এ বছরই ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা!
ইরাকে মার্কিন সেনা রাখার পরিকল্পনা ত্যাগ করছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের শেষ নাগাদ সব সেনা ইরাক ছেড়ে যাবে। গতকাল শনিবার ওয়াশিংটনে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে এ কথা জানিয়েছেন। ওই কর্মকর্তা গতকাল বলেন, ‘বাগদাদে মার্কিন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬০ সেনা ছাড়া সবাই ২০১১ সালের শেষ নাগাদ ইরাক ত্যাগ করবে।’ তবে হোয়াইট হাউস ও পেন্টাগন এ কথা অস্বীকার করে বলেছে, ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দেশটির সঙ্গে কৌশলগত সম্পর্ক অটুট থাকবে। সেই সঙ্গে নিরাপত্তার ব্যাপারে একসঙ্গে কাজ করা হবে। এ সিদ্ধান্ত কার্যকর হলে আট বছরের ইরাক যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র নিজেদের পুরোপুরি সরিয়ে নিতে সক্ষম হবে। তবে ইরাকের নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতা নিয়ে এখনো উদ্বেগ রয়েই গেছে। দেশটিতে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটছে। এ প্রেক্ষাপটে ইরাক থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার পরিস্থিতিকে আরও মারাত্মক করে তুলতে পারে।