বহির্বিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন নতুন বাজার অনুসন্ধানের জন্য শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ সময় আরও জানান, এ বছর আরও দুই হাজার ৩৬১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে শিল্পায়নেরও গতি বাড়বে। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অবস্থান সুসংহত করতে পণ্যের উৎপাদনশীলতা ও গুণগত মান বাড়ানোরও আহ্বান জানান তিনি।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী ষষ্ঠদশ ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১১’ উদ্বোধনকালে গতকাল শনিবার প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে চলতি জানুয়ারি মাসজুড়েই চলবে এ মেলা। মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ ও ইপিবির ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ উপস্থিত ছিলেন। মেলা উদ্বোধনকালে বাজার অনুসন্ধান ও পণ্যের মান বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নে খেয়াল রাখারও আহ্বান জানান শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার নয়, ব্যবসা করবেন ব্যবসায়ীরা। সরকার শুধু সহায়তা দেবে। কোনো প্রতিবন্ধকতা থাকলে সরকার তা দূর করে দেবে। তবে শ্রমিকদের ছেলেমেয়েরা যেন ভালোভাবে বাঁচতে পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।’ ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের সুন্দর পরিবেশ দেবেন, তাঁরা শ্রম দিয়ে আপনাদের ভালো রাখবে।’প্রধানমন্ত্রী বলেন, ডব্লিউটিও (বিশ্ব বাণিজ্য সংস্থা) বাংলাদেশের মতো দেশগুলোর জন্য একদিকে যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, অন্যদিকে এনে দিয়েছে অপার সুযোগও। রপ্তানি বাড়াতে তাই নতুন নতুন কৌশল নিয়ে এগিয়ে যেতে হবে। এলডিসি (স্বল্পোন্নত দেশ) হিসেবে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগের জন্য যুক্তরাষ্ট্রসহ সম্ভাবনাময় কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে সক্রিয় এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার। প্রধানমন্ত্রী জানান, রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে ইতিমধ্যেই ব্যাংক সুদের হার ১৬-১৭ থেকে কমিয়ে ১২-১৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পদক্ষেপ নেওয়া হয়েছে পিপিপিকে (সরকারি-বেসরকারি অংশীদারি) কার্যকর করার। বর্তমান রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ স্থান করে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।বিদ্যুৎ সংকটের জন্য আগের দুই সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, গত সাত বছরে এক মেগাওয়াট বিদ্যুৎও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি। অথচ চাহিদা বেড়েছে অনেক। আশার কথা যে ৩০টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে বর্তমানে। ১০টির নির্মাণ কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। এ বছর আরও দুই হাজার ৩৬১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আর স্বাভাবিক কারণেই এতে শিল্পায়নের গতি বাড়বে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বাণিজ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি ‘বঙ্গবন্ধুর সঙ্গে কিছুক্ষণ’ নামে একটি স্টলেরও উদ্বোধন করেন। দর্শনার্থীরা স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকাবিষয়ক প্রামাণ্যচিত্র দেখতে পাবেন এই স্টলে। বিকেলে মেলা সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান জানান, বাংলাদেশসহ ১৪টি দেশের ৫৩১টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে এবারের মেলায়। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, থাইল্যান্ড, ইরান, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের স্টল ৩২টি। মেলার প্রবেশমূল্য ১৫ টাকা। মাসব্যাপী এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।