এ বাজেট সময়োপযোগী, বাস্তবায়ন করতে পারব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এ বাজেট বাস্তবায়ন করতে পারব। এর ফল যাতে জনগণ পায়, সে ব্যবস্থাও করা যাবে।’আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় সাংগঠনিক সম্পাদকেরা সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। তৃণমূলের সম্মেলন শেষ করা জন্য সাতটি কমিটি করে দেওয়া হয়। সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখও বৈঠকে চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। শেখ হাসিনা বলেন, ‘সবগুলো বাজেটেই আমাদের লক্ষ্য থাকে শিক্ষার মান বাড়ানো, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, গ্রামীণ অর্থনীতি চাঙা করা, মানুষের মৌলিক চাহিদা পূরণ করা।’ বাজেটের ঘাটতি নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘এটা স্বাভাবিক। অতীতেও বাজেটে পাঁচ ভাগ ঘাটতি ছিল।’প্রধানমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নের আগে সবার সঙ্গে মতবিনিময় করা হয়েছে। অতীতে কোনো সরকার তা করেনি। বাজেট নিয়ে কিছু মানুষ অখুশি হতে পারে। বিরোধী দল লুটপাট, দুর্নীতি করতে পারছে না। স্বাভাবিকভাবেই তারা অখুশি। তিনি বলেন, দেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগের অবদান আছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষ কিছু পায়।শেখ হাসিনা বলেন, এবার ক্ষমতায় এসে বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বাড়িয়েছি। বাপেক্সকে শক্তিশালী করা হয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। মূল্যস্ফীতি কমেছে। বেতন বাড়ানো হয়েছে। তিনি বলেন, অনেক ক্ষেত্রে ওয়াদা থেকে বেশি কাজ করা হয়েছে। উপজেলা পর্যায়ে ইন্টারনেট সার্ভিস দেওয়ার কথা থাকলেও ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এই সার্ভিস দেওয়া হয়েছে। সরকার প্রত্যেক ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করছে। এর সুফল জনগণ পাচ্ছে।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত হয়। যার ফলে সমাজের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়। সন্ত্রাসী, জঙ্গিবাদের হাতে যাতে মানুষ জিম্মি না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, ২০০১ সালের পর মানুষের স্বপ্ন চুরমার করে দেওয়া হয়। অপারেশন ক্লিনহার্টে নামে অনেক মানুষকে হত্যা করা হয়। আবার দায়মুক্তিও দেওয়া। তখন সারা দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মহোৎসব চলে। এমনকি আমরাও এ থেকে রেহাই পাইনি।