এ বক্তব্যের আইনি ভিত্তি নেই
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর প্রধানের পদ থেকে বিচারপতি নিজামুল হকের পদত্যাগের ফলে তাঁর সময়ে করা বিচারকাজ তামাদি হয়ে গেছে বলে বিএনপি-জামায়াতের আইনজীবীরা যে বক্তব্য দিয়েছেন, এটি ‘পাগলের প্রলাপ’। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, তাঁদের এ বক্তব্যের কোনো আইনি ভিত্তি নেই।কামরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের ফলে বিচারকাজ বিলম্বিত হবে না। পুনর্গঠিত ট্রাইব্যুনালের কাজ ১৭ ডিসেম্বর শুরু হবে বলে তিনি জানান।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পর গতকাল বুধবার দুটি ট্রাইব্যুনালই পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই দুই ট্রাইব্যুনালে জামায়াত ও বিএনপির নয়জন নেতার বিচার চলছে। পৌনে তিন বছর ধরে চলা এই বিচার-প্রক্রিয়া বড় ধরনের ধাক্কা খেয়েছে বিচারপতি নিজামুল হকের স্কাইপে আলাপনের সূত্র ধরে। ইন্টারনেটে কথা বলার সফটওয়্যার স্কাইপের মাধ্যমে এই বিচারপতি ট্রাইব্যুনাল-সংক্রান্ত নানা পরামর্শ করেছেন বেলজিয়াম-প্রবাসী আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে। গণমাধ্যমে আসা সেই কথোপকথন নিয়ে সৃষ্ট বিতর্কে মঙ্গলবার ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ান তিনি।