এ বর্ষায়ও জলাবদ্ধতা থেকে মুক্তি নেই ডিএনডিবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বর্ষা মৌসুমেও জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে না ডিএনডি এলাকার প্রায় ১৫ লাখ মানুষ। কারণ, ওই এলাকার পানি নিষ্কাশনের প্রধান পথ ডিএনডি সেচখালগুলো দখলদারদের কবলে পড়ে ভরাট হয়ে গেছে। এর কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ। পানি উন্নয়ন বোর্ড মাঝেমধ্যে ঢাকঢোল পিটিয়ে অবৈধ দখলদার উচ্ছেদের উদ্যোগ নেয়। কিন্তু বোর্ডের কর্মকর্তারাই বলেছেন, প্রায় ৯৪ কিলোমিটার দীর্ঘ ডিএনডি খালের এক ইঞ্চিও তাঁদের নিয়ন্ত্রণে নেই। যে যেভাবে পারছে দখল করে নিচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) সেচ প্রকল্পের অন্তর্ভুক্ত ঢাকার ডেমরা ও শ্যামপুর থানা এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ উপজেলার ৫৬ দশমিক ৭৯ বর্গকিলোমিটার এলাকায় সেচ ও পানি নিষ্কাশনের জন্য যে খালগুলো ছিল, সেগুলোর অস্তিত্ব এখন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রধান দুটি নিষ্কাশনখালের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নির্বিচারে দখল করেছেন। ডেমরা-শ্যামপুর পানি-বিদ্যুৎ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক ফরিদ হোসেন প্রথম আলোকে জানান, স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি জানে। কিন্তু দখলদারদের প্রতিরোধে তাদের কোনো উদ্যোগ নেই। এলাকাবাসী জানিয়েছেন, আগে জিয়া সরণির খালের সঙ্গে সংযোগকারী ডিএনডি খালের অনেকটা অংশ ভরাট করে বিএনপির সাবেক সাংসদ সালাহউদ্দিন মার্কেট নির্মাণ করেছিলেন। আর এখন সাংসদ হাবিবুর রহমান মোল্লার সহযোগিতায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জায়গা দখল করছে বলে শোনা যায়। এই দখলে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সন্ত্রাসী ও যুবলীগ নেতা ওসমান গণি। সূত্র জানিয়েছে, ঢাকার মৃধাবাড়ি থেকে শনির আখড়া হয়ে শ্যামপুর খাল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ জিয়া সরণির খাল দিয়ে যাত্রাবাড়ী থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত এলাকার পানি নিষ্কাশন (প্রধান নিষ্কাশন খাল-১) হয়। এক মাস আগে পানি উন্নয়ন বোর্ড এই খাল পরিষ্কার ও দখলদারদের উচ্ছেদ করে। কিন্তু গত মঙ্গলবার সেখানে আবার দখলপ্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় দোকানিরা জানান, সাংসদ হাবুিবর রহমান মোল্লা তাঁদের অনুরোধ করেছিলেন পানি উন্নয়ন বোর্ডকে সহযোগিতা করার জন্য। তিনিই বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের কাজ শেষ হলেই আবার দোকান ওঠানো যাবে।অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান মোল্লা প্রথম আলোকে জানান, তিনি চান না খাল দখল হোক। এ বিষয়ে তাঁর কোনো সমর্থন নেই। তবে দোকানপাট না থাকলে এলাকার মানুষকে অনেক দূর গিয়ে বাজার করতে হয়, এই বিবেচনায় এগুলো হচ্ছে।