এ পরাজয় সরকার ও দলের প্রতি জনগণের বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মেয়র পদে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পরাজয়ে দল ও সরকারের জনপ্রিয়তা কমেছে বলে মনে করে না আওয়ামী লীগ। তবে এ পরাজয়কে সরকার ও দলের প্রতি জনগণের একটি বার্তা বা সংকেত হিসেবে দেখছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা।নীতিনির্ধারকেরা চট্টগ্রামের পরাজয়কে স্থানীয় আওয়ামী লীগের পুনর্গঠন ও সংশোধনের সুযোগ হিসেবে দেখছেন। এখন ব্যক্তিকেন্দ্রিকতা থেকে বেরিয়ে চট্টগ্রামে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। সরকারের ১৭ মাসের মাথায় দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী পরাজিত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ইতিমধ্যেই চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়েছেন। সরকারের তরফ থেকে মেয়রকে সব ধরনের সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মতে, স্থানীয় ও জাতীয় নির্বাচন সম্পূর্ণ আলাদা। সিটি করপোরেশন স্থানীয় নির্বাচন বলে দল-সমর্থিত প্রার্থীর পরাজয়ে সরকার অজনপ্রিয় হয়ে পড়েছে বলে মনে করেন না তাঁরা। তবে এ পরাজয়কে হালকাভাবেও নিচ্ছেন না তাঁরা। কারণ গত ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে চট্টগ্রাম শহরের চারটি আসনেই মহাজোটের প্রার্থীরা বিজয়ী হন। আর সরকারের ১৭ মাসের মাথায় এই শহরাঞ্চল থেকে চট্টগ্রাম আওয়ামী লীগের অপরিহার্য নেতা বলে কথিত মহিউদ্দিন চৌধুরী পরাজিত হলেন। সুতরাং আওয়ামী লীগ ও সরকারের শীর্ষ পর্যায় একে জনগণের একটি বার্তা বা সংকেত বলে মনে করছে।সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, সরকারের জনপ্রিয়তা কমেনি। তাহলে ভোলায় দল জিতত না। রাজনীতিতে মেঘ-রোদ্দুরের খেলা আছে। ভুল থেকে শিক্ষা নেওয়া হবে।সূত্র জানায়, চট্টগ্রামের ফলাফলের পর গতকাল সকালে আওয়ামী লীগের কয়েকজন সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্যও সৈয়দ আশরাফের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাঁরা চট্টগ্রামের ফলাফল বিশ্লেষণ করেন। একপর্যায়ে সৈয়দ আশরাফ দলীয় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও এ বিষয়ে টেলিফোনে কথা বলেন।জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় চট্টগ্রামের আওয়ামী লীগকে পুনর্গঠনের ব্যাপারে একমত হয়েছেন। দলীয় বিরোধ নিরসন করে সেখানে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা।সূত্রমতে, শিগগিরই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকে চট্টগ্রামের নির্বাচন নিয়ে দলগত বিশ্লেষণ করা হবে। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, ‘এ পরাজয়কে একটা সুযোগ হিসেবে দেখছি আমরা। আগে চট্টগ্রামের আওয়ামী লীগ এক ব্যক্তির হাতে বন্দী ছিল। এখন এ থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ এসেছে।’প্রার্থী নির্বাচন ভুল ছিল: আওয়ামী লীগের একাধিক নীতিনির্ধারক মনে করেন, চট্টগ্রামে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন ভুল ছিল। গত ১৭ বছর মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের মেয়র ছিলেন। জনগণের তাঁর কাছ থেকে নতুন কিছু পাওয়ার ছিল না। তা ছাড়া তাঁর মধ্যে অহংবোধ ছিল চোখে লাগার মতো। তিনি মনে করতেন, চট্টগ্রামে তাঁর বিকল্প কেউ নেই। আচরণেও তিনি অনেক সময় শোভন ছিলেন না। তাঁকে মনোনয়ন দেওয়া উচিত হয়নি। ফলে যেভাবে তাঁর উত্থান হয়েছিল, সেভাবেই তাঁর পতন হয়েছে।চট্টগ্রামে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধও মহিউদ্দিনের পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা। গত সাধারণ নির্বাচনে তিনি দলীয় প্রার্থী নুরুল ইসলাম বিএসসি ও আবদুল লতিফের সরাসরি বিরোধিতা করেন। আবার মেয়র নির্বাচনের প্রথম দিকে তাঁরা প্রকাশ্যেই মহিউদ্দিনের বিরোধিতা করেন। মহিউদ্দিন তাঁদের সঙ্গে বিরোধ নিরসনের চেষ্টা করেননি। দলীয় সভানেত্রী শেখ হাসিনা নেতাদের ডেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিলেও তাঁরা সে নির্দেশ মনে রেখে কাজ করেছেন কি না, তা নিয়ে কেন্দ্রীয় পর্যায়ের অনেকেই সন্দেহ প্রকাশ করেন।জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, জনগণের রায় মেনে নেওয়ার মধ্যে লজ্জাবোধ নেই। তবে মহিউদ্দিনের আর নির্বাচন করা উচিত হয়নি। তিনি সবাইকে শত্রু বানিয়েছেন। জনগণ তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা স্থানীয় নির্বাচন। এ নির্বাচনের ফলাফল দেখে সরকার অজনপ্রিয় হয়েছে মনে করার কোনো কারণ নেই।চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে আওয়ামী লীগ হারেনি, মহিউদ্দিন চৌধুরী হেরেছেন। তাঁর দুর্ব্যবহারই পরাজয়ের অন্যতম কারণ।