এ বছর মাত্র ৪৫টি ছবি!
‘একটি করে ছবি মুক্তি পাবে আর একটি করে প্রযোজনা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।’ এমন কথাই বললেন প্রযোজক জাহাঙ্গীর। সর্বশেষ তিনি তাঁর প্রযোজনায় নির্মিত জান কোরবান ছবিটি মুক্তি দিয়েছিলেন গত ঈদুল ফিতরে। এরপর তিনি আর নতুন কোনো ছবি বানানোর পরিকল্পনা করতে পারেননি। শুধু জাহাঙ্গীর নন, অনেক প্রযোজকই এখন আর ছবি বানাচ্ছেন না। কারণ একটাই, ছবির নির্মাণখরচ বাড়লেও আয় নেই।ঢাকার ছবির বাজার যে কতটা রুগ্ণ, তার চিত্র তুলে ধরা যায় একটি ছোট্ট হিসাবের মধ্য দিয়ে। চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত ছবি মুক্তি পেয়েছে মাত্র ৪১টি। আগামী এক মাসে ছবি মুক্তি পাবে মাত্র চারটি। অথচ মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে ১৯৭২-৭৫ সাল পর্যন্ত ছবি মুক্তি পেয়েছিল ৩০টি। ১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল ৪৬টি। ছবি মুক্তির এই পরিসংখ্যান পাওয়া গেছে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি থেকে।খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর যে ছবিগুলোর কাজ হচ্ছে, এখন পর্যন্ত হিসাব করে দেখা গেছে, আগামী বছরে মুক্তি পাবে ৩০টিরও কম ছবি।ছবির সংকটের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রেক্ষাগৃহের মালিকেরা। গত দুই বছরে বন্ধ হয়েছে প্রায় ১০০টি সিনেমা হল।চলচ্চিত্র নির্মাণ ও মুক্তি পাওয়ার সংখ্যা কমে যাওয়ায় এফডিসির আয়ও কমেছে ভীষণভাবে। জানা গেছে, কয়েকটি টিভি প্রযোজনা প্রতিষ্ঠানের শুটিংয়ের আয় দিয়ে এফডিসি কোনো রকমে বেঁচে থাকলেও ভবিষ্যতে এফডিসি লাভজনক প্রতিষ্ঠান থেকে লোকসানের দিকে ধাবিত হবে। সার্বিক অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি মাসুদ পারভেজ (সোহেল রানা) বলেন, ‘আসলে এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এর পেছনে অনেক কারণও আছে। বর্তমান সরকার ও বিগত সরকার অতীতে আমাদের পৃষ্ঠপোষকতা করেনি। তার পরও বর্তমান সরকার এবার আমদের জন্য ৫৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এখন যন্ত্রপাতি নিয়ে আসা হলে প্রযোজকেরা আবার নতুন উদ্যমে কাজ শুরু করবেন বলে আমার বিশ্বাস। আগামী বছর ছবির নির্মাণসংখ্যা বাড়বে বলে আশা করছি। আর সরকার আমাদের হাত-পা বেঁধে পানিতে সাঁতার কাটতে বলে। যে সেন্সর নীতিমালা আছে, তা দিয়ে এক প্রেম আর ভালোবাসার বাইরে কোনো গল্প নিয়ে ছবি বানাতে পারছি না। তাই সরকারকে বলেছি, আমরা যেন সমাজের সব বিষয় তুলে ধরতে পারি—এমন একটি সেন্সর নীতিমালা এবং প্রতিটি জেলায় একটি করে ডিজিটাল সিনেমা হল করার ব্যবস্থা করে দেয়। তবেই আমরা আবার ফিরে আসব সুদিনে। না হলে এই শিল্পের কী হবে, তা কেউই বলতে পারি না।’