এ বসন্তে ফুটছে আন্দোলনের ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজাকারের কালো দাগ এই বসন্তে মুছে যাক’। কোঁকড়া চুল, অতি ব্যবহারে ফ্যাকাশে হওয়া জিনস প্যান্ট পরা তরুণের শার্ট বাঁধা কোমরে। বুকে বসন্ত আর আন্দোলন নিয়ে লেখা এই স্লোগান। এই তরুণ আশিকুর রহমান সালেহকে গতকাল দুপুরে দেখা গেল আজিজ মার্কেটের সামনে। এসেছেন সস্ত্রীক। রাস্তার অপর পাশে বিশ্ববিদ্যালয় এলাকার একটি গাছ থেকে ভেসে আসছিল কোকিলের কুহুতান। নিরাভরণ গাছের কচি কিশলয় জেগে ওঠার আভাসে, পল্লব মর্মর জানান দিচ্ছে—বসন্ত এসে গেছে।আজ বুধবার। বাংলা ১৪১৯ সনের শেষ ঋতু বসন্তের প্রথম দিন। এমন দিনে প্রকৃতি বলে, এসো শোক-তাপ ভুলে সবাই মেতে থাকো বসন্তের আবাহনে। তবে এবারের দৃশ্যপট ভিন্ন। এবারের বসন্ত উৎসব তারুণ্যের আন্দোলনে প্রকম্পিত শাহবাগসহ সারা দেশ। বিশেষ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে সংক্ষুব্ধ তরুণ সমাজের নেতৃত্বে শাহবাগে প্রতিবাদ সমাবেশে সব শ্রেণী-পেশার মানুষ মিলিত কণ্ঠে রায়ের বিরুদ্ধে অবস্থান নেন। এখানে লাখো কণ্ঠে ধ্বনিত হয় ‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’। এ প্রদীপ্ত উচ্চারণের মধ্য দিয়ে এর দোলা ছড়িয়ে পড়ে সমগ্র দেশ থেকে দেশান্তরে। জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মানজার চৌধুরী বলেন, ‘পঞ্জিকার নিয়ম মেনে আমরা বসন্ত উৎসবের আয়োজন করলেও আজকের আয়োজনে থাকবে প্রতিবাদ, প্রতিরোধ আর দাবি আদায়ের গান, কবিতা।’ দাবি, প্রতিবাদ কিংবা আন্দোলনের মহাযজ্ঞ এখন দেশজুড়ে। শীতের রিক্ততা মুছে দিয়ে প্রকৃতিজুড়ে এখন সাজ সাজ রব। হিমেল পরশে বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠছে নবীন জীবনের ঢেউ। বসন্ত এলে কচি পাতায় আলোর নাচনের মতোই বাঙালি তরুণ মনে লাগে দোলা। হূদয় হয় উচাটন। আর তাই তো চিরকাল বাংলার কবি-সাহিত্যিকেরা বসন্ত বন্দনা করেছেন। অশোক-কিংশুকে বিমোহিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, ‘এলো খুনমাখা তূণ নিয়ে/ খুনেরা ফাগুন...।’বসন্ত বাঙালির আন্দোলনের ঋতু। এ বসন্তেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। বসন্তেই বাঙালি মুক্তিযুদ্ধ শুরু করেছিল। এবারের বসন্তেও ফুটছে আন্দোলনের ফুল। এ বসন্তে তরুণ প্রজন্মের আন্দোলন সফল হবে, এই প্রত্যাশার ঢেউ জেগেছে গোটা দেশে। ফুলেল বসন্ত, যৌবনের উদ্দামতা বয়ে আনা বসন্ত, আনন্দ-উচ্ছ্বাস আর উদ্বেলতায় প্রাণ-মন কেড়ে নেওয়া বসন্ত তোমায় অভিবাদন।কর্মসূচি: বসন্তের প্রথম দিনে নানা আয়োজনে আলোড়িত হবে ঢাকা। বিশেষত তরুণ-তরুণীরা বইমেলা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, উদ্যান, ফাস্টফুড ক্যাফেতে বসন্ত আবাহন করবে নানা আয়োজনের ডালি নিয়ে। প্রতিবছরের মতো এবারও চারুকলা অনুষদের বকুলতলায় যন্ত্রসংগীতে বসন্ত আবাহনের মধ্য দিয়ে সকাল সাতটায় বসন্ত উৎসব শুরু হবে। দ্বিতীয় পর্ব বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। একযোগে চলবে চারুকলার বকুলতলায়, ধানমন্ডির রবীন্দ্রসরোবর উন্মুক্ত মঞ্চ ও লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্কে। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কদ্বীপের মুক্তমঞ্চে বসন্ত উৎসবের আয়োজন করছে ‘দৃষ্টি’।