এ পেশাই এখন ধ্যানজ্ঞান
চট্টগ্রাম বেতারে স্থানীয় সংবাদ পাঠ দিয়েশুরু। ঢাকায় এসে বাংলাদেশ বেতার এবংবাংলাদেশ টেলিভিশনের সংবাদ পাঠক হিসেবে কাজ করেন দীর্ঘদিন।১৯৮১ সালে যোগ দেন ভয়েস অব আমেরিকায়। এ বছর জুনের শুরুতেই মার্কিন রাষ্ট্রীয় এই বেতারের বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পেলেন রোকেয়া হায়দার। এর আগে আরও তিনজন বাংলাদেশি এ দায়িত্ব পালন করেন। তবে তিনিই প্রথম নারী, যিনি এ দায়িত্ব পেলেন। টেলিফোনে রাহীদ এজাজ-এর সঙ্গে বললেন এই পথ চলার গল্পযেভাবে শুরু‘খুব আটঘাট বেঁধেই যে খবর পড়ার শুরু তা কিন্তু নয়। বড় বোন সুফিয়া আমিন ভালো গান গাইতেন। তাঁর ইচ্ছে ছিল আমি বেতার ও টিভিতে কাজ করি। নাটকে অংশ নিই। উৎসাহ জোগাতেন মা-বাবাও। কিন্তু আমি ভেবে দেখলাম নাটক করা আমাকে দিয়ে হবে না। কারণ মহড়া দেওয়াটা আমার জন্য কষ্টকর। তার চেয়ে খবর পড়াটা অনেক সহজ। মহড়ার কোনো ঝামেলা নেই। এভাবেই শুরুটা। ১৯৬৮-তে চট্টগ্রাম বেতারে স্থানীয় সংবাদের মাধ্যমে আমার খবর পড়ার শুরু।’কবে ও কীভাবে খবর পড়া শুরু করলেন জানতে চাইলে এ কথা জানালেন ভয়েস অব আমেরিকার (ভোয়া) বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। গত ২ জুন মার্কিন রাষ্ট্রীয় বেতারের বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন। এই প্রথম কোনো নারী ওই দায়িত্ব পেলেন। এর আগে ইশতিয়াক আহমেদ, ইকবাল আহমেদ ও ইকবাল বাহার চৌধুরী ভোয়ার বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন। রোকেয়া হায়দার ১৯৮১ সালে ভোয়ায় যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী রোকেয়া হায়দার ১৯৬৮ থেকে ১৯৭১-এ চার বছর চট্টগ্রামে অবস্থান করেন। আর এ সময়টা তিনি কাজ করেছেন তৎকালীন রেডিও পাকিস্তানের আঞ্চলিক কেন্দ্রে। ১৯৭৪-এ ঢাকায় একসঙ্গে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে খবর পড়তে শুরু করেন। যা অব্যাহত ছিল ১৯৮১-তে ভোয়ায় যোগ দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। ঢাকায় অবস্থানের সময় তিনি বছর ছয়েক কাজ করেছেন সাহায্য সংস্থা কারিতাসে। আর ভয়েস অব আমেরিকায় যোগ দেওয়ার পর থেকেই সংবাদকর্মী হিসেবে এটাই তাঁর একমাত্র পেশা, ধ্যান-জ্ঞান আর সাধনা। প্রতিবন্ধকতা আর ধাপে ধাপে শেখাদীর্ঘ চার দশকের বেশি সময় ধরে জড়িয়ে আছেন খবরের সঙ্গে। খবর পড়ছেন। নিজেকে নিয়ে গেছেন বিশ্বের অন্যতম প্রধান বেতারের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের পদে। কতটা মসৃণ ছিল সে পথচলা?