এ বছর শিক্ষার্থীরা বই উৎসব করবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাধ্যমিক পরীক্ষায় শতকরা ১০০ ভাগ পাস করলে সরকার সকল ছাত্র-ছাত্রীর জন্য উচ্চতর শ্রেণীতে ভর্তির ব্যবস্থা করতে সক্ষম হবে। তিনি বলেন, এই সরকারের উদ্দেশ্য হলো সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া, সময়মতো পাঠদান, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ। তিনি বলেন, এই লক্ষ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে।আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় ঢাকার গোপালগঞ্জ সমিতি আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সরকার এর মধ্যে দুই কোটি ৬৬ লাখ ৮৩ কপি বই ছাপা সম্পন্ন করেছে। বইগুলো উপজেলাগুলোতে পৌঁছে গেছে। কাল নতুন ইংরেজি নববর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেওয়া হবে বলে তিনি জানান। তিনি বলেন, এ বছর শিক্ষার্থীরা বই উৎসব করবে।প্রধানমন্ত্রী বিকেল চারটার দিকে পিকিং পাওয়ার প্লান্টের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছেন। পরে তিনি শেখ কামাল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন। আর খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষা করেছেন। জিয়া যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছিলেন। আর খালেদা জিয়া এখন যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আন্দোলন করছেন। তিনি বলেন, কিন্তু তাঁরা বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে পারেননি। আজ বাংলার মানুষ জেগেছে। তারা যুদ্ধাপরাধীদের বিচার চায়। যুদ্ধপরাধীদের বিচার এ দেশের মাটিতে হবে।