এ বাজেট সাধারণ মানুষের জন্য: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সমর্থ হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বাজেট সাধারণ মানুষের জন্য। আমরা এটা বাস্তবায়ন করতে পারব। আগেরটাও বাস্তবায়ন করেছি।’ আজ শুক্রবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, বাজেটকে উচ্চাভিলাষী বলে ভীতি ছড়ানোর কোনো মানে হয় না। উচ্চাভিলাষ একটাই, তা হলো জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন। এই লক্ষ্য সামনে রেখেই বাজেট বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, কেউ বলতে পারেনি যে এটা গরিব মারার বাজেট। সত্যিকারভাবেই এ বাজেট সাধারণ মানুষের জন্য।প্রস্তাবিত বাজেট সম্পর্কে শেখ হাসিনা আরও বলেন, সবারই আকাঙ্ক্ষা থাকতে হবে। জনগণের কল্যাণ হয়েছে কি না তা দেখে বিবেচনা করতে হবে। এ বাজেটের মাধ্যমে দেশে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কারামুক্তি সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘আমার কারামুক্তি থেকে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে, সেটাই বড় কথা। আমরা বিশ্বাস করি, গণতন্ত্র ছাড়া অর্থনৈতিক মুক্তি আসতে পারে না।’ তিনি বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য, অর্থনৈতিক মুক্তি, নিরক্ষরতা থেকে মুক্তি, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং কর্মসংস্থান করা। এ জন্য আমরা রূপকল্প প্রণয়ন করেছি।’ তিনি বলেন, ‘আমাদের আকাঙ্ক্ষা মানুষ শান্তিতে থাকবে, তিন বেলা খাবে, শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে। আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়তে চাই।’নিমতলীর অগ্নিকাণ্ডের স্বজন হারানো নববিবাহিতা রুনা, রত্না ও আসমার জন্য সবার দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মেয়েগুলো খুবই অসহায়। আগুনে পুড়ে তারা সব হারিয়েছে। অবস্থা এমন যে এদের থাকার জায়গাও নেই। তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে আমরা চেষ্টা করেছি। বিয়েতে যা যা করা প্রয়োজন তার সবই করেছি।’এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনায় হঠাত্ জানতে পারলাম, আমাদের দুই বোনের কেউ নেই। তাই হারানোর ব্যথা আমাদের চেয়ে আর কে জানে। প্রধানমন্ত্রী তাঁর কারামুক্তির জন্য দেশবাসী, আওয়ামী লীগের নেতা-কর্মী ও গণমাধ্যমের কাছে কৃতজ্ঞতা জানান।’কারামুক্তি দিবস পালন: কারামুক্তি দিবসে দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনতার ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথমেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।