এ বছর দক্ষিণ কোরিয়ায় পাঠানো হবে চার হাজার শ্রমিক: মন্ত্রী
চলতি বছরই আরও তিন হাজার ৮০০ শ্রমিককে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রী বলেন, ২৪ অক্টোবর তিনি দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে শ্রমিক পাঠানোর বিষয়টি চূড়ান্ত করে আসবেন।গতকাল বুধবার সচিবালয়ে সফররত দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে কর্মসংস্থানমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।কর্মসংস্থানমন্ত্রী আরও বলেন, বর্তমানে দক্ষিণ কোরিয়ায় দেশের প্রায় চার হাজার শ্রমিক রয়েছেন। শ্রমিক পাঠানোর নীতিমালায় পরিবর্তন আনায় দেশটির বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী হয়ে উঠছে।মন্ত্রী বলেন, অল্প সময়ের ব্যবধানে কর্মস্থল পরিবর্তন করায় দক্ষিণ কোরিয়ার জনশক্তি আমদানিকারক শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা বাংলাদেশি শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। বর্তমানে সরকার সেখানে জনশক্তি পাঠানোর নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো শ্রমিক নির্দিষ্ট সময়ের আগে কর্মস্থল পরিবর্তন করলে তিন লাখ টাকা জরিমানার বিধান করা হয়েছে। এই জরিমানা ওই শ্রমিক অথবা তাঁদের বাংলাদেশে বসবাসকারী আত্মীয়স্বজনের কাছ থেকে আদায় করা হবে। এতে কোরিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দ্রুত কর্মস্থল পরিবর্তনও কমে গেছে বলে জানান তিনি।মোশাররফ বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় চার হাজার প্রশিক্ষিত শ্রমিক রয়েছে। এসব শ্রমিক কোরীয় ভাষা শিখে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার প্রসারের বিভিন্ন নজির তুলে ধরে তিনি বলেন, সৌদি আরব ও মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ খুলে যাচ্ছে। মালয়েশিয়া শিগগিরই কিছু ‘জেলে’ নেবে। এ ছাড়া নির্মাণ, কৃষি ও বৃক্ষরোপণ খাতে বাংলাদেশ থেকে কর্মী নেবে দেশটি।মন্ত্রী জানান, বাংলাদেশ সরকার সৌদি আরব ও মালয়েশিয়ার সরকারকে বলেছে, বাংলাদেশ থেকে আর কোনো অবৈধ কর্মী সেখানে যাবে না। আর সেখানে গিয়েও কেউ অবৈধ হবে না। এ নিয়ে আলোচনায় সবকিছু ঠিক হলেই তারা কর্মী নেওয়া শুরু করবে।অবৈধভাবে কর্মী পাঠানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি কঠোর করে এ-সংক্রান্ত আইনে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, নতুন আইনে জেল-জরিমানাসহ বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে। ফলে প্রতারণা করে অবৈধভাবে কর্মী পাঠানো বন্ধ হয়ে যাবে।