এ বছর যাতায়াতে তেমন কোনো সমস্যা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মানুষের দুর্ভোগ লাঘব করতে ও ঘাটে যানজট দূর করতে এ বছর সর্বাধিক সংখ্যক ফেরি রাখা হয়েছে। এ ছাড়া সব ঘাটেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব বিভাগ ব্যাপক প্রস্তুতি নেওয়ায় এ বছর যাতায়াতে তেমন কোনো সমস্যা নেই। পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধ করতে এখন থেকে ঘাট প্রতিনিধির পরিবর্তে পরিবহনের তত্ত্বাবধায়ক যিনি থাকবেন তিনিই টিকিট কাটবেন। বিষয়টি নিয়ে কিছু জটিলতা দেখা দেওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন। দুপুর ১২টার দিকে শাহজাহান খান পাটুরিয়া ঘাট পরিদর্শন শেষে বিশেষ জাহাজে করে দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাটে যান। পরে সেখান থেকে তিনি লঞ্চঘাট, বিকল্প সড়ক ও ফেরিঘাট পরিদর্শন করেন। এ সময় ঘরমুখী যাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন মন্ত্রী।পরিদর্শনকালে শাজাহান খান লঞ্চঘাটে প্রায় এক বছর ধরে অবস্থিত বিকল পন্টুনটি কেন এত দিনেও সরানো হয়নি, তার কারণ জানতে চান। পরে দ্রুত ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে নির্দেশ দেন। এ ছাড়া ঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে পুলিশের পাশাপাশি আনসার, ভিডিপি, বিএনসিসির সদস্য নিয়োগের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেন। এ সময় মন্ত্রীর সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান মিয়া, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খোন্দকার, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী, পুলিশ সুপার মো. রেজাউল হক, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।