এ বছরই বিয়ে করছেন জোলি-পিট
এ বসন্তে তাহলে সত্যি সত্যিই ফুল ফুটতে যাচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি-ব্রাড পিটের জীবনে! এই বসন্তেই বিয়ে করবেন বলে সম্প্রতি মনস্থির করেছেন হলিউডের বহুল আলোচিত এ তারকা জুটি। বিয়ের স্থান হিসেবে পিটের জন্মভূমি যুক্তরাষ্ট্রের স্প্রিংফিল্ডের কথাই ভাবছেন তাঁরা। অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা বিয়ের কাজ সারতে চান। বিয়ের অনুষ্ঠানে কেবল পরিবারের সদস্য ও কাছের বন্ধুদেরই আমন্ত্রণ জানানো হবে। জোলি তাঁর বাবা জন ভয়েট এবং ভাই জেমস হ্যাভেনকে সে অনুষ্ঠানে পাশে চাইছেন বলেই পিট-জোলির ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। সূত্রটি জানিয়েছে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি দুজনই চাইছেন তাঁদের বিয়ের এই অনুষ্ঠানটি যেন একেবারে ঘরোয়া বিষয় হিসেবেই থাকে। চার্চের রীতি অনুযায়ী এই বিয়ে অনুষ্ঠিত হবে না। কম্বোডিয়া, ভিয়েতনাম ও ইথিওপিয়া থেকে ম্যাডক্স, প্যাক্স ও জাহারাকে দত্তক নিয়েছিলেন এ জুটি। সম্প্রতি এসব দেশের বিয়ের রীতি সম্পর্কে জানার চেষ্টা করছেন তাঁরা। নিজেদের বিয়েতে এসব দেশের বিয়ের রীতি অনুসরণ করার ভাবনা থেকেই তাঁদের এই উদ্যোগ।পিট ও জোলি প্রণয়ে জড়িয়েছিলেন ২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে একসঙ্গে কাজ করার সময়। এরপর সাত বছর ধরে তাঁরা এক ছাদের নিচেই বসবাস করছেন। তাঁদের নিজেদের তিনটি এবং দত্তক নেওয়া তিনটি সন্তান রয়েছে। জোলির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে হলিউডের অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে সংসার করেছেন পিট। এদিকে এখনওত্ পর্যন্ত দুবার বিয়ের পিঁড়িতে বসেছেন জোলি। ব্রিটিশ অভিনেতা জনি লি মিলারের সঙ্গে ১৯৯৯ সালে বিচ্ছেদের পরের বছরই মার্কিন অভিনেতা বিলি বব থরটনকে বিয়ে করেছিলেন জোলি।