এ বৈশাখে রিংকুর ‘জগত্ বন্ধু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজআপ তারকা খ্যাত মশিউর রহমান রিংকুর সর্বশেষ একক অ্যালবাম ‘বিবাগী’ প্রকাশিত হয়েছিল গত বছরের বৈশাখে। এক বছর পর এ বৈশাখে আসছে রিংকুর নতুন একক অ্যালবাম ‘জগত্ বন্ধু’। এটি রিংকুর সপ্তম একক অ্যালবাম। সিলেটের পাঁচ গীতিকবির গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। এরা হলেন শীতলং শাহ, দুরবীন শাহ, ক্বারী আমীরুদ্দীন, ভবা পাগলা ও জালাল উদ্দীন খাঁ।অ্যালবাম প্রসঙ্গে রিংকু বলেন, ‘গত দুই বছর ধরে অ্যালবামটির কাজ করছি। প্রথম দিকে ইচ্ছে ছিল গত বছরের রোজার ঈদে অ্যালবামটি প্রকাশ করার। কিন্তু সে সময় দেশের বাইরের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াতে শেষ পর্যন্ত আর তা করা সম্ভব হয়নি।’সিলেটের পাঁচ গীতিকবিকে নিয়ে অ্যালবাম করা প্রসঙ্গে রিংকু বলেন, ‘গান করার জন্য অসংখ্যবার সিলেট যাওয়া হয়েছে। সিলেট অঞ্চলে এই পাঁচ গীতিকবির গান বেশ জনপ্রিয়। জগত্ বন্ধু অ্যালবামের মাধ্যমে আমি গানগুলোকে শুধু সিলেট নয়, সারা দেশে ছড়িয়ে দিতে চাই। মূলত এই ভাবনা থেকেই সিলেটের গীতিকবিদের নিয়ে আলাদা একটা অ্যালবাম করার কথা চিন্তা করি।’অ্যালবাম ছাড়া রিংকু এবারের পয়লা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী বেশ কয়েকটি কনসার্টেও গান করবেন। তিনি জানান, ‘অন্যান্যবার ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে গান করলেও এবার শুধুমাত্র রাজধানী ঢাকায় গান করার সিদ্ধান্ত নিয়েছি। এবার বৈশাখের সারাটা দিন মোট সাতটি অনুষ্ঠানে গান করব।’ ক্লোজআপ তারকা রিংকুর অ্যালবামগুলো হচ্ছে—বাউল (২০০৬), কানারহাট (২০০৭), গানপাগলা (২০০৮), হাওয়ার গাড়ি (২০০৯), ফকির লালন বলে (২০১০) ও বিবাগী (২০১১)।