এ বিজয় জনগণের: আন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পার্লামেন্ট গতকাল অনশনরত সমাজকর্মী আন্না হাজারের তিনটি দাবিই নীতিগতভাবে মেনে নিয়েছে। এর ফলে দুর্নীতিবিরোধী আন্দোলনে বিজয়ী হলেন ১২ দিন ধরে অনশন চালিয়ে যাওয়া ৭৪ বছরের এ বৃদ্ধ। দুর্নীতিবিরোধী লোকপাল বিল নিয়ে নানামুখী আলোচনা ও বিতর্কের পর পার্লামেন্টের উভয় কক্ষ এ বিষয়ে একমত হয়। এ খবর পেয়ে আন্না আজ রোববার সকাল ১০টায় অনশন ভাঙবেন বলে ঘোষণা দেন।আন্না হাজারের অনমনীয় আন্দোলন এবং এর পক্ষে সৃষ্ট জনমত ও রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের চাপে গতকাল পার্লামেন্টে ভোটাভুটিতে রাজি হয় সরকার। তবে এ নিয়ে দিনভর দর-কষাকষি চলে। একপর্যায়ে সরকার বলে, ভোট বা প্রস্তাব পাস না করে পার্লামেন্টের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভা ‘হাউসের অনুভূতি ব্যক্ত’ করে একটি বিবৃতি দেবে। কিন্তু আন্নার সহযোগীরা একে ‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়ে ভোটের দাবি জানান। তখন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ মন্ত্রী ও বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার পর পার্লামেন্টে প্রস্তাব আনতে সম্মত হন। আন্নার যে তিনটি দাবি মেনে নিয়েছে পার্লামেন্ট সেগুলো হচ্ছে: এক. কেন্দ্র ও রাজ্য পর্যায়ে লোকপাল প্রবর্তন, দুই. কনিষ্ঠ সরকারি আমলারা এর জবাবদিহির আওতায় থাকবেন এবং তিন. সব সরকারি দপ্তরের সামনে ওই দপ্তরের দায়িত্ব উল্লেখ করে ‘সিটিজেন চার্টার’ টাঙানো থাকবে। নয়াদিল্লির রামলীলা ময়দানে অনশনরত আন্না হাজারে পার্লামেন্টে প্রস্তাব গৃহীত হওয়ার খবর পেয়ে বলেন, ‘আমরা যুদ্ধে অর্ধেক বিজয় পেয়েছি।’ হাজার হাজার কর্মী ও সমর্থককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এটি আপনাদের বিজয়। আমি কাল সকাল ১০টায় আপনাদের সঙ্গে অনশন ভাঙব।’ তাঁর এ কথায় জনতা উল্লাসে ফেটে পড়ে। বিজয় উদ্যাপন করলেও সবাইকে শান্ত থাকার আহ্বান জানান আন্না। তাঁর কাছে পার্লামেন্টে অনুমোদিত প্রস্তাব ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি চিঠি নিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী বিলাস রাও দেশমুখসহ কয়েকজন নেতা।১২ দিনের অনশনে আন্নার ওজন কমেছে সাত কেজি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। তিনি এর মধ্যে শুধু পানি খেয়েছেন।প্রস্তাবটি কণ্ঠভোটে, না কীভাবে গৃহীত হলো—তা নিয়ে কিছুটা বিভ্রান্তি ছিল। উপস্থিত সাংবাদিকেরা বলেছেন, দৃশ্যত কোনো কণ্ঠভোট হয়নি। তবে লোকসভার স্পিকার মীরা কুমার সাংবাদিকদের বলেন, ‘ডেস্ক চাপড়ে সমর্থন করা কণ্ঠভোটে প্রস্তাব পাসের সমতুল্য।’ তিনি অধিবেশন সোমবার পর্যন্ত মুলতবি করেন।আন্না হাজারের প্রস্তাব তিনটি পার্লামেন্টের স্থায়ী কমিটি যাচাই করে দেখবে। এগুলো সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ কি না, তা-ও দেখবে কমিটি। এরপর বিস্তারিত মতামত দিয়ে কমিটি বিলটি পার্লামেন্টে বিবেচনার জন্য ফেরত পাঠাবে।