এ পাড়া ও পাড়া
মৌলভীবাজার-চকবাজার রাস্তায় প্রতিদিনের ভোগান্তিআজহার হোসেন‘মৌলভীবাজার কাঁচাবাজার থেকে চক সার্কুলার রোডে আসতে হয় কাদা মাড়িয়ে। প্যান্ট গুটিয়ে বেশ কসরত করে হাঁটতে হয়। একটু অন্যমনস্ক হলেই ধপাস।’—বলছিলেন মৌলভীবাজারের মুদি দোকানি শাহেব আলী।শাহেব আলীর কথার সত্যতা মেলে মৌলভীবাজার থেকে চক সার্কুলার রোডে যাওয়ার সময়। এই রোডের বেশির ভাগ জায়গায় সড়ক এবড়োখেবড়ো হয়ে আছে। উঠে গেছে পিচের ঢালাই। আবার কোথাও তৈরি হয়েছে গর্তের। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে যায়। এদিকে চক সার্কুলার রোড থেকে বীরেন বোস স্ট্রিট হয়ে মিটফোর্ড রোডে যাওয়ার পথটিও অনেক জায়গায় গর্ত হয়ে আছে। আর থকথকে কাদায় ছেয়ে আছে পুরো সড়ক।দিনে চক সার্কুলার রোড থেকে ইমামগঞ্জ হয়ে মিটফোর্ডে আসার সড়কটি থাকে টালিভ্যানের দখলে। আবার সন্ধ্যার পর থেকে পুরো সড়কটি দখলে চলে যায় ট্রাকের। ফলে দিনে বা রাতে পুরো সড়কটি থাকে কোলাহল আর যানজটের কবলে। চক মোগলটুলীর মদিনা মার্কেটের বাসিন্দা শাহেদ আলী বলেন, সড়কটির বহুমুখী সংস্কার করা দরকার। ভাঙাচোরা তো আছেই, এ ছাড়া এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। যানজটে নাকাল এ এলাকার ব্যবসায়ীরা।হাকিম হাবিবুর রহমান রোডের সিরাজুম মুনিরা মসজিদের পাশের সড়কটিও বেহাল। এখানে গর্তে কাদা জমে একাকার। হাকিম হাবিবুর রহমান সড়কের বাসিন্দা আলী আজম বলেন, বীরেন বোস স্ট্রিট থেকে হাকিম হাবিবুর রহমান সড়কে আসার পথে সিরাজুম মুনিরা মসজিদের ফটকের কাছেই জমে থাকে কাদা। এ ছাড়া রয়েছে বেশ কিছু ছোট-বড় গর্ত। ফলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।চকবাজার ব্যবসায়ী সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, চক সার্কুলার রোডের সমস্যা বহু পুরোনো। পাইকারি ব্যবসার প্রাণকেন্দ্র বলে এই সড়কে রাতে ভারী ট্রাক চলাচল হয়। আর দিনের বেলায় ‘টালি গাড়ি’ চলে বলে এখানকার সড়কের পিচ বেহাল হয়ে পড়েছে। তিনি আরও জানান, এই সড়ক পড়েছে ঢাকা সিটি করপোরেশনের ৬৬ নম্বর ও ৬৭ নম্বর ওয়ার্ডের মধ্যখানে। ফলে, কোনো কাউন্সিলরই সমস্যাটি সমাধানের ব্যাপারে আন্তরিক নন।সড়কটির এক প্রান্তে রয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিদিন এখানে শত শত রোগী আসেন চিকিৎসাসেবা নিতে। যানজটে নাকাল হন সেসব সেবাপ্রার্থীরাও। আবার হাসপাতালের ফটকের কাছে যানজট থাকায় রোগীবাহী অ্যাম্বুলেন্স আনা-নেওয়াও বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। সড়কের মিটফোর্ড রোডে রয়েছে ওষুধ আর ক্রোকারিজের পাইকারি ব্যবসা। ফলে, এখানেও মাল ওঠানো-নামানোয় রিকশাভ্যান আর ঠেলাগাড়ির জটলা থাকে। সঙ্গে ভাঙা পথের ঝাঁকুনি তো আছেই।বেহাল রাস্তাগুলো সম্পর্কে ডিসিসির অঞ্চল ২-এর নির্বাহী প্রকৌশলী মুন্সী আবুল হাশেম জানান, চকবাজার থেকে ইমামগঞ্জ হয়ে মিটফোর্ড পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। শিগগিরই সড়কের সংস্কারের কাজ করা হবে। মৌলভীবাজার-চকবাজারের রাস্তা বিষয়ে অভিযোগ নম্বর: ৯৬৬৮১৩৬ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-২, ডিসিসি)। কোর্টবাড়ি, গাবতলীঅবহেলিত এক এলাকামাহমুদ উল্লাহতুরাগ নদ পার হয়ে গাবতলী দিয়ে ঢাকার পথে ঢুকতে সেতুর গোড়ায় আবর্জনার স্তূপ সংবর্ধনা জানায় সবাইকে। সেতুর কাছে বেড়িবাঁধের রাস্তাটি কোর্টবাড়ি এলাকার পাশ দিয়ে গেছে। কোর্টবাড়িতে যাওয়ার শুরুতেই রাস্তার পাশেই এই ময়লার স্তূপ। কয়েক দিন আগে বৃষ্টি হলেও রাস্তাটিতে কাদাপানি জমে ছিল। অর্থাৎ পানি নিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা। পথচারীরা রাস্তার পাশে দোকানের সামনের খালি অংশ দিয়ে চলাচল করে। এতে দোকানমালিকেরা বিরক্ত হলেও কাউকে কিছু বলতে পারেন না। কারণ তাঁরাও দেখছেন, রাস্তায় জমে আছে কাদাপানি। দোকানিরা জানালেন, প্রায় প্রতিদিনই বয়স্করা পড়ে গিয়ে কাদাপানিতে মাখামাখি হন। তখন তাঁরা দৌড়ে গিয়ে তাঁদের ওঠান।