এ বি এম খায়রুল হক প্রধান বিচারপতি নিযুক্ত
প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এ নিয়োগ দেন। এ বি এম খায়রুল হক হচ্ছেন ১৯তম প্রধান বিচারপতি। তিনি বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন। মোহাম্মদ ফজলুল করিম ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। ওই দিন থেকে বিচারপতি এ বি এম খায়রুল হকের নিয়োগ কার্যকর হবে।এ নিয়োগের খবর নিশ্চিত করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন পেয়েছেন। এ বি এম খায়রুল হক ১৯৪৪ সালের ১৮ মে মাদারীপুরের রাজৈর থানার আড়াইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন, ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাস করেন। ১৯৭০ সালে তিনি আইনজীবী হিসেবে সনদ পান। ১৯৭৫ সালে লন্ডন থেকে বার-এট-ল ডিগ্রি লাভ করেন। খায়রুল হক ১৯৭৬ সালে হাইকোর্ট বিভাগের এবং ১৯৮২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এর মাঝে ১৯৭৮ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। খায়রুল হক ১৯৯৮ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০০ সালের ২৬ এপ্রিল হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন তিনি। ২০০৯ সালের ১৪ জুলাই তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ১৭ মে বিচারপতি খায়রুল হকের অবসরে যাওয়ার কথা।বিচারপতি এ বি এম খায়রুল হক হাইকোর্ট বিভাগে থাকাকালে বহুল আলোচিত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন। এ ছাড়া ঢাকার চার নদনদী রক্ষা, স্বাধীনতার ঘোষকসহ উল্লেখযোগ্য মামলার রায় দেন তিনি। এ ছাড়া বাংলায় একাধিক রায় দিয়েছেন তিনি।