সমাজকর্মী আন্নার অনশন ভাঙাতে দুর্নীতিবিরোধী লোকপাল বিল নিয়ে গতকাল প্রায় দিনভর লোকসভায় তুমুল বিতর্ক হয়। পরে প্রণব মুখার্জি বিজেপি ও রাজ্যসভার নেতা অরুণ জেটলির সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া আইনমন্ত্রী সালমান খুরশিদ ও সংসদবিষয়ক মন্ত্রী পবন বানশালসহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রণব। ভারতে ক্রমেই বেড়ে চলা দুর্নীতির ওপর নজরদারি করতে একটি শক্তিশালী ও কার্যকর লোকপালের দাবিতে আন্না হাজারে তাঁর সর্বশেষ দফা অনশন করছিলেন দিল্লির রামলীলা ময়দানে। গতকাল ছিল এর দ্বাদশ দিন। আন্নার অনশন কর্মসূচিতে দেশজুড়ে ব্যাপক সাড়া পড়ে।লোকসভার বিশেষ অধিবেশনে প্রণব মুখার্জি বলেন, ‘আমরা এখন একটি সন্ধিক্ষণে...বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের কার্যকারিতা এখন একটি সংকটময় পর্যায়ে পৌঁছেছে। আমরা কী করছি, তার দিকে চেয়ে আছে গোটা জাতি। পার্লামেন্টের ক্ষমতা খর্ব না করে সংবিধানের আওতায় এ সমস্যার একটি সমাধান আপনারা বের করুন।’প্রস্তাবটি পাস করার ক্ষেত্রে ভারতের সরকারি ও বিরোধী দল লক্ষণীয় সহযোগিতার দৃষ্টান্ত দেখিয়েছে। তবে কিছু কিছু সমালোচক বলছেন, আন্না হাজারে যে ক্ষমতার বা পর্যায়ের লোকপালের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন, তা করা হলে সংসদীয় গণতন্ত্রের কর্তৃত্ব ক্ষুণ্ন হবে।গতকাল বিকেলে আন্নার অনশনস্থলে যান বলিউড তারকা আমির খান। তিনি কর্মসূচির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর লগান চলচ্চিত্রের একটি গান গেয়ে শোনান। আন্নার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত জুনে পার্লামেন্টে লোকপাল বিল উত্থাপন করে সরকার। দাবির মুখে এ খসড়া প্রণয়নে আন্নার সহযোগীকেও রাখা হয়। কিন্তু প্রস্তাবিত আইনের খসড়ায় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, এমপি, জ্যেষ্ঠ বিচারপতি ও আমলাদের আইনের বাইরে রাখা হয়েছে। এ বিলকে দেশের মানুষের জন্য ‘নির্মম প্রহসন’ অভিহিত করে আরও কার্যকর ও শক্তিশালী লোকপাল বিলের দাবিতে নতুন করে অনশন শুরু করেন সেনাবাহিনীর সাবেক এ গাড়িচালক। ১৬ আগস্ট অনশন শুরুর কয়েক ঘণ্টা আগে আন্না হাজারেকে দিল্লির পুলিশ গ্রেপ্তার করে তিহার জেলে পাঠায়। কিন্তু আন্না সেখানেও খাবার খাননি। ব্যাপক দর-কষাকষির পর সে রাতেই ১৫ দিন অনশনের অনুমতি দিয়ে তাঁকে মুক্তি দেয় পুলিশ। প্রধানমন্ত্রী মনমোহন সিং কয়েক দিন ধরে পরোক্ষভাবে আন্নার আন্দোলনের পক্ষে কথা বলেছেন। দেশে একের পর এক বড় বড় দুর্নীতিতে ‘স্বচ্ছ মানুষ’ হিসেবে তাঁর নিজের ভাবমূর্তিও চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া ভারতের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে যাঁকে বিবেচনা করা হচ্ছে, সেই রাহুল গান্ধীও গত শুক্রবার আন্নার আদর্শের প্রশংসা করেন। তবে আন্নার পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, এ আন্দোলন দেশের ‘গণতন্ত্রের জীবনীশক্তির’ জন্য একটি হুমকি। এটি পার্লামেন্টের কর্তৃত্বের জন্য হানিকর। এএফপি, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।