ডিএনডি এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য পানি উন্নয়ন বোর্ড যে প্রকল্প প্রস্তাব তৈরি করেছে তাতে দেখা যায়, শিমরাইল পাম্প থেকে ওয়াপদার পুল পর্যন্ত সাড়ে আট কিলোমিটার দীর্ঘ খালের ডান দিকের পুরোটাই দখল হয়ে গেছে। এ ছাড়া প্রধান নিষ্কাশন খাল-২ যেটি শিমরাইল থেকে লন্ডন মার্কেট হয়ে সানারপাড়-সাইনবোর্ড পর্যন্ত গেছে, সেটিও বেদখল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বানানোর কারণে যে কৃত্রিম খালটির সৃষ্টি হয়ে পরে জিয়া সরণির খালে গিয়ে পড়েছে, সেটি চওড়া ছিল ৩০ ফুট। এখন বিভিন্ন স্থানে ১০ ফুটও নেই। প্রধান নিষ্কাশন খাল-২ এলাকায়ও দখল হয়েছে পানি উন্নয়ন বোর্ডের খালগুলো। কয়েকজন কর্মকর্তা জানান, সরকারি কোনো সংস্থার তেমন নজরদারি না থাকায় গার্মেন্টস, ডাইং, স্পিনিংসহ বিভিন্ন কারখানা খালের অনেকটাই দখল করে নিয়েছে। নিষ্কাশন ও সেচখাল বন্ধ করে ফেলার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোও কম দায়ী নয়। সড়ক ও জনপথ বিভাগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং বিশ্বরোড নির্মাণের সময় পানি নিষ্কাশনের দিকে এতটুকুও নজর দেয়নি।বিগত সরকারের সময় যাত্রাবাড়ী ও ডেমরার পানি নিষ্কাশনকারী কুতুবখালী খালের একটা বড় অংশ দিয়ে দেওয়া হয় সিএনজি স্টেশন করার জন্য। এ স্টেশনগুলোকে যতটুকু জায়গা লিজ দেওয়া হয়েছে, মালিকেরা তার চেয়েও বাড়িয়ে নিয়েছেন। পানি নিষ্কাশনের জন্য যে নর্দমা হয়েছে, তা খুবই সরু। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা বেশকিছু সিএনজি স্টেশনকে বাধ্য করেছে নর্দমা চওড়া করতে। তবে অনেক রাস্তাঘাট এমনভাবে করা হয়েছে, যা পানি নিষ্কাশনের প্রতিবন্ধক। কিন্তু আপাতত এগুলো নিয়ে কিছু করা সম্ভব নয়। খালগুলো অস্থায়ী ভিত্তিতে পরিষ্কার করে পানি সরানোর ব্যবস্থা করা ছাড়া অন্য কোনো পরিকল্পনা এখন নেই। এভাবে ডিএনডি এলাকার জলাবদ্ধতা দূর করতে পানি উন্নয়ন বোর্ড ৩০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প অনুমোদন পেলে তিন বছরের মধ্যে জলাবদ্ধতার সমস্যা দূর করা যাবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হুমায়ূন কবীর। এই প্রকল্পের আওতায় সবকটি খাল দখলমুক্ত করা ও ১৪৫টি বক্স কালভার্ট স্থাপনের চিন্তা করা হচ্ছে। এ ছাড়া শীতলক্ষ্যা নদী-তীরবর্তী এলাকায় পাঁচ দশমিক পাঁচ কিউসেক ক্ষমতাসম্পন্ন দুটি ও বুড়িগঙ্গা নদী-তীরবর্তী এলাকায় দুটি পাম্প স্থাপন করা হচ্ছে। পুরো প্রকল্পটিকে সেচ প্রকল্প থেকে পানি নিষ্কাশন প্রকল্পে রূপান্তর করা হবে বলেও জানা গেছে। এ মাসেই প্রকল্পটি অনুমোদনের জন্য পাঠানো হবে মন্ত্রণালয়ে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ কৌশল বিভাগের চেয়ারম্যান এম এ মতিন প্রথম আলোকে বলেন, সেচ প্রকল্প এলাকায় এলোপাতাড়ি বাড়িঘর তৈরি ও খালগুলো দখল হয়ে যাওয়ায় এখন নতুন করে ওই এলাকায় কিছু করাটা মুশকিল। জরুরি ভিত্তিতে বৃষ্টির পানি সরে যাওয়ার জন্য জলাধার তৈরি করে সেখান থেকে খাল দিয়ে পানি নদীতে পৌঁছানোর একটা ব্যবস্থা করা যায়।