‘বলতে দ্বিধা নেই, আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তা তো এক দিনে হয়নি। ধাপে ধাপে এগিয়েছি। বাধা ছিল, আজকের দিনের মতো এত সুযোগও ছিল না। তবে এটা ঠিক যে বাধা না থাকলে আমি এ পর্যায়ে আসতে পারতাম না। উচ্চারণ, মাত্রা ইত্যাদি নানা বিষয় আমরা নিজেদের চেষ্টায় শিখেছি। এখনকার মতো প্রযুক্তি আর প্রশিক্ষণের অবারিত সুযোগ ছিল না। তাই পরিস্থিতি বুঝে প্রয়োজনে উচ্চারণ আর খুঁটিনাটি নানা বিষয়ে আমরা দূতাবাস আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে বিষয়গুলো বুঝে নিতাম। এভাবেই দীর্ঘ সময় ধরে কাজ করেছি। নিজের অভিজ্ঞতা থেকেই বলি: নারীদের যদি এগোতে হয়, তবে দ্বিগুণ কাজ করতে হয়। সেটা বাংলাদেশেই হোক কিংবা যুক্তরাষ্ট্রে। পরিস্থিতি সব জায়গাতেই এক। তাই যেখানেই গেছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কখনোই পেছনে ফিরে তাকাইনি।’হাত বাড়িয়ে দাওরোকেয়া হায়দারের চেয়ে অনেক বেশি সৌভাগ্যবান এ প্রজন্মের তরুণ-তরুণীরা। চাইলেই তারা এমন একজনের সান্নিধ্য পাচ্ছেন, যিনি অনেকটা একা একা এতটা পথ পাড়ি দিয়েছেন। নিজেকে নিয়ে গেছেন বিশেষ এক উচ্চতায়। তাই কেউ যুক্তরাষ্ট্রে গিয়ে কিংবা তিনি ঢাকায় এলেই যখন বলেন, ‘এটা দেখিয়ে দিন, এটা কীভাবে বলব’—তিনি হাত বাড়িয়ে দেন। তাঁর মতে, চার দশক আগের তুলনায় সুযোগ এখন অনেক বেড়েছে। প্রতিযোগিতা করে এ প্রজন্মের ছেলেমেয়েরা কোথাও না কোথাও নিজেকে মানিয়ে নিচ্ছে। আর প্রযুক্তির উৎকর্ষের ফলে খুব সহজেই হাতের নাগালেই মিলছে সমাধান। প্রেরণা পরিবারইসুফিয়া আমিন চাইতেন-ছোট বোন অভিনয় করুক। কিন্তু বেশি সময় দেওয়া সম্ভব নয় বলে খবর পড়াটাই বেছে নেন রোকেয়া হায়দার। নাটক কিংবা খবর পড়া যা-ই হোক না কেন, তাতে সায় ছিল মা-বাবার। তা ছাড়া ছয় মেয়ে, তিন ছেলেকে আলাদাভাবে গড়ে তোলেননি তাঁরা। রোকেয়া হায়দারের ভাষায়: ‘বাবা-মা সব সময় আমাদের প্রেরণা জুগিয়েছেন। খেলাধুলার প্রতি আমার ঝোঁক শৈশব থেকেই। তাঁদের কারণেই নৌকা চালানো, ঘোড়দৌড়, গাড়ি চালানো এসব নানা বিষয় রপ্ত করতে পেরেছি। তাই কর্মক্ষেত্রে বাধা এলে তাকে তুচ্ছ জ্ঞান করে এগিয়ে গেছি।’বাঙালিয়ানার প্রতিচ্ছবিদীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে মার্কিন মুল্লুকে থাকলেও শাড়িই রোকেয়া হায়দারের প্রিয় পোশাক হয়ে আছে। সেটা ভোয়ার কার্যালয়ে হোক কিংবা দেশবিদেশে খেলার সংবাদ সংগ্রহের কাজেই হোক। কারণটা কী? তাঁর ব্যাখ্যা: ‘প্রথমত শাড়ি পরতে পছন্দ করি। দ্বিতীয়ত সব সময় শাড়ির মাধ্যমে দেশের প্রতিচ্ছবি তুলে ধরতে চাই। যার জন্য কখনো কখনো বাড়তি সুবিধাও পাই।’ তিনি জানান, খেলাধুলার প্রতি আগ্রহের কারণে অলিম্পিক, কমনওয়েলথ গেমস, বিশ্বকাপ ফুটবল ও ক্রিকেটের খবর সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছেন। এভাবেই ১৯৮৩ ইউএস অলিম্পিকসের খবর জোগাড় করতে তিনি কলোরাডো যান। সে সময় রোকেয়া হায়দার ছাড়া তেমন কোনো নারী সাংবাদিক সেখানে ছিলেন না। একদিনের ঘটনা। সংবাদ সম্মেলনে তিনি শাড়ি পরে ঢুকছিলেন। সবাই ভেবেছিল, তিনি বোধ হয় ভারতীয়। যখন বললেন, ‘আমি বাংলাদেশি’, অনেকেই অবাক হলো। পাল্টা প্রশ্ন ছুড়ল মার্কিন সাংবাদিকেরা, বাংলাদেশে কি ইউএস অলিম্পিকসের সব খেলাই হয়, যদি না হয় তবে তাঁরা বুঝবে কীভাবে? তাঁর উত্তর: না বুঝলে আমি তাদের বুঝতে সাহায্য করব। হার মানলেন মাগণমাধ্যমকে সচরাচর এড়িয়ে চলতেন মাদার তেরেসা। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মহীয়সী এ নারীর সান্নিধ্য পেতে বেশ কাঠখড় পোড়াতে হতো। এমনই এক ঘটনার কথা শোনালেন রোকেয়া হায়দার। ১৯৮৭-এর আগস্টে এইডস রোগীদের জন্য তহবিল সংগ্রহে ওয়াশিংটন যান মাদার তেরেসা। মিশনারিজ অব চ্যারিটি আয়োজিত তাঁর ওই সফর সম্পর্কে খোঁজ পেয়েছিলেন রোকেয়া হায়দার। তিনি অনুষ্ঠানস্থলে গিয়ে অপেক্ষা করছেন। পেরিয়ে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এক সিস্টার এসে জানাল, অপেক্ষা বিফলে যেতে পারে। তবু হাল ছাড়লেন না। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর প্রতীক্ষার পালা শেষ হলো। অবশেষে মায়ের দেখা পেলেন। সাক্ষাৎকার নিতে মাইক্রোফোন এগিয়ে দিতে তা সরিয়ে দিলেন মাদার তেরেসা। রোকেয়া হায়দার বললেন, আপনি যাদের জন্য কাজ করছেন তারাই তো আপনার এসব কথা শুনবে। এরপর মন গলল মাদার তেরেসার। পরে তিনি সানন্দেই সাক্ষাৎকারটি দিয়েছিলেন। ভালোবাসাটা জরুরিপেশাটা যা-হোক না কেন, তার প্রতি আগ্রহ, সম্মান আর ভালোবাসা থাকাটা জরুরি। দীর্ঘ চার দশকের বেশি সময় কাজ করার পর এটা উপলব্ধি করেন রোকেয়া হায়দার। তাঁর মতে, ‘নতুন যাঁরা আসবেন কাজের প্রতি তাঁদের আগ্রহ থাকতে হবে। সত্য বলার সাহস থাকতে হবে। সেই সঙ্গে উন্নত মূল্যবোধ থাকাটা জরুরি। রাতারাতি তারকা হওয়ার চেয়ে ধীরে ধীরে এগোনোটাই ভালো। তা ছাড়া আমি সাংবাদিক—এ পরিচয় দিয়ে যাতে প্রভাব না খাটাই, এ ব্যাপারেও সজাগ থাকতে হবে। সর্বোপরি, যাঁরা প্রবীণ তাঁদের প্রতি সম্মান দেখানোটাও জরুরি। যেটার অভাব মাঝে মাঝে আমাকে পীড়া দেয়।’ছবিগুলো ভয়েস অব আমেরিকার ফেসবুক পেজ থেকে নেওয়া