কোর্টবাড়ি নামাপাড়া বেড়িবাঁধের মায়ের দোয়া গ্রিন হাউসের স্বত্বাধিকারী জাকির হোসেন বলেন, ‘বৃষ্টি শুরু হলেই এখানে পানি জমা শুরু হয়। বর্ষার কয়েক মাস এলাকার মানুষের কষ্ট হয় অভাবনীয়। প্রতিদিনই কাদাপানির নিচের খানাখন্দে পড়ে দু-একটি রিকশা উল্টে পড়ে। যাত্রীরা পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হয়। দুই বছর ধরে এই রাস্তার কোনো কাজ হচ্ছে না।’কোর্টবাড়ির নামাপাড়া এলাকার বাসিন্দা মোরশেদ আলম জানান, আবর্জনায় এই এলাকা ভরে থাকে সব সময়। ডিসিসির কোনো সেবাই এই এলাকায় পৌঁছায় না। কোনো রিকশা এই সড়ক দিয়ে চলতে পারে না। ময়লা দিয়ে সড়কের বেশির ভাগ অংশ ঢাকা থাকে। তাই সবাই প্রধান সড়কের বদলে অন্য পথ দিয়ে ঘুরে যায়। তাতে সময় নষ্ট হয়।কারমাইকেল সড়ক দিয়েও কোর্টবাড়ি এলাকায় ঢোকা যায়। এই রাস্তাও করুণ হালে আছে। চায়ের দোকানি রিয়াদ হোসেন বললেন, ‘এর কি কোনো সংস্কার হবে না?’ এলাকার লোকজন মিলে এই রাস্তায় চলাচলের কিছু কাজ করেছে।কোর্টবাড়ির রাস্তা ও পানি নিষ্কাশন অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে না কেন, জানতে চাইলে ডিসিসির অঞ্চল ৭-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘ওই এলাকার কিছু রাস্তাঘাট সংস্কারের কাজ প্রক্রিয়াধীন আছে। এখন দরপত্র-প্রক্রিয়া চলছে। কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে বলে আশা করছি।’ গাবতলীর কোর্টবাড়ি এলাকার রাস্তা ও নর্দমা বিষয়ে অভিযোগের নম্বর: ৯০১০৯৫৭ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৭, ডিসিসি)। সিদ্ধেশ্বরী রোডচলাচলে নাকাল এলাকাবাসীআসাদুজ্জামান‘এ সড়কের ভাঙা অংশ দিয়ে চলাচলের সময় ভয়ে ভয়ে থাকি। কারণ, সড়কে জমে থাকা পানির নিচে কোথায় গর্ত আছে, তা আগেভাগে জানার উপায় নেই।’ বলছিলেন সিদ্ধেশ্বরী রোডের গাড়িচালক লাভলু মোল্লা।দীর্ঘদিন ধরে সিদ্ধেশ্বরী রোডের এ বেহাল অবস্থা। বিশেষ করে, রিডিং ইন্টারন্যাশনাল স্কুলের সামনের অংশে কয়েক মাস ধরে পানি জমে আছে। তৈরি হয়েছে খানাখন্দ। এখানে গিয়ে দেখা গেল, ফুটপাত দিয়ে রিকশা চলছে। পথচারীদের তখন অন্য প্রান্তে অপেক্ষা কর হয়। আর তাই এখানে যান ও জনজট এখন নিত্যদিনের বিষয়। রিকশাচালক মনির হোসেন জানান, সড়কের এ ভাঙা অংশ পার হতে তাঁকে কষ্ট করতে হয়। এ ছাড়া লুকানো গর্তের কারণে যাত্রীসহ রিকশা উল্টে পড়ার ভয় থাকে। তাই নিরুপায় হয়ে তিনি ফুটপাত দিয়ে রিকশা উঠিয়ে দিয়েছেন।সড়কের ভাঙা অংশটুকু পার হতে খুবই সাবধানী হয়ে সড়কের একপাশের দেয়াল ঘেঁষে হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছিলেন সুরাইয়া বেগম। ভাঙা অংশটুকু পার হতে পেরে তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি বলেন, ‘একে তো রিকশা আর মোটরসাইকেল ফুটপাতে উঠে পড়ে, তার ওপর আবার এখান দিয়ে গাড়ি যাওয়ার সময় নোংরা কাদাপানি ছিটিয়ে দিয়ে যায়।’সিদ্ধেশ্বরী অ্যাপার্টমেন্ট অ্যান্ড হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোন্দকার নিয়াজ আহমেদ বলেন, ছয় মাসেরও বেশি সময় ধরে সিদ্ধেশ্বরী রোডের এ দুরবস্থা। ওয়াসার পয়োনালা সংস্কার না করায় সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ডিসিসি ও ওয়াসা কর্তৃপক্ষকে বারবার পয়োনালা মেরামতের জন্য অবহিত করা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এ বিষয়ে ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল ইসলাম জানান, সড়কের ভাঙা অংশটুকু বেশ কয়েকবার ডিসিসি থেকে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছে, কিন্তু বৃষ্টির জন্য তা কোনো কাজে আসছে না। এই সড়ক মেরামতে উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে দরপত্র-প্রক্রিয়া শুরু হবে। সিদ্ধেশ্বরী রোড বিষয়ে অভিযোগ নম্বর: ৯৫৫৮৪৫৪ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৫, ডিসিসি)