গড়ে তোলার নিরন্তর চেষ্টার বিপরীতে একদল স্বেচ্ছাব্রতী গণিত অলিম্পিয়াডের নীল পতাকা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।ইতিমধ্যে তাদের একাগ্র ও ভালোবাসার প্রতিদান দিতে শুরু করেছে বাংলাদেশের মানুষ। পুস্তক প্রকাশক ও শিক্ষকদের কথা আগেই বলেছি। খোদ সরকার বাহাদুরও এগিয়ে এসেছে তাদের স্বীকৃতি দিতে। জাতীয় শিক্ষানীতিতে তাই গণিত অলিম্পিয়াডের উল্লেখ সাফল্যের উদাহরণ হিসেবে। মাধ্যমিক স্তরে গণিতের মানোন্নয়নের জন্য গঠিত কমিটিতেও রয়েছে গণিত অলিম্পিয়াড কমিটির উজ্জ্বল উপস্থিতি। এ সবই একটি পরিবর্তনের, বদলে যাওয়ার সূচনা। মানুষের ভালোবাসাই একদিন এ দেশকে বদলে দেবে। গণিত অলিম্পিয়াডের নীল পতাকাবাহী স্বেচ্ছাসেবীরা সে বদলের সংগ্রামে সামনেই থাকবে। তাদের হাতে বিকশিত হবে নতুন প্রজন্ম—লাল সবুজের পতাকাকে তারা বিজয়ের আনন্দ পতাকায় পরিণত করবে। গণিতের, গণিত অলিম্পিয়াডের জয় হোক।